০৪:৩৭ পি.এম
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মো. সাইফুদ্দিন মুরাদ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় মুহাম্মদ সাব্বির হাসান (৩২) নামে একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করে রাউজান থানা পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি টিপ চাকু ব্যবহার করে ভুক্তভোগীকে ছুরিকাঘাত করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম দ্রুত আসামিকে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম এবং রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে গত ১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাউজানের ১১ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় নোয়াপাড়া-গুজরা সড়কে চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি তার হেফাজতে আরো অস্ত্র থাকার কথা জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে রাউজানের ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের সানশেডের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরো একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর মধ্যে একটি টিপ চাকু সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহৃত হয়েছিল।
এ ঘটনায় ১৬ নভেম্বর রাউজান থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হচ্ছে। গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
থানার ওসি জানান, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে রাউজান উপজেলার ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়কে কেন্দ্র করে পটিয়াপাড়া এলাকার শামসুদ্দিন সওদাগরের ছেলে সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান একই এলাকার মো. শফির ছেলে সাব্বির হাসান। গুরুতর আহত সাইফুদ্দিন বর্তমানে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে যোগাযোগের ভরসা বাঁশের সাকু, নির্মাণে হিল ভিডিপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন