নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি
০৫:৫২ পি.এম
প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে শরীয়তপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানান তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ ছালেহ বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।
কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) শেষে ঝালকাঠি জেলার নির্বাচিত যোগ্য প্রার্থীদের নিয়ে প্রথম দিনের ইভেন্ট ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব মেরিন সুলতানা। তাঁর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধিগণ এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে ২০২৬ সালের শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও শ্রেণিভিত্তিক সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থী সম্মাননা অর্জন করেছে। চয়ন পান্ডে প্রথম শ্রেণি থেকেই মেধাতালিকায় প্রথম স্থান ধরে রেখে ধারাবাহিক সাফল্য পেয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী চয়ন পান্ডের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও কৃতী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, চয়ন পান্ডের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এটাই প্রত্যাশা। আগামী বৃত্তি পরীক্ষায় সে যেন বৃত্তি অর্জন করতে পারে, সে জন্য দোয়া করি। তিনি আরও বলেন, এ ধরনের পুরস্কার ও স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে। এতে তাদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহ বাড়ে এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা তৈরি হয়।
চয়নের মা ঝুমা পান্ডে বলেন, বিদ্যালয় থেকে ছেলের এমন সম্মাননা অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। সামনে তার বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষায় যেন ছেলে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী চয়ন পান্ডে বলেন, এ সম্মাননা পেয়ে সে খুবই আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে কালকিনিবাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে সে। পাশাপাশি বাবা-মা এবং ভবিষ্যতে যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবে, সেই প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চয়ন।
বিদ্যালয়ের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি। তবে বিচ্ছেদের পর থেমে থাকতে চান না তিনি। নতুন করে বিয়ের কথা না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব।
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের ইতি আক্তার। সাত বছর আগে স্বপ্ন আর ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য জীবন। স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন থাকলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে সেই সংসারে বাড়তে থাকে অশান্তি।
ইতি আক্তারের অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।
সংসারটি টিকিয়ে রাখতে স্বামীর কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার অনুরোধ করেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি আক্তার।
এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা ভেবে জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদারও পূরণ করেছেন। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি তিনি।
কিন্তু এতকিছুর পরও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় এখন অসহায় এই বাবার একটাই প্রত্যাশা মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।
ইতি আক্তার জানান, সংসার ভাঙার পর দেশ-বিদেশ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে আসছে নতুন নতুন প্রস্তাব। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তার।
ইতির ভাষ্য, অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে কখনো বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের বিষয় হিসেবে মেনে নেবেন। এ নিয়ে তাকে কোনো ধরনের মানসিক চাপ বা কটুকথা শুনতে হবে না।
বর্তমানে ইতির সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজের মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা কোনো কিছুই বাদ দেননি। সংসার ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।
ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।
সাত বছর আগে যে সংসারকে ঘিরে ছিল নানা স্বপ্ন, সেই সংসার আজ অতীত। একসময় সংসার বাঁচাতে স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি। আর এখন তিন শতাধিক বিয়ের প্রস্তাব এলেও নতুন সংসারের চেয়ে নিজের আত্মনির্ভরশীলতা ও সম্মানজনক জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার প্রত্যাশা, কর্মসংস্থানের সুযোগ পেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে বসে মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
তিনি জানান, গত আট থেকে ১০ দিন ধরে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। সম্প্রতি, এই হুমকিগুলি চরম পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও নানা বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকে হুমকির মাত্রা বেড়ে গেছে। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
এই সংসদ সদস্য ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখার জন্য রাজি নন। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর ফলে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন। তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও রয়েছে বলে মনে করেন তিনি। তার দাবি, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে।
ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়ে মাহমুদা মিতু বলেন, ভারতের মাটি ব্যবহার করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময় এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদা মিতু। তার কাছে থাকা নথি নিয়ে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ