মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০২:০৩ পি.এম
শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য অক্টোবরের শেষ সপ্তাহে পরিকল্পনা করছে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে হতে পারে। তবে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন যে, ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ২৯ অক্টোবরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে।"
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরবর্তীতে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে, ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছেন। তিনি বেইজিংয়ের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন।
এই মন্তব্যগুলো তিনি সোমবার (১৯ অক্টোবর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বৈঠকের সময় করেছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
আইআরএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনা প্রধানমন্ত্রী বলেন, চলমান আলোচনা চলাকালে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানে হামলা চালানো হয়েছে। এই ঘটনার জন্য তিনি ‘নগ্ন আগ্রাসন’ শব্দটি ব্যবহার করেন। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ অধিকার রক্ষায় চীন সমর্থন অব্যাহত রাখবে।
বৈঠকের সময় লি ছিয়াং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদ চুক্তি পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দেন। তিনি তেহরানের প্রতি বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।
আরেফ সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে দুশানবেতে গেছেন। সম্মেলনের ফাঁকে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁর মতে, এই সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তা বিশ্ববাসীর স্বার্থের অনুকূলে নয়।
চীন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং দেশটির তেলের অন্যতম বড় ক্রেতা। তবে চলমান সংঘাতে বেইজিংয়ের সমর্থন এখন পর্যন্ত মূলত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। সরাসরি সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয়নি দেশটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পূর্বে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদেশের কাছ থেকে কোনো সতর্কবার্তা পাননি তিনি। হামলার বিষয়ে আগাম সতর্কতা না পাওয়ার কারণ জানতে চাইলেও ওয়াশিংটন তা এড়িয়ে গেছে।
জেলেনস্কি সতর্কবার্তা না পাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “ওয়াশিংটনে আমাদের কৌশলগত অংশীদারদের কাছ থেকে কেন এমনটা হচ্ছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাইনি। সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমিও এর উত্তর জানি না।”
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা দেয়নি।
জেলেনস্কির অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা গোয়েন্দা তথ্য বিনিময় করি, অনেক তথ্যই বিনিময় করি।”
তিনি আরও বলেন, “ইউক্রেনের কথা আমাকে বলবেন না। আমরা ইউক্রেনকে অনেক কিছু দিয়েছি। তারা আমাদের কিছুই দেয়নি।”
এদিকে, রাশিয়ার হামলা সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র মাঝে মাঝে সীমিত করছে বলে সন্দেহ করছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ কমে যাওয়ার কারণে রোববার রুশ হামলার প্রথম ধাপ সম্পর্কে ইউক্রেন আগাম সতর্কতা পায়নি। তবে একই দিন সন্ধ্যায় দ্বিতীয় দফার হামলার আগে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা আবার চালু করা হয় বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লুমবার্গকে জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে পেন্টাগনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে গত এক সপ্তাহে মার্কিন গোয়েন্দা সহায়তা অস্বাভাবিকভাবে অনিয়মিত হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
এর আগে, ২০২৫ সালের মার্চে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে ট্রাম্প, জেলেনস্কি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অবশ্য অল্প সময়ের মধ্যেই তথ্য বিনিময় আবার চালু করা হয়।
সাম্প্রতিক সময়ে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে উত্তেজনা বেড়েছে। জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের অবস্থানের সমালোচনা করেছেন। অন্যদিকে, ট্রাম্প অভিযোগ করেছেন যে, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২০ অক্টোবর, ২০২৬ : আলতাফ হোসেন নামের একজন রিয়েল স্টেট ব্যবসায়ী খুলনা জেলায় প্রতারণার শিকার হয়েছেন। তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় গতকাল সোমবার রাতে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, প্রতারণার শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা।
আটককৃতদের মধ্যে রয়েছেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, আলতাফ হোসেনের একটি প্রকল্প খুলনার খালিশপুর এলাকায় চলমান রয়েছে। প্রতারকরা আলতাফ হোসেনকে খালিশপুর এলাকায় একটি জমি বিক্রি করে দেয়ার কথা বলে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং- রোডের ২৭৭ নং- বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে শুরু করে।
এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতের বেলায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বাসস’কে জানান, "উর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়।" ব্যবসায়ীকে মারধর করে তারা নগদ ১ লক্ষ টাকা ও একটি সই করা চেক উদ্ধার করে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সৌরজগতের উৎপত্তি এবং পৃথিবীতে প্রাণের উদ্ভবের রহস্য উন্মোচনের সম্ভাবনা নিয়ে মঙ্গলের একটি উপগ্রহ থেকে নমুনা সংগ্রহের উদ্দেশ্যে প্রথমবারের মতো অভিযানে নেমেছে জাপানের একটি মহাকাশযান।
মঙ্গলবার, এটি মঙ্গলের উপগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) সরাসরি সম্প্রচার অনুযায়ী, মঙ্গলবার ভোর ৪টা ৪১ মিনিটে তানেগাশিমা মহাকাশকেন্দ্র থেকে এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়।
রকেটটি মানববিহীন মহাকাশযান ‘মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন (এমএমএক্স)’ নিয়ে রাতের অন্ধকার আকাশে পাড়ি জমায়।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উৎক্ষেপণের এক ঘণ্টারও বেশি সময় পর সরাসরি সম্প্রচারে জাক্সা জানায়, মহাকাশযানটি সফলভাবে এইচ-৩ রকেট থেকে বিচ্ছিন্ন হয়েছে।
জাক্সার বিজ্ঞানী মারি আইদা বলেন, ‘আমি দিনটির স্বপ্ন দেখেছি। তাই আমি ভীষণ আনন্দিত। এই মুহূর্তে আমি সত্যিই স্বস্তি অনুভব করছি।’
জাক্সা জানায়, মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রত্যাশা অনুযায়ী এর সংকেত পাওয়া গেছে। এতে নিশ্চিত হওয়া গেছে, মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে।
জাপানে তখন ভোরের আগের সময় হলেও হাজারো মানুষ সরাসরি সম্প্রচারটি দেখেন। তারা মহাকাশযানটির সাফল্য কামনা করে বিভিন্ন বার্তা পোস্ট করেন।
আগামী বছরের আগস্টের দিকে মহাকাশযানটির মঙ্গলের কাছাকাছি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে এটি মঙ্গলের উপগ্রহ ফোবোসকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরবে।
ফোবোসের পৃষ্ঠে চলাচলকারী প্রথম যান হবে ফরাসি-জার্মান যৌথ উদ্যোগে তৈরি একটি রোভার। এর নাম ‘আইডেফিক্স’। কমিক চরিত্র অ্যাস্টেরিক্সের কুকুরের ফরাসি নাম থেকে এই নাম নেওয়া হয়েছে।
নিরাপদে অবতরণের উপযোগী স্থান নিশ্চিত করতে রোভারটি উপগ্রহটির পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে।
এমএমএক্স ফোবোসে পৌঁছানোর পর সেখানে তিন বছর অবস্থানের পরিকল্পনা রয়েছে। এ সময় মহাকাশযানটি উপগ্রহটির পৃষ্ঠ থেকে অন্তত ১০ গ্রাম নমুনা সংগ্রহ করবে।
মঙ্গল অঞ্চলে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসার লক্ষ্য নিয়ে পরিচালিত এই অভিযানটিকে এ ধরণের প্রথম অভিযান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মহাকাশ সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান সহযোগিতা করছে।
‘বিজ্ঞানে আমূল পরিবর্তন আনবে’
বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযান ভবিষ্যতে মানুষের মঙ্গল অভিযান পরিচালনার পথ তৈরি করতে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের প্রশাসক নিকি ফক্স জাক্সার সরাসরি সম্প্রচারে দেওয়া এক বার্তায় বলেন, ‘এমএমএক্স থেকে পাওয়া নমুনা আগামী প্রজন্মগুলোর জন্য মঙ্গল গ্রহব্যবস্থা সম্পর্কে বিজ্ঞানে আমূল পরিবর্তন আনবে। বিশেষ করে, নাসা যখন মঙ্গলে প্রথম মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তখন এর গুরুত্ব আরও বাড়বে।’
জাক্সার আশা, এই অভিযান থেকে জানা যাবে মঙ্গল ও এর দুটি উপগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে। সৌরজগতের জন্মের ইতিহাস বুঝতে এটি গুরুত্বপূর্ণ তথ্য।
উপগ্রহ দুটি কীভাবে সৃষ্টি হয়েছে, তা নিয়ে একটি তত্ত্ব হলো ‘বৃহৎ সংঘর্ষ’ বা ‘জায়ান্ট ইমপ্যাক্ট’ তত্ত্ব।
এ তত্ত্ব অনুযায়ী, একটি মহাজাগতিক বস্তু মঙ্গলে আঘাত হানার পর উপগ্রহ দু’টি সৃষ্টি হয়।
অন্যদিকে, ‘ক্যাপচার’ বা মহাকর্ষের টানে আটকে পড়ার তত্ত্ব অনুযায়ী, উপগ্রহ দু’টি মূলত গ্রহাণু।
মঙ্গলের মহাকর্ষীয় আকর্ষণে এগুলো এর কক্ষপথে আটকে পড়ে।
কোন তত্ত্বটি সঠিক, তা নির্ধারণ করা গেলে পাথুরে গ্রহগুলোতে প্রাণের উপযোগী পরিবেশ কীভাবে সৃষ্টি হয়ে থাকতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে জাক্সা।
সূর্যের সবচেয়ে কাছের চারটি পাথুরে গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ