০৮:১৬ পি.এম
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন। তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে।
তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে গিয়ে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এখন তার সাত বছর বয়সী মেয়ে অরিন রাইন শর্মার অসাধারণ ভাষাদক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অসিনের স্বামী এবং মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের পড়াশোনা ও ভাষা শেখার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’
তিনি জানান, মাত্র সাত বছর বয়সে অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে সক্ষম। এর মধ্যে কোরিয়ান, জাপানিজ, থাই ও চাইনিজ ভাষাও রয়েছে।
মেয়ের এই অসাধারণ দক্ষতা নিয়ে রসিকতা করে রাহুল বলেন, ‘আমি নিজে তো মোটে দুটো ভাষায় কথা বলতে পারি, আমরা তো কেবল ইংরেজি আর হিন্দিতেই আটকে আছি!’
রাহুল ভাষা শেখা ও পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তির চেয়ে বই এবং পারিবারিক পরিবেশের ভূমিকা তুলে ধরেন। তার মতে, তাদের বাড়িতে টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ছোটবেলা থেকেই মেয়েকে ডিজিটাল ডিভাইসের সংস্পর্শ থেকে দূরে রাখা হয়েছে।
তিনি জানান, তাদের বাড়িতে প্রচুর বই রয়েছে। অরিন বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়লেও বাড়িতে অষ্টম ও নবম শ্রেণির বইও রয়েছে।
আরও পড়ুন: জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিদেশযাত্রা নিষিদ্ধ
এ বিষয়ে রাহুল মজার ছলে বলেন, ‘আমাদের বাড়িতে শুধু বই আর বই। সম্ভবত মেয়ের স্কুলেও এত বই নেই, যত বই আমাদের ঘরে সাজানো আছে।’
মেয়ের পড়াশোনার পরিবেশ তৈরির কৃতিত্বও তিনি স্ত্রী অসিনকে দেন। রাহুলের মতে, সন্তানের শেখার আগ্রহ গড়ে তোলার ক্ষেত্রে অসিনের অবদান অনেক বেশি।
সাক্ষাৎকারে রাহুল স্ত্রী অসিনের সঙ্গে দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন। তিনি জানান, অসিনকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি।
কঠিন সময়ে অসিন যেভাবে তার পাশে ছিলেন এবং সাহস জুগিয়েছেন, সে কথাও উল্লেখ করেন রাহুল। তার কাছে অসিন কেবল জীবনসঙ্গী নন, বরং জীবনের অন্যতম বড় শক্তি। স্ত্রীর বিশ্বাস ও সহযোগিতা তাঁর জীবনকে সহজ করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই
দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল ক্যারিয়ার গড়ার পর বলিউডে পা রাখেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এরপর ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।
২০১৬ সালের জানুয়ারিতে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অসিন। ২০১৭ সালের অক্টোবরে তাদের ঘরে জন্ম নেয় কন্যা অরিন। বিয়ের পর থেকেই অভিনয় ও গ্ল্যামারজগৎ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: যৌবন ধরে রাখতে রেড লাইট থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন