ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ৪০ টাকায় লাউ, অথচ এক টাকায় চারটি: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির


ঢাকায় ৪০ টাকায় লাউ, অথচ এক টাকায় চারটি: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয় এবং রাজধানীসহ বড় শহরগুলোতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, একদিকে কৃষকদের পথে বসিয়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়া হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক স্বার্থে ‘কৃষক কার্ড’-এর গল্প শোনানো হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে কৃষকদের সংকট ও কৃষি খাতের নানা অনিয়ম তুলে ধরে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড়ের সাম্প্রতিক বাজার পরিস্থিতির উদাহরণ টেনে ডাকসু ভিপি বলেন, ‘পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। অথচ সেই একই লাউ ঢাকার খুচরা বাজারে প্রতিটি বিক্রি হচ্ছে ৪০ টাকারও বেশি দামে।’ তিনি প্রশ্ন তোলেন, এই বিপুল লাভের টাকা কার পকেটে যাচ্ছে? তার দাবি, পুরো লাভের অংশ লুটে নিচ্ছে বাজার সিন্ডিকেট, যাদের পরিচয় ও রাজনৈতিক ক্ষমতার উৎস সবারই জানা। এই বৈষম্যমূলক পরিস্থিতিকে তিনি ক্ষমতাসীনদের ‘কার্ডের রাজনীতি’ বলে আখ্যা দেন।

আরও পড়ুন: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

কৃষি উৎপাদনে বড় সংকটের কথা উল্লেখ করে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, সারের ডিলারশিপ নিয়ে দেশজুড়ে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়ম হয়েছে। নিয়ম-নীতি ও যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের এমপি ও প্রভাবশালীরা ১৫ থেকে ২০ লাখ টাকায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের কাছে ডিলারশিপ বিক্রি করেছেন।

তিনি বলেন, দুর্নীতির কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না, ফলে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বাড়ছে। আর এর চূড়ান্ত প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর, যাদের চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে।

কৃষক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, ‘সিন্ডিকেট ও ডিলারশিপ বাণিজ্যের মাধ্যমে গড়ে ওঠা এই মাফিয়া চক্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে এবং সাধারণ জনগণকে রক্ষা করতে হবে।’

আরও পড়ুন: জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে মুসলিমদের নতুন বসতি: আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন হেনরিয়েটা সোভাতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


স্পেনে মুসলিমদের নতুন বসতি: আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন হেনরিয়েটা সোভাতি

স্পেনের দক্ষিণাঞ্চল আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে নতুনভাবে মুসলিমদের বসতি গড়ে উঠছে, যেখানে ধর্মীয় চর্চা ও ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইউরোপের অনেক মুসলিম এখানে এসে নিজেদের ইতিহাস, পরিচয় ও আত্মিক প্রশান্তির নতুন ঠিকানা খুঁজে পাচ্ছেন, যেখানে একসময় মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল।

ব্রিটিশ-হাঙ্গেরীয় মুসলিম হেনরিয়েটা সোভাতি ও তার স্বামী, থেরাপিস্ট ও ইমাম আজমল মাসরুর, ২০২৪ সালে মালাগার আলোরার পাহাড়ে একটি পুরোনো খামারবাড়ি কিনেছেন। তাদের উদ্যোগের নাম ‘হাউস অব আন্দালুস’। প্রায় ১৪ হেক্টর জমিতে জলপাইগাছের পাশাপাশি ডালিম, ডুমুর ও আমগাছ লাগানো হচ্ছে। এখানে কোরআনে উল্লিখিত উদ্ভিদসমৃদ্ধ বাগান, গ্রন্থাগার এবং ইসলামি ইতিহাসবিষয়ক শিক্ষামূলক কার্যক্রম গড়ে তোলা হচ্ছে। এই কেন্দ্র মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের জন্যও উন্মুক্ত থাকবে।

ব্রিটেনে দুই দশকের বেশি সময় বসবাস করার পরও হেনরিয়েটা নিজেকে বহিরাগত মনে করতেন। তার মতে, স্পেনে প্রতিবেশীদের কাছে ধর্মীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব বেশি। স্থানীয় ক্যাথলিক প্রতিবেশী মারিয়া গার্সিয়ার সঙ্গে তার বন্ধুত্ব আন্তধর্মীয় সহাবস্থানের একটি উদাহরণ। তবে ইউরোপজুড়ে অভিবাসনবিরোধী ও ইসলামবিদ্বেষী রাজনীতির উত্থান স্পেনে মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

ইতিহাসবিদ ও ভ্রমণলেখক তারিক হুসেইনের মতে, আল-আন্দালুসের ঐতিহ্য ইউরোপীয় মুসলিমদের মনে করিয়ে দেয় যে, ইসলাম এই মহাদেশের ইতিহাসের বাইরের কোনো বিষয় নয়। মধ্যযুগে প্রায় আট শতাব্দী ধরে আইবেরীয় উপদ্বীপের বিভিন্ন অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল। কর্ডোবা, সেভিয়া ও গ্রানাডার স্থাপত্য, দুর্গ, আরবি লিপি, সেচব্যবস্থা এবং ভাষায় সেই শাসনের প্রভাব এখনো দৃশ্যমান।

গ্রানাডার বৃহৎ মসজিদ প্রতিষ্ঠার পেছনেও রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। কয়েক দশকের উদ্যোগ ও অর্থসংগ্রহের পর ২০০৩ সালে মসজিদটির দরজা খুলে দেওয়া হয়। এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয় পরিচয় ও সামাজিক অস্তিত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

গ্রানাডার দক্ষিণে আলপুহারাস ও অর্গিভা অঞ্চলেও বহুজাতিক মুসলিম সম্প্রদায় গড়ে উঠেছে। লেখক ও শিক্ষক মেদিনা তেনুর হোয়াইটম্যানের মতে, আল-আন্দালুসের ঐতিহাসিক স্থাপনাগুলো মুসলিমদের শিকড়ের অনুভূতি জোগালেও, শুধুমাত্র অতীতের গৌরব দিয়ে বর্তমানের জীবনকে বোঝা সম্ভব নয়। ভাষা শেখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়া এবং স্থানীয় সমাজের অংশ হয়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ।

এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য স্থাপত্যে সীমাবদ্ধ নয়। আলোরার ঐতিহ্যবাহী ‘সোপা পেরোতা’ নামের রুটির স্যুপের সঙ্গেও মধ্যযুগীয় আন্দালুসীয় রান্নার সম্ভাব্য যোগসূত্র খুঁজে পেয়েছেন খাদ্য-ইতিহাসবিদেরা। অর্থাৎ বহু শতাব্দী আগের মুসলিম ঐতিহ্য এখনো স্থানীয় খাদ্যসংস্কৃতি ও জীবনযাপনের নানা স্তরে টিকে থাকতে পারে।

তবে আন্দালুসিয়াকে হারানো মুসলিম সাম্রাজ্যের পুনরাবিষ্কার হিসেবে দেখার পরিবর্তে বর্তমান স্পেনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থনৈতিক চাপ, সামাজিক বিভাজন এবং ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে নিজেদের জায়গা তৈরি করছেন মুসলিমরা।

হেনরিয়েটার স্বপ্ন, ‘হাউস অব আন্দালুস’ এমন একটি কেন্দ্র হয়ে উঠবে, যেখানে মানুষ ইতিহাসের পাশাপাশি প্রকৃতি, বিশ্বাস ও জীবনের অর্থ নিয়ে ভাবার সুযোগ পাবে। প্রকল্পটি বাস্তবায়নে অর্থ ও শ্রমের বড় চ্যালেঞ্জ থাকলেও, তার বিশ্বাস, ব্যক্তিগত সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে স্থায়ী সম্প্রদায় গড়ে ওঠে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় ৪ বছরের শিশু জাকিয়া নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ঝিনাইদহে ট্রাক্টর চাপায় ৪ বছরের শিশু জাকিয়া নিহত

ঝিনাইদহ, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে একটি মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মৃত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।

নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির পাশে রাস্তার ধারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে এসে পৌঁছালে শিশুটি হঠাৎ করে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বাসসকে জানান, শিশুটি ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বাসসকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ জনে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। শনিবার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সময়ে নতুন কোনো রোগী ভর্তি হননি। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ২ জনকে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১৬৪ জন রোগীর মধ্যে ৯৯ জন পুরুষ ও ৬৫ জন নারী। নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি দিনের বেলায়ও মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জামায়াত সমর্থন না পেলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেতে পারতো’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


‘জামায়াত সমর্থন না পেলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেতে পারতো’

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী মন্তব্য করেছেন যে, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামী সমর্থন না দিলে বিএনপির রাজনীতি তখনই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তিনি উল্লেখ করেছেন যে, সেই সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার গঠনের জন্য জামায়াতের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করেছিলেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. দিলারা চৌধুরী ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে মন্তব্য করেন, ‘৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা, যদি জামায়াত সাপোর্ট দিয়ে সরকার গঠন করতে সাহায্য না করত। বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ রাখা দরকার।’

তিনি ওই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘সেই সময়ে আমি সে ঘটনার সাক্ষী। শেখ হাসিনা নিজেই যোগাযোগ করেছিলেন। তখন জামায়াতের সমর্থন এনে দেওয়ার জন্য তার স্বামীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি জানান, তার স্বামী নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কথা তুললে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আশ্বস্ত করে বলেছিলেন, সে সমস্যা মিটিয়ে দেওয়া হবে, কেবল জামায়াতের সমর্থন নিশ্চিত করতে হবে।’

ড. দিলারা চৌধুরী আরো বলেন, শেখ হাসিনা মূলত চেয়েছিলেন ১৯৯১ সালের জাতীয় সংসদ যেন একটি ‘ঝুলন্ত সংসদ’ (হাং পার্লামেন্ট) হয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতকে ঘিরে তৈরি হওয়া দূরত্বের সমালোচনা করে এই রাষ্ট্রবিজ্ঞানী প্রশ্ন তোলেন, ‘এখন হঠাৎ করে কী ঘটল যে তাদের সঙ্গে বসাই যাবে না? কার ইঙ্গিতে, কোথা থেকে এই বার্তা আসছে?’ তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, দেশে কৃত্রিম বিভেদ ও অনৈক্য তৈরি করে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%