ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে পৃথক একটি অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলো সরকার

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণ শুধু ভোটার হিসেবেই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে। এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বল্প সুদে ঋণপ্রাপ্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পৃথক একটি অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

সভায় বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের নার্সিং পেশায় আরো বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার ২০২৬ পাচ্ছেন ১৪ জন: আমিনুল হক

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তাদের কল্যাণ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘থানা পুড়িয়েছি’ বলার অভিযোগ করা বৈষম্যবিরোধী নেতা মাহাদী থানায় আশ্রয় নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


‘থানা পুড়িয়েছি’ বলার অভিযোগ করা বৈষম্যবিরোধী নেতা মাহাদী থানায় আশ্রয় নিলেন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে কেন্দ্র করে ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাসের কারণে ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। জেলা ছাত্রদল এই অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেছে। পুলিশও প্রাথমিক তদন্তে এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি।

বুধবার (১০ জুন) দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে মাহাদী হাসান দাবি করেছেন। নিরাপত্তার স্বার্থে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নেন এবং পরে বাড়িতে ফিরে যান।

জানা যায়, বুধবার দুপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাজে বিআরটিএ কার্যালয়ে গিয়েছিলেন মাহাদী হাসান। সেখান থেকে ইজিবাইকে করে বাসায় ফেরার পথে কিছু ছাত্রদলকর্মী তাকে ধাওয়া করেছেন বলে তিনি অভিযোগ করেন। এই বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভেও আসেন এবং পরে সদর মডেল থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।

মাহাদী হাসানের দাবি, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি রাজনৈতিক স্ট্যাটাসের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রশংসা করেছিলেন। এতে ছাত্রদলের কিছু নেতা কর্মী ক্ষুব্ধ হয়ে তার পিছু নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

এদিকে জেলা ছাত্রদল অভিযোগটি নাকচ করে দিয়েছে। তাদের দাবি, মাহাদী নিজেও ভাইরাল হতে মিথ্যা হামলার অভিযোগ তুলে সাজানো নাটক করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর ধাওয়া বা তাড়ার ঘটনা ঘটেনি। তিনি নিজের প্রচার ও গুরুত্ব বাড়ানোর জন্য এমন দাবি করেছেন।’ তিনি আরও বলেন, ‘যদি সত্যিই ধাওয়ার ঘটনা ঘটে, তবে তার ফেসবুক লাইভেই সেই দৃশ্য দেখা যেত।’

থানা সূত্রে জানা গেছে, মাহাদী হাসান থানায় পৌঁছানোর সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন না। পরবর্তী সময়ে তিনি ডিউটি অফিসারকে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর এক উপপরিদর্শক (এসআই) থানার বাইরে গিয়ে খোঁজ খবর নিলেও কাউকে দেখতে পাননি। মাহাদী প্রায় এক ঘণ্টা থানায় অবস্থান করেন এবং পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কেও বিষয়টি অবহিত করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহাদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। তবে এখন পর্যন্ত অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি আরও তদন্ত করা হবে।

এর আগে পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার এবং পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন ২১ বছর বয়সী মাহাদী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্যসচিব হিসাবে পরিচিত।

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজনৈতিকভাবে পরিচিতি লাভ করেন মাহাদী। সে সময় সংগঠনের হয়ে নিয়মিত বক্তব্য দিয়ে তিনি আলোচনা সৃষ্টি করেন। জুলাইয়ের শেষ দিকে ৫ আগস্ট পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। পরে গণমাধ্যমে বক্তব্য দেওয়া এবং বিভিন্ন অনিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আরো পরিচিতি লাভ করেন।

গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানা এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে ছাত্রলীগ কর্মী হিসেবে আটক করে। এরপর মাহাদী অনুসারীদের নিয়ে থানায় যান এবং নয়নকে আটকের কৈফিয়ত চান পুলিশের কাছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন বানিয়াচংয়ের ‘নাইন মার্ডার’ প্রসঙ্গ টেনে তিনি বলছিলেন, ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।’ এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি ওসিকেও হুমকি দেন এবং নয়নকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা আবারও ইরানে কঠোর হামলা করতে যাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


আমরা আবারও ইরানে কঠোর হামলা করতে যাচ্ছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করবে ওয়াশিংটন।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর হামলা চালাব, এবং খুব কঠোরভাবে হামলা চালাব।”

তিনি ইঙ্গিত দিয়েছেন যে, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়টি নতুন হামলার যৌক্তিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্রাম্প বলেন, “হেলিকপ্টারের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সেই অধিকার রয়েছে বলে আমি মনে করি।”

মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে চলা তেহরানের সঙ্গে আলোচনার ধীরগতির সমালোচনা করে বলেন যে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তির জন্য কয়েক মাস ধরে কাজ করছে তার প্রশাসন।

তিনি বলেন, “আমি কয়েক মাস ধরে ইরানের সঙ্গে কাজ করছি। তাদের এই চুক্তিতে সই করা উচিত। এটি তাদের জন্য একটি ভালো চুক্তি।”

তবে আলোচনায় অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “এটা শুধু টালবাহানা আর টালবাহানা। তারা আসলে কী করছে, আমি জানি না।”

বেসামরিক অবকাঠামোও হতে পারে লক্ষ্যবস্তু। পরে সাংবাদিকরা জানতে চান, সম্ভাব্য হামলার ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র, সেতু কিংবা অন্যান্য বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে কি না।

এ প্রশ্নের সরাসরি নেতিবাচক উত্তর না দিয়ে ট্রাম্প বলেন, ইরান এখনও চুক্তিতে সম্মতি না দেওয়ায় তিনি অত্যন্ত হতাশ।

তিনি বলেন, “তারা শুধু সময় নিচ্ছে, আর বলছে-'ঠিক আছে, তাদের আরও কয়েক দিন সময় দেওয়া যাক।’ তারা সময়ক্ষেপণ করছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ নথি।”

ট্রাম্পের এই মন্তব্যের ফলে সম্ভাব্য মার্কিন হামলার পরিধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কারণ আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক জনগণের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোতে হামলা অত্যন্ত বিতর্কিত এবং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন উত্থাপন করতে পারে।

আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

যদিও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। এক দিকে তিনি চুক্তির কথা বলছেন, অন্য দিকে নতুন সামরিক হামলার হুমকি দিচ্ছেন। ফলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যিই নতুন করে হামলা শুরু করে এবং সেই হামলার লক্ষ্যবস্তু বেসামরিক অবকাঠামো পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়াও আরও কঠোর হতে পারে।

সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন ও আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আর্থিক খাত ব্যবস্থাপনায় রাজনীতি নয়, সুশাসনকে গুরুত্ব দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


‘আর্থিক খাত ব্যবস্থাপনায় রাজনীতি নয়, সুশাসনকে গুরুত্ব দিতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অর্থনীতির ভিত মজবুত ও টেকসই করার অন্যতম প্রধান শর্ত হলো কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক নিয়ন্ত্রক সংস্থাকে সম্পূর্ণ স্বাধীন এবং রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে দেওয়া। একই সঙ্গে জনগণের আস্থা ও সুনাম অর্জনের সক্ষমতাও থাকতে হবে প্রতিষ্ঠানটির।

বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল, কেন্দ্রীয় ব্যাংক রাজনীতি নিরপেক্ষভাবে অর্থনীতির স্বার্থেই পরিচালিত হবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে।’

সাম্প্রতিক ইসলামী ব্যাংককে ঘিরে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকে আর্থিক কোনো অনিয়ম হলে বা সুশাসনের কোনো ঘাটতি থাকলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। কিন্তু সরকার ও বিরোধীদল পুরো তর্কটাকে রাজনীতিকরণ করেছে। জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঘণ্টার পর ঘণ্টা একটি ব্যাংককে কেন্দ্র করে আলাপ-আলোচনা হচ্ছে। একদল ব্যাংকের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করছে, আরেকদল তা সাব্যস্ত করতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এটা অহেতুক একটি বিতর্ক, যা অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে জাতির মনোযোগ সরিয়ে নিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিকখাত ব্যবস্থাপনায় রাজনীতি নয়, বরং সুশাসনকে গুরুত্ব দিতে হবে। ইসলামী ব্যাংককে ব্যাংক হিসেবেই কাজ করতে দিতে হবে, কোনো দলের কর্মী তোষণ বা নির্বাচনী ফান্ড হিসেবে নয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককেও বিষয়টি সুরাহা করতে হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে; কোনো রাজনৈতিক দৃষ্টিতে নয়।’

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘দেশের আর্থিক খাত ভঙ্গুর হয়ে আছে, বৈশ্বিক জটিলতায় জ্বালানি খাত মহাসংকটে নিপতিত, দ্রব্যমূল্য লাগামহীন, বিনিয়োগে স্থবিরতা কাটছে না, কর্মসংস্থানে কোনো আশাবাদ নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুকতার চূড়ান্ত সীমা স্পর্শ করেছে এবং সীমান্তে পুশইনের মতো বহুরাষ্ট্রীয় সমস্যা আমাদের সামনে রয়েছে।’

তিনি বলেন, ‘এমন সময় একটি ব্যাংকের রাজনৈতিক দখল ও প্রতিদখল নিয়ে সংসদে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা জাতি প্রত্যাশা করে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%