ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ মিলবে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব


দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ মিলবে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

যুক্তরাষ্ট্র ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় মার্কিন প্রতিনিধিরা এই প্রস্তাব উত্থাপন করেছেন।

সম্প্রতি মস্কো ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফর করেন মার্কিন প্রতিনিধিরা, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ। ইউক্রেনের নেতার মন্তব্যের পর এই প্রস্তাব সামনে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্নটি তোলা হয়েছিল—ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এই বিষয়টি উত্থাপন করা হলো।”

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

তিনি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামরিক বাহিনীর সক্ষমতার ওপর বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তা গণভোটে তোলার বিষয়টি বিবেচনা করবেন।

দনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। মস্কো এ অঞ্চল ছেড়ে দেয়ার দাবি জানিয়ে আসছে, কিন্তু ইউক্রেন বরাবরই তাদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেয়ার কথা অস্বীকার করেছে।

যুদ্ধ বন্ধে ন্যাটোর সদস্যপদকে কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখছে। অপরদিকে, নিজেদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশ মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে মস্কো।

গত বৃহস্পতিবার মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে তারা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী

ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে মস্কো। ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে বলছে, এতে ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি আলোচনার টেবিলেই নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পর মনে হয়েছে, ন্যাটোর সদস্যপদের বিষয়টি আবারও আলোচনায় ফিরেছে। যদিও পুতিনের বক্তব্য বিবেচনায় নিয়ে এ আলোচনা অত্যন্ত কঠিন হবে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর বিরুদ্ধে ৭ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই দাবি করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

আলবুদাইউই জানান, গত আট মাসে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে জিসিসির ছয় সদস্য দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লবণমুক্তকরণ কেন্দ্র এবং আবাসিক এলাকা। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরব উপসাগরের পানির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ আমরা উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ কণ্ঠস্বর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।’ তার বক্তব্য অনুযায়ী, এসব হামলা জিসিসির সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। হামলা বন্ধ করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করার জন্য বাহরাইন এ বৈঠকের আয়োজন করেছে। চলতি মাসে নিরাপত্তা পরিষদের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে লাটভিয়া।

আলবুদাইউই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব এখন শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুতর মানবিক সংকটেও রূপ নিয়েছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। বিশেষ করে সার ও অ্যামোনিয়ার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য এসব উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পূর্ববর্তী এক সতর্কবার্তার কথাও উল্লেখ করেন তিনি। গুতেরেস বলেছিলেন, সারের সংকটের কারণে উন্নয়নশীল ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে এবং দুর্ভিক্ষ ও তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে।

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার জন্য তেহরানকে সম্পূর্ণ দায়ী করেন তিনি। তার অভিযোগ, যেসব দেশ যুদ্ধে জড়িত ছিল না, বরং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল, ইরান সেসব দেশকেই লক্ষ্যবস্তু করেছে। এ হামলার পক্ষে ইরানের দেওয়া যুক্তি তিনি প্রত্যাখ্যান করেন।

সূত্র: আরব নিউজ

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ , কালিগঞ্জ, সাতক্ষীরা

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

জাতীয় নির্বাচনের আমেজে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শেখ মনিরুল ইসলাম সভাপতি এবং সাধারণ পদে আমিনুর রহমান মুন্না নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে বেলা ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আমেজে পুরা বাজার এবং উপজেলা এলাকা প্রার্থীদের নানান রঙ্গের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে ওঠে। এ সময় প্রার্থীদের কর্মী, সমর্থকরা নিজ, নিজ প্রার্থীদের পক্ষে নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্রতীক নিয়ে ভোটারদের আকৃষ্ট করার জন্য ছোট ছোট মিছিল স্লোগানে মুখরিত করে তোলে। সকাল থেকেই ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও রাত ৯ টা পর্যন্ত গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমান ও প্রিসাইডিং ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ সরকার ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, নাজিমগঞ্জ ব্যবসায়ী কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ বিভিন্ন প্রার্থী ও প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামেন। বাজার ব্যবসায়ী ও ঘর মালিক মিলে ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের ৯৪.৯৭% ভোটাররা ভোট দিয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জনাব শেখ মনিরুল ইসলাম মনি আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ২৮৩ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুজ্জামান রুমি ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে পরাজিত হন। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে শেখ আহাদুজ্জামান চশমা প্রতীকে ৫৩২ ভোট এবং অপর প্রার্থী আবু তাহের মাছ প্রতীকে ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,। যুগ্ম সম্পাদক পদে নুরুন্নবী তরবারি প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর রবিউল ইসলাম চাকা প্রতীকে ২৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান খান হাতুড়ি প্রতিকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শের আলী আপেল প্রতীকে ৩০২ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধাক্ষ পদে রজব আলী দোয়াত কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল্লাহ কলস প্রতীকে ৪১৪ ভোট পেয়ে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মিলন মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১১ ভোট পেয়ে পরাজিত হন। প্রচার সম্পাদক পদে শেখ লুৎফর রহমান জুয়েল গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাহী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচিতরা হলো তামজীদ হোসেন (হাঁস), নুরুজ্জামান (ঘড়ি) আবুল হোসেন (আম) হাফিজুল ইসলাম ভুট্ট (কাঁঠাল)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে প্রেম, আদালতে বিয়ে; ভারতের কেরালা থেকে স্বামীর বাড়ি ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


দুবাইয়ে প্রেম, আদালতে বিয়ে; ভারতের কেরালা থেকে স্বামীর বাড়ি ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। অবশেষে ভালোবাসার টানে দুবাইয়ের আদালতে বিয়ে। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।

তাঁর স্বামী মাসুদ রানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। ভিনদেশি তরুণীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে একনজর দেখতে প্রতিদিনই রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার উৎসুক মানুষ।

শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ করতে আসেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। সেখানেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে তাঁর স্বামীর বাড়িতে ওঠেন।

অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা—সবকিছুই তাঁদের নিজেদের পছন্দ ও সিদ্ধান্তে এগিয়েছে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও তাঁদের সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে।

স্বামীর পরিবারের সদস্যদের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ অশ্বিনী। শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালো মানুষ উল্লেখ করে তিনি বলেন, রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।

এদিকে মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরাও তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। পুত্রবধূ অশ্বিনীকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা। তিনি আরও জানান, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন পরিবেশ পেরিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতিকে ঘিরে এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। তিনি নির্দেশনা দেন যে, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখতে হবে।

মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে। আজ শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আজ থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষক। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।

মিলারদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

মন্ত্রী প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সঙ্গে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি বলেন, স্বচ্ছ, দক্ষ ও কৃষকবান্ধব আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মানিকগঞ্জকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষক ও মিলারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান।

এ ছাড়া আরও বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।

এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%