ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ দিল স্প্যানিশ রাজপরিবার


মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ দিল স্প্যানিশ রাজপরিবার

ফুটবল মাঠে লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। বার্সেলোনার জার্সিতে একের পর এক ইতিহাস গড়ার পাশাপাশি, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এবার মাঠের বাইরের অবদানসহ তার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পেলেন মেসি। স্পেনের রাজপরিবারের উপস্থিতিতে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এই সম্মাননায় গর্বিত তার সাবেক ক্লাব বার্সেলোনা জানিয়েছে, মেসির সঙ্গে তাদের বন্ধন অবিচ্ছেদ্য।

গতকাল স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর। রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩৯ বছর বয়সি মেসি এই স্বীকৃতি পেলেন অসাধারণ ফুটবল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার দাতব্য কাজের জন্য।

এই পুরস্কারটি মেসির জন্য বিশেষ একটি মুহূর্ত। ঐতিহাসিকও বলা যায়। এর আগে কোনো ফুটবলার এই পুরস্কার জিততে পারেননি। ক্রীড়া বিভাগে ব্যক্তিগতভাবে সম্মাননা পাওয়া প্রথম ফুটবলার হিসেবে মেসি এই পুরস্কার অর্জন করলেন। পুরস্কার ঘোষণার সময় বিচারকমণ্ডলী তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, বিনয়, দলীয় ফুটবলের প্রতি অঙ্গীকার এবং মাঠের বাইরের মানবিক উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

মেসির এই অর্জন তার সাবেক ক্লাব বার্সেলোনাকেও ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা। ক্লাবটি বলেছে, তার অসাধারণ প্রতিভা মাঠে ও মাঠের বাইরে স্থায়ী ছাপ রেখে গেছে। খেলাধুলার প্রতি নিষ্ঠা ও সংহতির কারণে তিনি বিশ্ব ফুটবলে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

বার্সেলোনার বার্তায় আরো উঠে এসেছে তাদের দীর্ঘ সম্পর্কের কথা। ক্লাবটির ভাষ্য, সাফল্যে ভরা মেসির ক্যারিয়ারে বার্সেলোনা ছিল তার জীবন ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই ঘনিষ্ঠ বন্ধন ক্লাবের ঐতিহ্যের অংশ হয়ে থাকবে, আর মেসির সঙ্গে সম্পর্ক তাদের কাছে সব সময়ই গর্বের।

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক অত্যন্ত গভীর। এই ক্লাবই তাকে চিনিয়েছে মেসি হিসেবে। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত মূল দলের হয়ে খেলেছেন ১৭টি মৌসুম। ক্লাবটির হয়ে ৭৭৮টি আনুষ্ঠানিক ম্যাচে করেছেন ৬৭২ গোল, জিতেছেন ৩৫টি শিরোপা—যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগা।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে এখন ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। তবে ক্লাব বদলালেও কাতালানদের সঙ্গে তার আবেগের সম্পর্ক মুছে যায়নি। স্পেনে ফিরে পুরস্কার গ্রহণের আগে মেসিও বলেছিলেন, বার্সেলোনা ও শহরটির প্রতি তার ভালোবাসা সব সময়ই বিশেষ থাকবে। নতুন এই সম্মাননা তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বার্সেলোনার ইতিহাসে তার অমলিন অধ্যায়েরও আরেকটি স্বীকৃতি।

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ এম


বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল

মোহাম্মদ আশরাফুলের ওপর দিয়ে ঝড়টি বয়ে গেছে। বিদেশের মাটিতে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটিং বারবার ভেঙে পড়েছে। আবুধাবির ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচের কোনোটিতেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি দল। গুটিয়ে গেছে ১৭২ ও ১৬০ রানে। বড় ব্যবধানে হার এসেছে, তাও আবার জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের কাছে। শনিবার, সেই ব্যর্থতার দায় চুকিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল।

শনিবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে নিয়োগ পাওয়া আশরাফুলকে এই সময়ে দলের সঙ্গে কাজ করার জন্য বোর্ড কৃতজ্ঞতা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, তাঁকে বোর্ডের অন্য একটি দায়িত্বে রাখা হবে, তবে সেটি কী হবে, তা এখনো ঠিক হয়নি।

মিরপুরে শনিবার দুপুরে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শেষ করার পরেই আশরাফুলকে সিদ্ধান্তটি জানানো হয়। বিদায়ের খবর শুনে আশরাফুল খুব অবাক হননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেছেন, ‘এখন আমি আর জাতীয় দলের সঙ্গে নেই, অপেক্ষায় আছি পরের দায়িত্বের।’

শনিবার দলের সঙ্গে অনুশীলনে আশরাফুল বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন। আপাতত আশরাফুলের জায়গায় ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই ব্যাটিং বিভাগ সামলাবেন। বিসিবি ব্যাটিং কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কয়েকজন ব্যাটিং কোচের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের পেছনের এক বছর সময়টা খুব খারাপ কাটেনি, বিশেষ করে টেস্টে। তাঁর সময়ে আট টেস্টের পাঁচটিতে বাংলাদেশ জিতেছে। ড্র হয়েছে একটি, হার হয়েছে দুটি। জয়ের হার প্রায় ৬৩ শতাংশ। সাদা বলেও এসেছে বড় কিছু মুহূর্ত। মার্চে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে দল। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ওয়ানডে সিরিজ, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

সবচেয়ে বড় গল্পটি ডারউইনের। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে সেই দলই টেস্টের প্রথম ইনিংসে তুলেছে ৪২৬ রান। তানজিদ হাসান করেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, ১০১ রান। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এটি প্রথম শতক। শান্ত করেছেন ৮৪, মিরাজ ৬৫। ২২৮ রানের লিড নিয়ে নয় উইকেটের জয়, শেষ পর্যন্ত সিরিজ ১-১ ড্র হয়েছে।

তবে আশরাফুলের বিদায়ের কারণ লুকিয়ে আছে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটের ফলাফলে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৩.৪ ওভারে ১৭২ রানে ইনিংস শেষ হয়েছে, হার ৯৯ রানে। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের চিত্র আরও খারাপ। ৪১.২ ওভারে ১৬০ রানেই থেমে যায় দলের ইনিংস। আরেকটি বড় ব্যবধানে হার এবং সিরিজ থেকে বিদায়।

হিসাব অনুযায়ী, শেষ ছয় ওয়ানডের পাঁচটিতেই বাংলাদেশ হেরেছে। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় মেনে নিয়েছেন, বিদেশে দলের ব্যাটিং ইউনিট ধারাবাহিকভাবে খারাপ করছে। তাঁর মতে, সমস্যাটি মানসিকতার।

এশিয়ান গেমসেও একই গল্প। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩ ওভারে ১১১ রান করেছে বাংলাদেশ। ছয় ওভারের মধ্যেই পড়ে গিয়েছিল চার উইকেট, রান তখন ৪৫। ব্রোঞ্জ ম্যাচে শ্রীলঙ্কার ১৬৫ রানের জবাবে অলআউট হয়েছে ১০২, হার ৬৩ রানে। এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশকে এই প্রথম কোনো পদক ছাড়াই ফিরতে হলো।

ঘটনাচক্রে, ব্যাটিংয়ের দায়িত্ব আবারও সালাহউদ্দিনের হাতে গেল। গত নভেম্বরে আশরাফুলকে বিশেষ ব্যাটিং কোচ করার সময়েই পদত্যাগপত্র দিয়েছিলেন তিনি। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা তখন তাঁকেও ছুঁয়ে গিয়েছিল। পরে আলোচনার পর পদত্যাগ প্রত্যাহার করেন সালাহউদ্দিন, আর বোর্ড জানায়, দুজনই থাকবেন।

আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে। সালাহউদ্দিনের জন্য সেটি হবে প্রথম পরীক্ষা। আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপে, যার আর এক বছরের মতো বাকি।

পরিসংখ্যান বলছে, আশরাফুলের অধ্যায় পুরোপুরি ব্যর্থতার ছিল না। টেস্টে জয় এসেছে, অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতিও রয়েছে। কিন্তু বিদেশের মাটিতে ওয়ানডেতে একই ভুলের পুনরাবৃত্তিই শেষ পর্যন্ত তাঁর বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। কোচ বদলালেই কি বাংলাদেশের ব্যাটিং বদলে যাবে? সালাহউদ্দিন বা নতুন কোনো কোচ এসে আসলে কী বদলাতে পারেন, সেই অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ এম


বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার কারণে কামরুল হাসান (২৪) নামের এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে পুলিশ ছিনতাই হওয়া জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হাসানকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় নেওয়াজপুর গ্রামের ওক্কাছ পাটোয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কামরুল হাসান ওই বাড়ির মো. ইউছুফের ছেলে এবং পেশায় একজন দর্জি। কামরুল হাসানের খালাতো ভাই মো. শান্ত জানায়, হাসান চট্টগ্রামে দর্জির কাজ করেন এবং দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে মোটরসাইকেলে খালাতো ভাই রাকিবকে (২০) নিয়ে আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে বাড়ির সামনের সড়কে পৌঁছালে বাংলাবাজার এলাকার হারুন ও আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে নুরু তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাসানের বুকের ডান পাশে ও ডান হাতের বাহুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হাসান হাসপাতালে ভর্তি হন। তার একটি হাতের বাহুতে বুলেটের আঘাত রয়েছে। পেটের ওপরের অংশেও বুলেটের মতো আরেকটি আঘাত আছে, তবে সেখানে কোনো বুলেট পাওয়া যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে নুরুর মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ এম


নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, নাহিদ ইসলামের উচিত জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তিনি এই মন্তব্যটি করেছেন শেখ হাসিনার সঙ্গে তুলনা করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ করার পর। রাশেদ খান ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই আহ্বান জানান।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম।’

নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে রাশেদ খান বলেন, যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ, সেই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ হয়ে থাকেন?

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা।

রাশেদ খান বলেন, বিএনপি সরকারকে অবৈধ বলে বক্তব্য দেওয়ার পর নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।

পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা, প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি আইনত অপরাধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ এম


হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা, প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি আইনত অপরাধ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা অথবা কথিত প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দিলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ সতর্কতা প্রদান করেন।

শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

শামীম আরা স্বপ্না মন্তব্য করেন, কক্সবাজারে অল্পবয়সী মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে হোটেলে আসার দৃশ্য দেখা যাচ্ছে। এই বয়সে তাদের একা হোটেলে থাকার অনুমতি দেওয়া উচিত নয়। জাতীয় পরিচয়পত্র ছাড়া তাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া আইনত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতির কারণে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কিছু মানুষ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কক্সবাজারে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই বরদাশত করা যাবে না।

পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, যদি কেউ মা-বাবার সঙ্গে আসে, তবে তাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে। কিন্তু কথিত প্রেমিকের সঙ্গে আসলে জাতীয় পরিচয়পত্র ছাড়া থাকার অনুমতি দেওয়া যাবে না। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়।

সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান উল্লেখ করেন, কুমিল্লার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকরা যেন কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে না নেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%