০১:৩৭ এম
নওগাঁ, ১০ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি উল্লেখ করেছেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের অবহেলা ও অনিহার কারণে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে সবগুলো স্টেডিয়াম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেশে অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও উন্নত মানের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁয় জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কারণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে খেলাধুলার সম্প্রসারণ অপরিহার্য। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটিয়ে মাদকমুক্ত সুস্থ জাতি গঠন করার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 'সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য সামনে রেখে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়
এ প্রসঙ্গে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব স্বৈরাচারী চক্রের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।
দীর্ঘদিন পর এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের ফলে নওগাঁ উৎসবের শহরে পরিণত হয়। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন মহল্লা ও শহরের পাশ্ববর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকেলের মধ্যে পুরো স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়।
এই টুর্নামেন্টে নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি ফুটবল দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে মান্দা উপজেলা এবং রানীনগর উপজেলা দল অংশগ্রহণ করে। ম্যাচে রানীনগর উপজেলা দল ২-১ গোলে মান্দা উপজেলা দলকে পরাজিত করে।
আরও পড়ুন: মার্চ-মে’র গরমে কেন, আইপিএলকে শীতে নিয়ে যাওয়ার পরামর্শ কলকাতার মালিকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন