ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জীবনে সুখী হতে ৪টি বিষয় জরুরি: মহানবী (সা.)-এর দিকনির্দেশনা


জীবনে সুখী হতে ৪টি বিষয় জরুরি: মহানবী (সা.)-এর দিকনির্দেশনা

মানুষের জীবনে সুখী হওয়ার আকাঙ্ক্ষা চিরন্তন। প্রত্যেকেই চায় একটি সুন্দর পরিবার, শান্তিময় আবাসস্থল, ভালো প্রতিবেশী এবং স্বাচ্ছন্দ্যময় জীবন। তবে অনেকের ধারণা, প্রচুর অর্থ-সম্পদ, বিলাসবহুল বাড়ি কিংবা উচ্চ পদমর্যাদা অর্জন করলেই জীবনে প্রকৃত সুখ আসবে। কিন্তু বাস্তবতা হলো, এসবের সবকিছু থাকার পরও অনেকের জীবন অশান্তিতে ভরে থাকে। আবার সীমিত সামর্থ্যের মধ্যেও কেউ কেউ পরম প্রশান্তিতে জীবন কাটান।

মানুষের জীবনে প্রকৃত সুখ ও দুর্ভাগ্যের কিছু বাস্তব কারণ তুলে ধরেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি একটি হাদিসে পুরুষের সৌভাগ্যের চারটি উপাদান এবং দুর্ভাগ্যের চারটি কারণ উল্লেখ করেছেন। সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

أَرْبَعٌ مِنَ السَّعَادَةِ: الْمَرْأَةُ الصَّالِحَةُ، وَالْمَسْكَنُ الْوَاسِعُ، وَالْجَارُ الصَّالحُ، وَالْمَرْكَبُ الْهَنِيءُ، وَأَرْبَعٌ مِنَ الشَّقَاوَةِ: الْجَارُ السُّوءُ، وَالْمَرْأَةُ السُّوءُ، وَالْمَسْكَنُ الضَّيِّقُ، وَالْمَرْكَبُ السُّوءُ

আরও পড়ুন: মদিনায় ২৫০ অত্যাধুনিক ছাতার নিচে ছায়া পাবেন দুই লাখের বেশি মুসল্লি

অর্থ : ‘চারটি বিষয় সৌভাগ্যের অন্তর্ভুক্ত—সৎ স্ত্রী, প্রশস্ত আবাসস্থল, সৎ প্রতিবেশী এবং আরামদায়ক বাহন। আর চারটি বিষয় দুর্ভাগ্যের অন্তর্ভুক্ত—অসৎ প্রতিবেশী, অসৎ স্ত্রী, সংকীর্ণ আবাসস্থল এবং খারাপ বাহন।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪০৩২; শুআবুল ঈমান, বায়হাকি, হাদিস: ৯৫৫৬)

শিক্ষা ও বিধান

১. সৎ জীবনসঙ্গী : সুখী দাম্পত্যের শ্রেষ্ঠ সম্পদ

মানুষের জীবনে সুখ-শান্তির অন্যতম বড় উৎস হলো একজন উত্তম জীবনসঙ্গী। যে স্ত্রী স্বামীর প্রতি আন্তরিক, দ্বিনদার, বিশ্বস্ত, দায়িত্বশীল এবং সংসারের প্রতি যত্নশীল, তিনি স্বামীর জীবনে প্রশান্তির অন্যতম কারণ হয়ে ওঠেন। তাঁর ভালোবাসা, সহযোগিতা ও সুন্দর আচরণে সংসার হয়ে ওঠে শান্তিময়। বিপদের সময় তিনি সাহস জোগান, দুঃসময়ে পাশে থাকেন এবং স্বামীকে আল্লাহর আনুগত্যের পথে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন,

আরও পড়ুন: মানুষ চাইলেই নবী হতে পারে না: আল্লাহর বিশেষ দান নবুয়ত

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً

অর্থ : ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা : রুম, আয়াত : ২১)।

একজন সৎ স্ত্রী শুধু সংসারের দায়িত্ব পালন করেন না; বরং তিনি স্বামীর দ্বিন ও আখিরাতের কল্যাণেও সহযোগিতা করেন। তাঁর উপস্থিতি স্বামীর জন্য মানসিক প্রশান্তি ও আল্লাহর আনুগত্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুনিয়া হলো ভোগের সামগ্রী। আর দুনিয়ার সর্বোত্তম ভোগের সামগ্রী হলো নেককার স্ত্রী।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৭)।

২. প্রশস্ত ও শান্তিময় আবাসস্থল : প্রশান্তির নিরাপদ ঠিকানা

আরও পড়ুন: ইলহান ওমরের অভিনন্দন, ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহতে পরিণত করেছেন আল-সাইয়েদ

মানুষের জীবনে বাসস্থানের গুরুত্ব অপরিসীম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষ ফিরে যেতে চায় এমন একটি জায়গায়, যেখানে থাকবে নিরাপত্তা, স্বস্তি ও প্রশান্তি। একটি প্রশস্ত, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী ঘর মানুষের জীবনকে অনেকটাই সহজ করে দেয়। সেখানে পরিবারের সদস্যরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, ইবাদত করতে পারেন এবং সুন্দরভাবে সময় কাটাতে পারেন।

হাদিসে প্রশস্ত বাড়িকে সৌভাগ্যের অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে, শুধু বড় বাড়ি হলেই মানুষ সুখী হবে; বরং এমন আবাসস্থল সৌভাগ্যের কারণ, যেখানে পরিবারের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জায়গা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন,

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا

অর্থ : ‘আর আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য শান্তি ও আবাসস্থল বানিয়েছেন।’ (সুরা : নাহল, আয়াত : ৮০)।

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬

অতএব, ঘর শুধু ইট-পাথরের তৈরি কোনো স্থাপনা নয়; বরং এটি মানুষের প্রশান্তি, ভালোবাসা ও নিরাপত্তার আশ্রয়স্থল। যে ঘরে দ্বিনি পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে, ছোট হলেও সেই ঘর অনেক বড় নিয়ামত।

৩. সৎ প্রতিবেশী : সামাজিক জীবনের অমূল্য নিয়ামত

মানুষ সামাজিক জীব। পরিবার ও আত্মীয়স্বজনের বাইরে প্রতিবেশীর সঙ্গেই মানুষের প্রতিদিনের জীবনযাপনের সবচেয়ে বেশি সম্পর্ক তৈরি হয়। একজন ভালো প্রতিবেশী বিপদে পাশে দাঁড়ান, অসুস্থতায় খোঁজখবর নেন, সুখে-দুঃখে সহযোগিতা করেন এবং নিজের আচরণে অন্যের জন্য নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করেন।

অন্যদিকে অসৎ প্রতিবেশী মানুষের জীবনে অশান্তির বড় কারণ হয়ে দাঁড়াতে পারেন। তাঁর ঝগড়াটে আচরণ, অন্যের অধিকার নষ্ট করা, পরচর্চা কিংবা অহেতুক বিরক্তি পুরো পরিবারকে মানসিক অশান্তিতে ফেলতে পারে। আল্লাহ তাআলা বলেন,

আরও পড়ুন: দরুদ শরিফ পাঠের সময় ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ

অর্থ : ‘নিকট প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ

আরও পড়ুন: খাঁটি তওবার সঠিক নিয়ম ও ক্ষমা লাভের দোয়া

অর্থ : ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০১৮)।

সুতরাং একজন ভালো প্রতিবেশী পাওয়া যেমন সৌভাগ্যের বিষয়, তেমনি নিজেও একজন ভালো প্রতিবেশী হওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব। প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা, তার বিপদে সহযোগিতা করা এবং নিজের দ্বারা তাকে কোনো ধরনের কষ্ট না দেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।

৪. আরামদায়ক বাহন : জীবনযাত্রাকে সহজ করার নিয়ামত

যাতায়াতের সুবিধা মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেয়। কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, পরিবারের প্রয়োজন মেটানো কিংবা জরুরি সময়ে হাসপাতালে পৌঁছানো—প্রতিটি ক্ষেত্রেই উপযুক্ত বাহনের গুরুত্ব রয়েছে। হাদিসে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় বাহনকে সৌভাগ্যের অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাচীন আরব সমাজে বাহন বলতে মূলত উট, ঘোড়া কিংবা অন্যান্য সওয়ারিকে বোঝানো হতো। বর্তমান সময়ে এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ প্রয়োজনীয় যাতায়াতের মাধ্যমও অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখানে বাহনের দাম বা বিলাসিতা মুখ্য নয়; বরং তা যেন মানুষের প্রয়োজন পূরণ করে, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয় এবং অযথা ভোগান্তির কারণ না হয়, সেটিই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন,

وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَىٰ بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنْفُسِ

অর্থ : ‘তোমরা এমন সব বোঝা বহন করো, যা তোমরা প্রাণান্তকর কষ্ট ছাড়া অন্য কোথাও পৌঁছাতে সক্ষম হতে না।’ (সুরা : নাহল, আয়াত : ৭)

এ আয়াত আল্লাহর দেওয়া বাহন ও পরিবহন-সুবিধার নিয়ামতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ও উপযোগী বাহন পাওয়া আল্লাহর একটি নিয়ামত। এর জন্য তাঁর শুকরিয়া আদায় করা উচিত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী, সুন্দর ও প্রশান্তিময় জীবন দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরের তিন সেতুর কাজ নানা জটিলতায় থমকে আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ এম


শিবচরের তিন সেতুর কাজ নানা জটিলতায় থমকে আছে

মাদারীপুরের শিবচর উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। কুতুবপুর বাজার, চান্দেরচর ও কলাতলা-নিলখী সেতুর কাজ মাঝপথে বন্ধ থাকায় আশপাশের বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার ব্যাপারে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুগুলোর নির্মাণের মেয়াদ পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। কোথাও নদীর মধ্যে শুধু পিলার দাঁড়িয়ে আছে, আবার কোথাও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে স্থানীয় জমির মালিকেরা নির্মাণকাজে বাধা দিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি না করেই নির্মাণকাজ শুরু করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। মূলত সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবই এই সংকটকে দীর্ঘায়িত করছে।

শিবচরের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর একটি কুতুবপুর সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, প্রায় ২৯ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের অক্টোবরে ৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২৫ সালের অক্টোবরে কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক অনিশ্চয়তার কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয়দের বিকল্প ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

অন্যদিকে চান্দেরচর এলাকায় প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ আরেকটি সেতুর কাজ ২০২৩ সালের নভেম্বরে শুরু হয়। ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। জমির ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলমান থাকায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। উমেদপুর, ভদ্রাসন, কুতুবপুর ও কাঁঠালবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় ভ্যানচালক কামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে বিকল্প রাস্তায় পানি উঠে যাওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। জমির মালিক আলমগীর মৃধা বলেন, ‘আমরা চাই সেতু হোক, কিন্তু তার আগে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হোক।’

একইভাবে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন কলাতলা-নিলখী সেতুটিও ভূমি জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে। এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমিসংক্রান্ত বিরোধে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এর অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ। সেতুটি নির্মিত হলে শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসত।

ভুক্তভোগী আফজাল শিকদার জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কৃষিজীবী মানুষ তাদের জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এলজিইডি জানিয়েছে, জমি অধিগ্রহণের প্রস্তাব ও কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই নির্মাণকাজ শুরু করায় জমির শ্রেণি, মূল্য নির্ধারণ ও মালিকানাসংক্রান্ত এই জটিলতা তৈরি হয়েছে।

শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা বলেন, ‘ভূমি জটিলতার কারণে তিনটি সেতুর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘জমির প্রকৃতি ও নদীর সীমানা নিয়ে কিছু জটিলতা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ক্ষেত্রে স্বাভাবিক গতিতে কাজ চালানো কঠিন।’

এদিকে স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারি ব্যবস্থাপনায় তৈরি হওয়া অনিশ্চয়তাও প্রকল্পের অগ্রগতিতে কিছুটা প্রভাব ফেলেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত এই প্রশাসনিক জটিলতা নিরসন করে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং সেতুগুলোর নির্মাণকাজ শেষ করে নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইজুলকে নিয়েই মাঠে বাংলাদেশ, টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


তাইজুলকে নিয়েই মাঠে বাংলাদেশ, টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে বাদ পড়ার আশঙ্কা ছিল তাইজুল ইসলামের, যিনি অফফর্মে রয়েছেন। তবে, বাংলাদেশ শেষ পর্যন্ত অভিজ্ঞ এই স্পিনারকে নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাসকিন আহমেদও অন্তর্ভুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিস্তারিত আসছে....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়া জলদস্যু দমনের উদ্দেশ্যে সোমালিয়ার উপকূলে পরিচালিত অভিযানের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে, যা হরমুজ প্রণালির নিকটবর্তী সমুদ্রসীমায় কার্যক্রম চালানোর দিকে মনোনিবেশ করবে।

বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, দেশটির কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করেছেন।

একটি বিবৃতিতে কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার চেওংহে ইউনিটের মোতায়েনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবটি সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে উত্থাপন করা হবে। চলতি বছরের শেষের দিকে এ ইউনিটের মোতায়েনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

ইয়োনহাপ জানাচ্ছে, যদি প্রস্তাবটি অনুমোদিত হয়, তাহলে চেওংহে ইউনিটের অভিযান পরিচালনার এলাকা এডেন উপসাগর থেকে আরব সাগরে ওমানের দক্ষিণের সমুদ্রসীমা পর্যন্ত বিস্তৃত হবে। ফলে ইউনিটটির কার্যক্রম পরিচালনার পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯৩০ কিলোমিটার হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সচল রাখতে দক্ষিণ কোরিয়ার ভূমিকা নিয়ে আলোচনা চলছিল। বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তটি সেই আলোচনার ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দিতে ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সিউল কার্যত তা প্রত্যাখ্যান করেছে। তবে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় নিজেদের ভূমিকা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জীব ও ভূবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস (ভলিউম ২, ডিসেম্বর ২০২৪)’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা। অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে গবেষণা কার্যক্রমের বৃদ্ধি প্রয়োজন এবং নিয়মিত জার্নাল প্রকাশনা নিশ্চিত করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, অভ্যন্তরীণ প্রকাশনা ছাড়াও আন্তর্জাতিক মান বজায় রেখে গুণগত গবেষণা ও সম্মেলন আয়োজনের মাধ্যমে গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে। তিস্তা অববাহিকার জীবিকা ও পরিবেশগত বৈচিত্র্য নিয়ে গবেষণার বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধান অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%