মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০:৪৯ পি.এম
চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে টানা ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি গিয়াস তাহেরি।
সংগঠনটির উদ্যোগে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও দুর্গম স্থানে গিয়ে নেতা কর্মিদের সাথে নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন।
ত্রাণ বিতরণকালে মুফতি গিয়াস তাহেরি বলেন,
"মানবতার কাজ নিয়ে সমালোচনা করা সহজ, ঘরে বসে বাজে মন্তব্য করাও সহজ। কিন্তু কয়জন মানুষ বাস্তবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়? রোস্ট না করে মাঠে এসে মানবতার সেবায় অংশ নিন।"
তিনি আরও বলেন,
"যে যার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। সব স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের প্রতি আহ্বান জানাই—মানুষের এই দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।"
তিনি জানান, দাওয়াতে ইমানি বাংলাদেশ-এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে মুফতি গিয়াস তাহেরির এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে আরও ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দেওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টের পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ছবি ভাইরাল হওয়ার পর নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত কক্ষে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে রেখেছেন। তার দুপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে জোড়হাতে বিনতি করছেন। ছবিটি বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফেসবুকে ছবিটি ছড়ানোর পর স্থানীয় বাসিন্দারা যুবকের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন, ছবিটি যদিও কৃত্রিমভাবে বানানো, তবে দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাদের হেয় প্রতিপন্ন করা গুরুতর অপরাধ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপপ্রচার বন্ধে ও যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, "আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বা বানানো (এআই জেনারেটেড) হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ।" তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। আপত্তিকর ছবিটির উৎস এবং পেজের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট যুবকের খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে হঠাৎ বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন মোটর শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ভণ্ডুল হওয়ার পরে সোমবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। এতে করে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের শত শত যাত্রী চরম ভাবে দুর্ভোগে পড়ছেন।
জানা গেছে, শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে মতবিরোধের কারণেই এ কর্মবিরতি ঘটছে। আকস্মিকভাবে নেওয়া এই সিদ্ধান্তের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী বিকল্প পরিবহনের খোঁজে ছোটাছুটি করতে বাধ্য হন।
সংশ্লিষ্ট সূত্রপরিচিত মতে, সোমবার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচনের আয়োজন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
তবে, এই নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এই সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়ে যায়।
বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। ফলে ঢাকা সহ বিভিন্ন দূরপাল্লা ও আন্তঃজেলা গন্তব্যের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
সংসদ ভবনে, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) অনুযায়ী, জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটির গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।
গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য মো. আবুল কালাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন বরিশাল-৩ আসনের বিএনপি দলীয় সদস্য জয়নুল আবেদীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে সড়কে ময়লা ফেলতে গিয়ে এক ব্যক্তি উপজেলা প্রশাসনের হাতে আটক হয়েছেন। পরে তাকে শাস্তি হিসেবে নিজ খরচে সড়কে জমে থাকা ময়লা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কদমতলী গোলচত্বরে নিয়মিত তদারকির সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক আনোয়ার হোসেন (৫৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
ইউএনও জানান, পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সড়কে ময়লা ফেলা প্রতিরোধে অভিযান ও নজরদারি চালানো হচ্ছিল। এ সময় আনোয়ার হোসেনকে রাস্তায় ময়লা ফেলতে দেখে আটক করা হয়।
তিনি বলেন, অভিযুক্তের বয়স বিবেচনায় কারাদণ্ড বা অর্থদণ্ড না দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে নিজ ব্যয়ে সড়কে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এ তদারকি কার্যক্রম চালিয়ে যাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ