০৬:০৪ পি.এম
কক্সবাজার থেকে চাঁদপুরের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
ওসির নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন এবং এএসআই স্বপন দাশসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে শাহরাস্তিতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের রবিউল হোসেন বাচ্চু (৪৫), যিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এছাড়া টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. মানিক হোসেন (৩৯), যিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মো. মোতাহের হোসেন টিটু (৪৬), যিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় ২০ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন।
তিনি আরও জানান, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামিরা।
আরও পড়ুন: সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ওসি বলেন, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিন আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন