ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

উদ্ধার হওয়া নবজাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও


উদ্ধার হওয়া নবজাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও

সুনামগঞ্জের ছাতকে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিই তাকে নিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ছাতক থানার পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ব্যক্তি পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন, পরবর্তীতে তার বিরুদ্ধেই শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।

আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ

নবজাতক শিশুটির নিরাপত্তা ও বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, গত ৮ জুন সন্ধ্যায় ছাতক থেকে বাড়ি ফেরার পথে আইন্দারগাঁও সড়কের পাশে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান সিএনজিচালিত অটোরিকশাচালক কাওছার আহমেদ। পরে তিনি আনুমানিক সাত দিন বয়সী নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের সময় শিশুটির হাতে ক্যানোলা লাগানো ছিল।

উদ্ধারকারী কাওছার আহমেদ জানিয়েছিলেন, তার বাড়ি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

উদ্ধারের পর তিনিই শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর থেকে তিনি ও তার স্ত্রী হাসপাতালেই অবস্থান করে শিশুটির দেখাশোনা করছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে দামী ফ্ল্যাটে ৩ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা ও পরিচর্যায় নবজাতক শিশুটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। শিশুটিকে সমাজসেবা বিভাগের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উপযুক্ত অভিভাবকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। সন্তানহীন ১৩ জন ব্যক্তি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং আবেদনগুলো যাচাই-বাছাই চলছিল।

ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান জানান, শিশুটিকে গ্রহণের জন্য বেশ কয়েকজন আবেদন করেছিলেন। আবেদনগুলো যাচাই-বাছাই চলছিল। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হস্তান্তরের কথা ছিল। কিন্তু তার আগেই শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, "গতকাল বুধবার থেকে ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমরা বলেছি, অভিভাবকহীন শিশুকে সমাজসেবা অফিসের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। আজ বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে হাসপাতালে রোগীর ভিড়ের সময় কাওছার আহমেদ শিশুটিকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি জানার পরপরই পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়। পুলিশ বিষয়টি দেখছে।"

ছাতক হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাওছার আহমেদ তার স্ত্রীর সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন। শিশুটিকে নিয়ে যাওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তিনি যে ঠিকানা দিয়েছিলেন, সেখানে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: দায়িত্ব পেলে মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করতে চান কাওসার খান

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারের কার্যক্রম চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, যে সিএনজিচালক নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন, তিনিই নাকি গোপনে শিশুটিকে নিয়ে গেছেন। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ১৩টি আবেদন জমা পড়েছিল। তার দেওয়া ঠিকানায় শিশু ও সিএনজিচালককে পাওয়া যায়নি। শান্তিগঞ্জের একটি এলাকায় শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ অভিযান চালাচ্ছে। শিশুটিকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়ায় তার অভিভাবক নির্ধারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচিত মহিলা লীগ নেত্রী আবারও আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


আলোচিত মহিলা লীগ নেত্রী আবারও আটক

যশোরে আলোচনা সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে পুনরায় আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি, শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন।

এর আগেও, ২০২৫ সালের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশ কর্তৃক আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান।

এদিকে, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী হিসবে ছিলেন। এছাড়া, তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এছাড়া, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে তিনি সরব ছিলেন। মহুয়া প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

অত্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পরে অব  চূড়ান্ত মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠলো। এই বিশ্বকাপকে বলা হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১১ জুন) সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী দিবাগত রাত ১টায়।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হচ্ছে। এখানে পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে থাকছে ‘ডাই ডাই (লেটস গো)’।

বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে এই উদ্বোধনী ম্যাচ দেখতে নির্ধারিত সময়ের আগেই হাজার হাজার ফুটবল ভক্ত স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছে। তারা নিজের প্রিয় দলের জার্সি পরে এবং দেশীয় ঐতিহ্যবাহী পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে। সকল নিয়ম মেনে কঠোর নিরাপত্তার মধ্যে টিকিট ধারীরা স্টেডিয়ামে প্রবেশ করেছেন।

এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে মেক্সিকো। শক্তিমত্তা কিংবা র‌্যাংকিং- দুদিক থেকে আফ্রিকার দেশটির তুলনায় তারা অনেক এগিয়ে। বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোর তালিকায়ও মেক্সিকো আছে।

ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫ নম্বরে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অবস্থান ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬০তম।

মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ম্যাচে, মেক্সিকোরা পরস্পরের বিপক্ষে চারবার মাঠে নেমেছে। এর মধ্যে মেক্সিকো দুইবার জিতেছে, দক্ষিণ আফ্রিকা একটি জয় পেয়েছে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে।

স্বাগতিক হিসেবে এবং শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস মেক্সিকানদের পক্ষে কথা বলছে না। বিগত ২২ আসরের মধ্যে তারা মাত্র তিনবার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে। কিন্তু, এক বারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। তিন ম্যাচের মধ্যে মেক্সিকো দুটি ম্যাচে হার এবং একটি ম্যাচে ড্র করেছে।

১৯৩০ এবং ১৯৫০ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলেছিল মেক্সিকো। দুই ম্যাচেই তারা এক হালি গোল হজম করে। বিপরীতে ব্রাজিলের জালে তারা মাত্র একটি বল পাঠাতে সক্ষম হয়েছিল।

এদিকে, ২০১০ সালে পুনরায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা উদ্বোধনী ম্যাচে নেমেছিল। ম্যাচের ৫৫তম মিনিটে গোল হজম করেছিল মেক্সিকো। তবে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ম্যাচ শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হলো মিরাজকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দের মধ্যে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে হাসপাতালে নিতে হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজকে দেখা যায়নি। অধিনায়ক না থাকায় দলের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পরে মাঠ ছাড়তে দেখা যায় মিরাজকে, পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ব্যাটিং করার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত হানে। এতে মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নিতে হয় এবং এক পর্যায়ে স্ট্রেচারও আনা হয়। তবে তিনি প্রাথমিক ধাক্কা সামলে আবার ব্যাটিংয়ে ফিরে আসেন।

পরবর্তীতে তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের পরে মিরাজও একটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ লাভ করে।

দলীয় সূত্র থেকে জানা গেছে, আপাতত মিরাজের অবস্থা স্থিতিশীল রয়েছে। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, 'এখন সে ভালো আছে, বড় কোনো সমস্যা নেই। তবে মাথায় আঘাত পাওয়ায় সতর্কতার জন্য স্ক্যান করানো হচ্ছে।'

সিরিজের শেষ ম্যাচের আগে হাতে রয়েছে দুই দিন সময়। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করা হবে, এই প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করছিলেন, তখন তিনি এই প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কমানোর উদ্দেশ্যে বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করার প্রস্তাব আমি করছি।

এই বাজেটে শিল্প খাতের জন্য আরও কিছু সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি হলো উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করা।

দেশীয় ভোজ্য তেল উৎপাদন ব্যবসার ক্ষেত্রে প্রথম ৫ বছরের জন্য সম্পূর্ণ কর অব্যাহতি এবং পরবর্তী ৩ বছর ৫০% কর অব্যাহতি সহ ২ বছর ২৫% অব্যাহতি দেওয়ার মাধ্যমে ১০ বছরের জন্য সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করার জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%