০১:৫৯ পি.এম
বাংলাদেশ কোস্ট গার্ড সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে। মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত, যিনি কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ডের সূত্র অনুযায়ী, একটি কাঠের ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার তথ্য পেয়ে সাগরে নজরদারি শুরু করে কোস্ট গার্ড সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলারটির অবস্থান শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়। তবে ট্রলারের চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।
আরও পড়ুন: রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩
ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশি নাগরিক। কোস্ট গার্ড জানায়, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘সাগরপথে মানবপাচারের চেষ্টা নস্যাৎ করে ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন