ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে


শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে

 

অর্থ আত্মসাৎ, অপচিকিৎসা ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন অভিযোগকারী ও ভুক্তভোগীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগকারী ও ভুক্তভোগীসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশের প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে তাঁরা জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

আরও পড়ুন: কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে আসছেন। ভুয়া দীক্ষা দেওয়া, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং অপচিকিৎসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও তোলা হয় তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া বিভিন্ন মন্দিরের জায়গা দখলের চেষ্টা, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এর আগে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে তিনি শেরপুর ত্যাগ করেছিলেন। তবে সম্প্রতি সহযোগীদের নিয়ে আবারও এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্মারকলিপি প্রদানকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি প্রবীর চৌধুরীকে শেরপুর থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা।

আরও পড়ুন: সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মানববন্ধনে পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশ এবং প্রায় শতাধিক অভিযোগকারী ও ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

তবে প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক

জনশক্তি রপ্তানি খাতের চলমান সংকট মোকাবেলা ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যে ঐক্যের আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন ‘বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট’।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।

সভায় দেশের সহস্রাধিক রিক্রুটিং এজেন্সির মালিক ও বায়রা সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জনশক্তি রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলো, এজেন্সিগুলোর টিকে থাকার চ্যালেঞ্জ, ভিসা জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স এবং এই রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে পাঠানোর মূল কারিগর হচ্ছেন বায়রার সদস্যরা। সুতরাং, এই খাতকে রক্ষা করতে হলে সকল ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে বায়রাকে শক্তিশালী করতে হবে। এ সময় জোটের পক্ষ থেকে সদস্যদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি ও জোটের সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল গফুর ভূঁইয়া। তিনি বলেন, ‘বায়রা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল সদস্যের সংগঠন। তাই সদস্যদের মতামতের ভিত্তিতেই বায়রাকে এগিয়ে নিতে হবে। চলমান সংকট থেকে উত্তরণে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’

সভা শেষে উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংকট উত্তরণে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

জোটের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজগর লবি এমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ নভেম্বর যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


১৩ নভেম্বর যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরে যাচ্ছেন। এটি এনসিপির আহ্বায়কের প্রথম যুক্তরাজ্য সফর। সফরের অংশ হিসেবে ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সফরের সময় নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।

এহতেশাম হক আরও জানান, সফরের সময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, নাহিদ ইসলামের এই সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরো ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম। ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী: দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


অর্থমন্ত্রী: দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সামনে আসন্ন দিনগুলোতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে।

মন্ত্রী বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন।

চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। তিনি উল্লেখ করেন যে, কাস্টমস এবং সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে। হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে। তিনি জানান, আমরা এমনভাবে প্রকল্পগুলো প্রণয়ন করছি যেন প্রতিটি বিনিয়োগের যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।

আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, আইএমএফের ঋণ বা সহায়তা একটি সুসংহত অর্থনৈতিক প্রোগ্রামের অংশ। তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখা হচ্ছে। আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে দেশের রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে এবং দিনশেষে দেশের জনগণ এর সুফল পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকার বিবেচনা করছে।

আজ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম এ হান্নানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৯৯ জন মুক্তিযোদ্ধাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে।

তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও জানান, ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নাসিরনগরে ১৩ জন মুক্তিযোদ্ধা অথবা তাঁদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি প্রণীত হলে আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আবাসন সুবিধা পাবেন।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ ব্যয়সংক্রান্ত নীতিমালা, ২০২৫’-এর আওতায় সরকার নিয়মিতভাবে দেশের সব সরকারি হাসপাতাল এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দিচ্ছে। এসব বিশেষায়িত হাসপাতালের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালও অন্তর্ভুক্ত রয়েছে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান।

এ ছাড়া বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীরাও চিকিৎসা সহায়তার আওতায় রয়েছেন। তারা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা পান।

বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় তাদের বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%