০৫:২৫ পি.এম
বাংলাদেশের ফুটবলে সাধারণত অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার নামই উঠে আসে। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে অধিনায়কত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামীকাল (৫ নভেম্বর) ভুটানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। এই তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বুধবার (৪ নভেম্বর) কোচ থমাস ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু। সেখানে তাকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি। তবে পুরো টুর্নামেন্টে তপু অধিনায়ক থাকবেন কিনা, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি কোচ।
ডুলি বলেন, ‘আমাদের দলে তিন জন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’ অধিনায়কত্ব নিয়ে বেশি আলোচনা প্রয়োজন নেই উল্লেখ করে ডুলি আরও বলেন, ‘এক ম্যাচে একজন, আরেক ম্যাচে আরেকজন হতে পারে। আমাদের দলে একাধিক অধিনায়ক রয়েছেন।’
আরও পড়ুন: আফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ, ১১৩ রানে হার
২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে পেরে উচ্ছ্বসিত তপু। তার আশা, ‘এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।’
ভুটান ম্যাচে হামজা চৌধুরীকে না পেলেও ভালো শুরুর প্রত্যাশা তপুর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন