সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৩ পি.এম
রায়বাঙ্গাঁলী গ্রামের বিএনপি নেতা মোঃ সুমন মিয়ার বাড়িতে দাওয়াত শেষে জগদল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও দিরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ রায়বাঙ্গাঁলী শাহ পরান (রহ.) বাজারে এসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় নেতাকর্মীদের আলোচনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় নেতাকর্মীরা বলেন, ৭নং জগদল ইউনিয়নে গত ১৭ বছর ধরে যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন এবং কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন—তাদের মধ্য থেকেই একজনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনে দেখতে চান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ ভবন লেকে ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব মাছ অবমুক্ত করেন।
স্পিকার এ সময় মন্তব্য করেন, "দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।" স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, "সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।" তিনি উল্লেখ করেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, "আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে" এবং "মাছে-ভাতে বাঙালি"- এই প্রত্যয় বাস্তবায়নে দেশের আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আদালত দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড শেষে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ক্যান্টনমেন্ট থানার আদালত সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন।
গত ১৫ সেপ্টেম্বর সেই অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসানের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ ডেভিড জিহাদকে পুলিশ আটক করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়ভাবে ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পরে তারা বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনার সঙ্গে জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকিদাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গণমাধ্যমকে ডেভিড জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ