শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:১২ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের রাজধানী নয়াদিল্লি হঠাৎ করেই প্রবল বর্ষণের কবলে পড়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রপাতও হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী কয়েকদিনে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে দিল্লি জুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জন্মাষ্টমীর উৎসবে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ করে এই বাঁধভাঙা বৃষ্টির মুখোমুখি হন। বৃষ্টির তীব্রতা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটের মধ্যে একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি দু-এক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আইএমডি আরও জানায়, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বিজলি চমকানোর সম্ভাবনা রয়েছে।
পরবর্তী তিন ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দপ্তরটি জানিয়েছে, অধিকাংশ এলাকায় মাঝারি বর্ষণ ছাড়াও দু-এক জায়গায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সেইসাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ সাময়িকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সকাল পৌনে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জমিতে চলে যায়। দুর্ঘটনার ফলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী নিজেও পায়ে আঘাত পেয়েছেন।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল পৌনে ৯টার দিকে তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের কাছে পৌঁছালে ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নিচু জমিতে চলে যায়।
প্রতিমন্ত্রীর গানম্যান মুক্তারুল জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী, চালক এবং তিনি নিজে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই অন্য একটি গাড়িতে করে তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালের অর্থোপেডিক্স ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধার ভাতিজা মো. জাকির জানিয়েছেন, তার চাচি সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। বয়স্ক হওয়ায় রাস্তা পার হওয়ার সময় তিনি হয়তো মন্ত্রীর গাড়িবহর খেয়াল করেননি। তখনই গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে।
নিহতের আরেক ভাতিজা মোহাম্মদ ইমরান আলী নয়ন জানিয়েছেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে তিনি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিমন্ত্রী এবং সদর থানার ওসি তাদের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সরাসরি পড়তে শুরু করেছে। ডিজেলের গড় দাম যুক্তরাষ্ট্রে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে চাপ বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রে ট্রাক, ট্রেন, নৌযান ও বাসসহ কৃষি ও নির্মাণকাজে ব্যবহৃত নানা ধরনের যানবাহনে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে জ্বালানির দাম বাড়ানোর ফলে শুধু চালকরা নয়, পণ্য পরিবহনসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতও এর প্রভাবের মুখে পড়তে পারে। এ বিষয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলার। গত বছরের একই সময়ে এই দাম ছিল ৩ দশমিক ৭১ ডলার। এমনকি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর ডিজেলের যে সর্বোচ্চ দাম রেকর্ড করা হয়েছিল, বর্তমানে সেটিকেও ছাড়িয়ে গেছে।
ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এই বৃদ্ধির পেছনে বিশ্ববাজারে পাইকারি তেলের মূল্যবৃদ্ধিকে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাড়তি জ্বালানির মূল্যের চাপ কমানোর উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সব আমেরিকানের জন্য ‘গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর’ প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে ভেনেজুয়েলার সঙ্গে একটি তেল চুক্তির কথাও তিনি জানিয়েছেন।
এর আগে জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী ডেলটা ফোরস ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে আটক করে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনে পরিচালিত এক অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
শনিবার ঘোষিত সর্বশেষ চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রমাণিতভাবে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের সম্ভাবনা থাকা ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাষ্য অনুযায়ী, এসব প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার একটি অভিজ্ঞ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ ধরে রাখবে।
তবে চুক্তিটি নিয়ে সংশয়ও দেখা দিয়েছে। কয়েকজন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলার তেল খাতে দীর্ঘদিনের বিনিয়োগ বাধাগুলো নতুন এই চুক্তির মাধ্যমে কতটা দূর করা সম্ভব হবে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালীর সংকটও সামনে এসেছে। গাড়ির জ্বালানির অন্যতম প্রধান উপাদান অপরিশোধিত তেল। ইরানের বিরুদ্ধে যুদ্ধের জবাবে কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের দক্ষিণে অবস্থিত এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হয়ে থাকে। ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে খুচরা জ্বালানির দামেও।
দ্রুত জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে মার্কিন ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে তেলের দাম বাড়তে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে।
রয়টার্সের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি অনুমোদনের হার কমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে সমর্থন করছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক।
তবে যুক্তরাষ্ট্রের সব অঞ্চলে জ্বালানির দাম একই হারে বাড়েনি। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, করের পার্থক্য এবং দেশটির তেল উৎপাদন কেন্দ্রগুলো থেকে দূরত্বের কারণে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ডিজেলের দাম তুলনামূলক বেশি।
এর মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রতি গ্যালন ডিজেলের গড় মূল্য ৬ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। এক বছর আগে একই পরিমাণ ডিজেলের দাম ছিল ৫ দশমিক ৩ ডলার।
ডিজেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামও ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৪ দশমিক ১৫ ডলার, যা এক বছর আগে ছিল ৩ দশমিক ২০ ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে এবং সংসদ সদস্য নমাল রাজাপাকসে গ্রেফতার করা হয়েছে। এয়ারবাস বিমান কেনার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেফতার হওয়ার পর কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসাঙ্গা এস. বোদারাগামার আদালতে হাজির করেন দেশটির দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি)।
আদালতে তদন্তকারী কমিশনের (সিআইএবিওসি) পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল জানাকা বান্দারা বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি সংসদ সদস্য নমাল রাজাপাকসের আইনজীবীদের বক্তব্যও শোনা হয়। শুনানি শেষে বিচারক নমাল রাজাপাকসে ১৮ তারিখ পর্যন্ত রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
২০১৩ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ছয়টি এয়ারবাস এ৩৩০ এবং আটটি এ৩৫০ বিমান সংগ্রহের ঘটনায় ২০ লাখ (২ মিলিয়ন) মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাপিলা চন্দ্রসেনা এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা নিয়োমালি বিজেনায়কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
তদন্তের অংশ হিসেবে কাপিলা চন্দ্রসেনাকে চলতি বছরের ১২ মার্চ গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে থাকা অবস্থায় ৮ মে কাপিলা চন্দ্রসেনার রহস্যজনক মৃত্যু ঘটে। পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যার ঘটনা।
এদিকে এয়ারবাস চুক্তি সংক্রান্ত ঘটনায় ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে চলমান মামলায় দ্বিতীয় ও তৃতীয় সন্দেহভাজন হিসেবে যথাক্রমে কাপিলা চন্দ্রসেনার স্ত্রী প্রিয়াঙ্কা নিয়োমালি বিজেনায়কের এবং শামিন্দ্র রাজাপাসককে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে।
অন্যদিকে, তদন্তে সহায়তা করার জন্য আগস্টের প্রথম সপ্তাহে ফ্রান্সের এয়ারবাসের মূল কোম্পানির একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কা সফর করে। পরে তারা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশনের কাছে তাদের বক্তব্য প্রদান করে।
এয়ারবাস বিমান কেনার ঘটনায় অনৈতিক সুবিধা বা ‘কিকব্যাক’ গ্রহণের অভিযোগের বিষয়ে সিআইএবিওসি মে মাসে সাবেক প্রেসিডেন্টকেও জিজ্ঞাসাবাদ করেছিল।
সূত্র: এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ