০২:৪৩ এম
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নতুন কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে। রামপুর ইউনিয়নের ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে সুন্দলপুর সাউথ-১-এর কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। কূপের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ড্রিলিং স্ট্রিম টেস্ট (ডিএসটি) পরীক্ষার পর গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, কিছু পরীক্ষার পর কূপটিতে মোট গ্যাসের মজুত সম্পর্কে জানা যাবে। গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা সম্ভব হবে।
আরও পড়ুন: শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
বাপেক্স সূত্রে জানা যায়, বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩,২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরো নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।
বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
এদিকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়ার খবরের পর বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: স্কুলের দুধ চুরির অভিযোগ, উদ্ধার দুই কার্টন
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে বাপেক্স। এজন্য তিনি নোয়াখালীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন