১০:৫৮ এম
আর্থিক খাতে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম কমিয়ে আনার লক্ষ্যে যারা তথ্য দিয়ে সহায়তা করছেন, তাদের গোপনীয়তা শতভাগ সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত আলী খান নিশ্চিত করেছেন।
তিনি মঙ্গলবার (২৩ জুন) 'বিশ্ব হুইসেল ব্লোয়ার দিবস-২০২৬' উপলক্ষে ব্যাংক খাতে শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় এই তথ্য জানান।
সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান বলেন, তথ্যদাতাদের সুরক্ষা আমাদের সর্বাধিক অগ্রাধিকার। গুরুত্বের ভিত্তিতে হুইসেল ব্লোয়ারদের প্রদানকৃত গোপন তথ্যের জন্য, ব্যাংকটির পক্ষ থেকে এখন পর্যন্ত দুই শতাধিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৮৪ জন গ্রেপ্তার
তিনি উল্লেখ করেন, বিভাগীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করতে এই পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ন্যায়পাল সচিবালয়ের সচিব মাসরুরুল ইসলাম, আর্থিক খাতের সুরক্ষায় তথ্যদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্নীতি প্রতিরোধে বা আর্থিক খাতে বড় কেলেঙ্কারি ঘটার আগে তা রুখে দিতে বিশ্বজুড়ে হুইসেল ব্লোয়ারদের ভূমিকা সবচেয়ে বড়। তবে, এই আইনের বা সুযোগের অপব্যবহার যাতে না হয়, সেই দিকে কঠোর নজর দেওয়ার আহ্বান করেন তিনি।
উল্লেখ্য, যখন কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ভেতরের দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, আইন লঙ্ঘন বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের তথ্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেন, তখন সেটিকে 'হুইসেল ব্লোয়িং' বলা হয়। এবং যিনি বা যারা এই ধরনের গোপন ও সংবেদনশীল তথ্য প্রকাশ করেন, তাদের 'হুইসেল ব্লোয়ার' বা তথ্যদাতা বলে।
আরও পড়ুন: সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন