১১:১৩ এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’ ব্যবহার করা হয়েছে। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন।
মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে ওই ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পেছনের সংগীত হিসেবে রাখা হয় হাবিবের জনপ্রিয় গান ‘মহাজাদু’ যা সিনেম্যাটিক চিত্রায়ণে উপস্থাপন করা হয়।
বিষয়টি জানার পর হাবিব ওয়াহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে বিভিন্ন পরিচিতদের পাঠানো লিংক দেখতে পেয়ে কৌতূহল থেকে ভিডিওটি খুলে দেখেন। সেখানে নিজের গান শুনে তিনি অবাক হয়ে যান।
আরও পড়ুন: মায়ামিতে মেসিকে দেখে উচ্ছ্বসিত সামিরা খান মাহি
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার হওয়া তার জন্য একটি বড় আনন্দ ও সম্মানের বিষয়। দুই দেশের সম্পর্কের সাথে যুক্ত এই গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে নিজের গান জায়গা পাওয়ার বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছে।
তবে এ বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি বলেও জানান হাবিব। এরপর তিনি বলেন, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।”
ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, এ বিষয়ে হাবিব জানেন না। তবে তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও হাবিব নিজে খুব বেশি সক্রিয় নয়। তিনি উল্লেখ করেন, মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না, এজন্য সরাসরি মানুষের প্রতিক্রিয়া দেখেননি। তবে পরিচিতদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনেছেন।
আরও পড়ুন: এনআইসিটিএফ নেতাদের জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন
হাবিব আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। তাই পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকের মতো মনে হয়েছে।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং সেটি নিয়েই তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন