ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ গ্রেফতার, ৫১ মামলা দায়ের


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ গ্রেফতার, ৫১ মামলা দায়ের

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্যটি আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৮০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, গোয়েন্দা বিভাগ থেকে তিন জন এবং এসআরইউ থেকে একজন গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সিজেপির অভিজিৎ, রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনকে ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


পুতিনকে ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ট্রাম্পের

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ইউরোপজুড়ে সকল ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে এবার রুশ নেতার প্রতি তার বক্তব্যে কিছুটা কঠোর সুর লক্ষ্য করা যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ট্রাম্প জানান, তিনি গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় এ অনুরোধটি করেন। তার আশা, এই আহ্বানের ফলে ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হবে।

ফ্লোরিডায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটেকে আতিথ্য দেওয়ার এক দিন পর ট্রাম্প এ মন্তব্য করেন।

বুধবারের ওই বৈঠক শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতি দেন। এতে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের পরিধি আর না বাড়ানোর আহ্বান জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘গত সপ্তাহে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি তাকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি।’

ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি সমঝোতা চুক্তি করা সম্ভব হবে—এমন আশাতেই আমি তাকে (পুতিনকে) এ অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও জানান, ‘আমি সত্যিই মনে করি, এ ধরনের সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

তবে ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের কোন কোন ভূখণ্ডের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হওয়া ইউক্রেনের নামও তিনি সরাসরি উল্লেখ করেননি।

রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহে ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডে রাশিয়ার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা রয়েছে।

বুধবারের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ‘রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো পদক্ষেপ না নেয়, যাতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়—সে বিষয়টির গুরুত্ব নিয়ে তারা আলোচনা করেছেন।’

উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ট্রাম্প সমালোচনা করলেও এবার কিয়েভকে একই ধরনের সংযম দেখানোর কোনো আহ্বান জানাননি।

বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আগামী মাসে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, ‘পুতিন আসতে চাইলে অবশ্যই আসতে পারেন।’

অচলাবস্থায় ইউক্রেন যুদ্ধের সমঝোতা

গত সপ্তাহে চীনের শেনজেন শহরে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় তার বক্তব্য ও আচরণ ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতিতে দুই নেতা বৈঠক করেন।

ট্রাম্প পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।

তার এমন আচরণে ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে নতুন করে উদ্বেগ দেখা দেয়। তাদের আশঙ্কা, ট্রাম্প আবারও রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন।

চলতি সপ্তাহে পুতিনের প্রতি ট্রাম্পের বক্তব্যে তুলনামূলক কঠোর সুর কেন—বৃহস্পতিবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, আমি আগের চেয়ে কঠোর হয়েছি কি না। তবে আমার মনে হয়, আমিই তো তাদের ট্যাংকবিধ্বংসী অস্ত্র দিয়েছিলাম, তাই না?’

ট্রাম্প তার প্রথম মেয়াদে ইউক্রেনের কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার বিষয়টি প্রায়ই উল্লেখ করেন। তার দাবি, রাশিয়ার প্রাথমিক হামলা মোকাবিলায় এসব অস্ত্র ইউক্রেনকে সহায়তা করেছিল।

এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা তার জামাতা জ্যারেড কুশনার এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী সহযোগী স্টিভ উইটকফের বিরুদ্ধে রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার জার্মানির ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, পুতিন ‘সংযম দেখিয়েছেন’, কারণ তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সম্মত হয়েছেন।

কুশনার আরও বলেন, একাধিকবার সাক্ষাৎ হওয়া রুশ প্রেসিডেন্ট পুতিন ‘রাজনীতির একজন মহাগুরু’।

অন্যদিকে ইউক্রেন সংঘাতকে তিনি এমন একটি ‘ছায়াযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন, যেখানে ইউরোপ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও রুশ প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে স্টিভ ও আমি যে বিষয়টি বুঝতে পেরেছি, তা হলো—ভূখণ্ড নিয়ে বিরোধ এখনো এক ধরনের অচলাবস্থায় রয়েছে।’

ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করে কুশনার বলেন, ‘বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার জন্য খুব বেশি ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির প্রয়োজন হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার: হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


স্পিকার: হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে ভারত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেছেন যে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানের মতো বাংলাদেশও ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার। তিনি বলেন, ভারত সরকারের উদ্দেশ্য বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সভার আয়োজন করা হয় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতা উল্লাহ তারারের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে। কিন্তু ভারত ক্রমাগত ব্যারাজ নির্মাণ করে এসব নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। তার অভিযোগ, কিছু নদীর উৎপত্তি চীনে হলেও ভারত বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা করেন স্পিকার। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন হিসেবে আখ্যা দেন। তার মতে, দলটির কার্যক্রম নিষিদ্ধ না হলেও জনদাবির পরিপ্রেক্ষিতে সীমিত করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ স্বৈরশাসন মেনে নেয় না। তার দাবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পর দেশটি সামরিক ও বেসামরিক—উভয় ধরনের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।

শেখ হাসিনার শাসনামলকে বেসামরিক স্বৈরশাসনের সবচেয়ে খারাপ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অধীনে ১৫ বছর দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।

বাংলাদেশের প্রতিনিধিদলের অন্য সদস্যরাও শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করেছিলেন। তবে অতীত ভুলে দুই দেশের মধ্যে নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চান তারা।

পাকিস্তানের পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করেছে। তার দাবি, বাঙালিরা এখন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।

স্পিকার আরও মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত বলেও মত দেন তিনি।

পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও আশাবাদ প্রকাশ করেন।

পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে নিজের প্রশিক্ষণজীবনের স্মৃতিও তুলে ধরেন স্পিকার। ষাটের দশকের শেষ দিকে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সেখানে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। একাডেমিতে ফিরে যাওয়ার অভিজ্ঞতাকে স্মৃতিময় উল্লেখ করে বলেন, দুই দেশের মানুষই পরস্পরের সঙ্গে দেখা করতে, যোগাযোগ বাড়াতে এবং একে অপরের দেশে যেতে আগ্রহী।

আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক অবস্থানের ভিত্তিতে একে অপরকে সমর্থন করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার সম্ভাবনা, আঞ্চলিক জোটে চীনকে অন্তর্ভুক্ত করা এবং ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সার্ক পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। চলমান পরামর্শ প্রক্রিয়া থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের সংসদ সদস্যরা পাকিস্তানে এসে যেন নিজেদের বাড়িতেই এসেছেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতা উল্লাহ তারার প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও জানান। এ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনমকে ইসলামাবাদে নেওয়া হয় বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, ডায়ালগ পাকিস্তান, প্রোবস পাকিস্তান, পাকিস্তানের প্রেসিডেন্টের তথ্য দপ্তর, রেডিও পাকিস্তান, পাকিস্তানের জাতীয় পরিষদ ও ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয়ের যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ স্থানটি ঘোষণা করা হলো।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্‌বোধনী কর্মসূচির অংশ হিসেবে এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি উল্লেখ করেন, ১ ডিসেম্বর বেলা ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক প্রেসিডেন্টের শ্যালক জিহাদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক প্রেসিডেন্টের শ্যালক জিহাদ খান

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের শ্যালক এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। এই খ্যাতিমান হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দীর্ঘকাল ধরে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। তিনি এবার রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যাতে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন।

এদিকে, চলমান রাজনৈতিক সংকটের সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠিতব্য সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একত্রে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়ে জোটবদ্ধভাবে অংশ নেবে দলগুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য প্রকাশ করেন। এ সময় কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

জামায়াতের প্রার্থিতার বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী। তিনি জানান, বৃহস্পতিবার কেন্দ্র থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে।

জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক, এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।

বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দীর্ঘকাল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্‌রোগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।

প্রার্থিতার বিষয়ে জিহাদ খান বলেন, "দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের অনেক মানুষকে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তার। তবে নিজ এলাকার মানুষকে এভাবে সেবা করার সুযোগ পাননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।"

তিনি আরও বলেন, "করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের সেবা করতে চান। এর আগেও এলাকা থেকে আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তার কাছে গেছেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়াসহ তাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছেন।"

এছাড়া, তিনি গত ১৫-১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর নিয়মিত খোঁজখবর নেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%