ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক


ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী এফডব্লিউসিএমএস-এ তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যাশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, "আগামী ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ মাসে বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম দুই-তিনটি ফ্লাইট চালুর মাধ্যমে এ কার্যক্রম শুরু করতে চান তারা।" তিনি আরও জানান, অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম চলতে থাকবে।

আরও পড়ুন: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

আরিফুল হক চৌধুরী বলেন, নতুন ব্যবস্থায় কর্মীদের বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় কর্মীদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করা হবে না। বিদেশি নিয়োগকর্তা বা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মী পাঠানোর ব্যয় বহন করবে। বাংলাদেশে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কিছু সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে, যা কর্মী পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করবে।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির মধ্যে ব্যবসা সীমাবদ্ধ রাখতে চান না। তিনি জানান, দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে ব্যবসার সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। নতুন সমঝোতা স্মারক (এমওইউ) হওয়ার প্রত্যাশা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রয়েছে।

তিনি বলেন, "মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি নিয়োগকর্তার চাহিদাপত্র অনলাইনে দাখিল করতে হবে।" সংশ্লিষ্ট দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সত্যায়নও থাকতে হবে। নিয়োগকর্তার কাছ থেকে কর্মীদের চাকরির নিশ্চয়তা নিয়ে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে মন্ত্রণালয়ে অঙ্গীকারনামা দিতে হবে।

মন্ত্রী আরও জানান, কর্মীদের বিদেশে পাঠানোর পর তাদের সমস্যা সমাধানে সহায়তা দিতে সংশ্লিষ্ট দেশগুলোতে আলাদা সেল গঠনের পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে কর্মীরা যাতে প্রয়োজনীয় সেবা পান এবং হয়রানির শিকার না হন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

মেডিকেল পরীক্ষার ফি প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কোনো অর্থ নেওয়া যাবে না। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, "এ ব্যবসাকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অবস্থানে নিতে হবে।" তিনি সতর্ক করেন, কয়েকজনের অনিয়মের কারণে পুরো খাত যেন বিতর্কিত না হয়। ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি দেশের মানুষের কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার বিষয়ে কর্মীদের সচেতন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশের কর্মীদের ভিসা ও কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ, ১১৩ রানে হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


আফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ, ১১৩ রানে হার

বাংলাদেশকে ২৩২ রানের লক্ষ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছে। এই ছোট লক্ষ্যও লাল সবুজের যুবাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ১১৩ রানের বিশাল জয় অর্জন করেছে।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের ইনিংস ১১৮ রানে শেষ হয়েছে, যা প্রায় অর্ধেক ওভার বাকি থাকতে ঘটে। ফলে, বাংলাদেশ টানা তিন ওয়ানডেতে আফগান যুবাদের কাছে পরাজিত হলো।

ওমানের আল আমেরাতে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজনের মধ্যে মাত্র জারিফ সিয়াম দুই অঙ্কের রান করতে সক্ষম হন। ওপেনার সিয়াম ৫৮ বল মোকাবেলা করে ৪১ রান করেন এবং দলের হাল ধরে রাখেন। তিনি দলীয় ৯৮ রানে আউট হন।

ব্যাটিং অর্ডারের শেষের দিকে দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন রবিউল হাসান অনিক, যিনি ৩৩ রান করেন এবং রুবায় ইসলাম রিজন ২৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে নূর আলী, আমির হামজা এবং সামি মুবারেজ ৩টি করে উইকেট লাভ করেন।

আফগানিস্তান ২৩১ রান করে, যেখানে শাহ ফয়সাল ও তারি সারওয়ারির ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফয়সাল ৯৭ বলের মোকাবেলায় ৮৩ রান করেন এবং সারওয়ারি ৪৩ বলে ৩৭ রান করেন। বাংলাদেশের পক্ষে তাফিউল আলম তামিম ৪ উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ১১ নভেম্বর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ঢাবিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ১১ নভেম্বর শুরু

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করার শেষ সময় ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

এছাড়া, ভর্তি পরীক্ষায় চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট বাদে অন্যান্য ইউনিটগুলোতে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২৮ মার্চ ২০২৭ থেকে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান তুহিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি পদে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন সদস্যরা। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়। এ পদে একটি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের সংখ্যা ছিল ১৭টি।

সহ-সভাপতি পদে তাজমিনুর রহমান তুহিন ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তামিম আহমেদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মিলন।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে তিনজন সদস্য ভোট দিতে পারেননি। তারা ভোট দিতে পারলে বিজয়ী প্রার্থীরা, বিশেষ করে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্ছু মিয়া আরও তিন-চার ভোট বেশি পেতেন বলে তিনি মনে করেন। এরপরও পুরো প্যানেল বিজয়ী হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

পৌরসভার সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতৃত্বের কাছে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী উপজেলার কানিপাড়া এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম রাজু (৫০), কাজীপাড়া এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. ফজলে মিয়া (৪৮) এবং বালাশীপাড়া এলাকার মো. সিরাজুল হকের ছেলে মো. রাসেল মিয়া (৩৫)।

রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাদক নির্মূল, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় এফআইআর নং-০৬, তারিখ ৪ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০৩ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রংপুর রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%