ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু, ৫০০ জন অসুস্থ


ইরানে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু, ৫০০ জন অসুস্থ

ইরানে বিষাক্ত মদপানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরো অন্তত ৫০০ জন। নভেম্বরের মাঝামাঝি থেকে দেশটির বিভিন্ন প্রদেশে মিথানল মেশানো মদ পান করার ফলে এসব মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। মিথানল সাধারণত চিকিৎসায় জীবাণুনাশক ও ক্ষত পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। এটি পান করলে মৃত্যুর ঝুঁকি থাকে।

দুই বছর আগে দূষিত মদ বিতরণের অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ইরানে। ওই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল এবং ১৯৯ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। দুই বছর পর আবারও দেশটিতে ব্যাপক আকারে বিষাক্ত মদপানের ঘটনা ঘটেছে।

মধ্য ইরানের ফার্স প্রদেশের মারভদাশতে গত ১৬ নভেম্বর প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর শুক্রবার পর্যন্ত ফার্স প্রদেশে ৬৬ জন, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ১২৬ জন, রাজাভি খোরাসান প্রদেশে ২৩০ জন এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে ১৫ জন বিষাক্ত মদপানে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত

এসব ঘটনার পর অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার পর্যন্ত দেশজুড়ে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাজাভি খোরাসান প্রদেশের কৌঁসুলি জানান, রাজাভি খোরাসান, ফার্স ও হরমোজগান প্রদেশের বিষাক্ত মদপানের ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। দূষিত মদ বিতরণের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ মদের উৎপাদন নিয়েও তদন্তের পরামর্শ দিয়েছেন তেহরানের পুলিশের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু মদ বিতরণব্যবস্থা নয়, অবৈধ মদ উৎপাদনের পুরো প্রক্রিয়া নিয়েও তদন্ত করতে হবে।

তিনি বলেন, ‘একাধিক শহর বা প্রদেশে মিথানল বিষক্রিয়ার ঘটনা ঘটলে তদন্তকারীদের শুধু বিতরণব্যবস্থার দিকে তাকালে চলবে না। উৎপাদনব্যবস্থাও খতিয়ে দেখতে হবে।’

আরও পড়ুন: রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩

ওই কর্মকর্তা আরো বলেন, অনেক সময় মদ বিক্রেতারা নিজেরাও জানেন না যে তাদের বিক্রি করা মদে বিষাক্ত উপাদান রয়েছে। এমন পরিস্থিতিতে দূষিত মদ উৎপাদনের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার না করা পর্যন্ত তদন্ত চালিয়ে যেতে হয়।

১৯৮০ সালে ইসলামি বিপ্লবের পর ইরানে মদ নিষিদ্ধ করে আইন করা হয়। তবে খ্রিষ্টান ও ইহুদিদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ওয়াইনসহ কিছু মদ্যপ পানীয় গ্রহণের সুযোগ রয়েছে।

দেশটিতে মদ কেনাবেচা বেআইনি। মদ পান করলে ৮০টি বেত্রাঘাত ও কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে। বারবার একই অপরাধ করলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে।

কঠোর আইন থাকা সত্ত্বেও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সম্প্রতি নাগরিকদের মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তবে কেউ মদ পান করার পর অস্বাভাবিক কোনো উপসর্গ অনুভব করলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

পুলিশের সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তার মতে, উৎপাদনে সস্তা চিকিৎসায় ব্যবহৃত অ্যালকোহল ব্যবহার করায় অবৈধ মদ পান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘তারা সাধারণত চিকিৎসায় ব্যবহৃত ইথানল কিনে তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ আঙুর বা খেজুর থেকে তৈরি অ্যালকোহল মেশায়। এরপর তা বিক্রি করে। কেউ কেউ রং ও স্বাদ পরিবর্তনের জন্য চা বা অ্যাকর্নের নির্যাস ব্যবহার করে। আবার কেউ বাণিজ্যিক মদের মতো স্বাদ ও চেহারা দিতে টেকিলা বা হুইস্কির মতো স্বাদযুক্ত উপাদান মেশায়।’

তিনি আরো বলেন, চিকিৎসায় ব্যবহৃত অ্যালকোহলে সাধারণত ইথানল থাকার কথা। কিন্তু বিভিন্ন কারণে এতে কখনো কখনো মিথানলের সামান্য পরিমাণ বা বেশি ঘনত্ব থাকতে পারে। মদ তৈরিতে ব্যবহৃত ইথানল মিথানল দিয়ে দূষিত হলে চূড়ান্ত পানীয় অত্যন্ত বিষাক্ত হয়ে উঠতে পারে। এমনকি উৎপাদকেরাও অনেক সময় বুঝতে পারেন না যে তারা যে অ্যালকোহল কিনেছেন, সেটি দূষিত। ফলে ভোক্তারা মারাত্মক বিষক্রিয়ার ঝুঁকিতে পড়েন।

দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি

আরও পড়ুন: মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা, ৩১৭ জন উদ্ধার

ইরানের বড় শহরগুলোতে মদ সহজলভ্য বলে জানিয়েছেন দেশটির নাগরিকেরা। ২০১০-এর দশকের শুরুর দিকে দেশটিতে পরিচালিত দুটি সরকারি গবেষণায় ১৫ থেকে ৬৪ বছর বয়সিদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়ার তথ্য উঠে আসে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১১ সালে পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে দেখা যায়, প্রতি এক লাখ মানুষের মধ্যে ৮৩০ জন মদে আসক্ত। সংখ্যার হিসাবে তা প্রায় ৬ লাখ ২৩ হাজার। একই জরিপে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২ হাজার ৮০০ জনের বিনোদনমূলকভাবে মদ পানের তথ্য পাওয়া যায়।

আরেকটি জরিপে ১৮ বছরের কম বয়সি তরুণ এবং নারীদের মধ্যে মদ্যপানের প্রবণতা বিশেষভাবে বাড়ার কথা বলা হয়। তবে ২০২১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকটি গবেষণায় ইরানে মদ্যপানের প্রবণতা বৃদ্ধি নিয়ে মিশ্র চিত্র উঠে আসে।

ইরানের মাশহাদের সাধারণ চিকিৎসক শাদি হাসানজাদেহ আলজাজিরাকে বলেন, রোগীরা যখন ঝাপসা দেখা, ধীরে ধীরে চেতনা হারানো কিংবা খিঁচুনির মতো গুরুতর সমস্যায় পড়েন, তখনই তারা বুঝতে পারেন যে এটি সাধারণ মদ্যপানের প্রভাব নয়। এরপর চিকিৎসা নিতে যান। তবে ততক্ষণে অনেক ক্ষেত্রে তাদের দৃষ্টিশক্তি বাঁচানো কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: ডব্লিউএফপি ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে

হাসানজাদেহ বলেন, ‘ঘরে তৈরি মদে মিথানল বা শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল মেশানো অত্যন্ত বিপজ্জনক। কারণ, পানীয়তে এটি আছে কি না, তা ভোক্তাদের পক্ষে বোঝার কোনো উপায় নেই। এর প্রভাব বোঝা যাওয়ার আগেই শরীরের গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে।’

তেহরানের একটি চক্ষু হাসপাতালের নার্স মরিয়ম আলজাজিরাকে বলেন, ইরানে মদ নিষিদ্ধ হলেও অবৈধ মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা সাধারণত চিকিৎসকদের কাছে মদ পানের বিষয়টি গোপন করেন না।

তিনি বলেন, ‘শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল পান করলে অন্ধত্ব হতে পারে—এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। এ কারণে চক্ষু হাসপাতালগুলোতেই অনেকে প্রথমে চিকিৎসা নিতে আসেন। তাদের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো দৃষ্টিশক্তির সমস্যা।’

মরিয়মের মতে, শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল পান করার পর দ্রুত চিকিৎসা নিলে দৃষ্টিশক্তি রক্ষার সম্ভাবনা বাড়ে—এ বিষয়টি অনেকেই জানেন না। বিষক্রিয়ার বিষয়টি বুঝতে না পারায় তারা চিকিৎসা নিতে দেরি করেন। ফলে অনেক ক্ষেত্রে চিকিৎসকদের আর কিছু করার থাকে না।

আরও পড়ুন: জনবল ঘাটতি পূরণে নতুন সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

তিনি আরো বলেন, সাধারণত সপ্তাহের শেষে এবং জাতীয় উৎসবের সময় মদপানে বিষক্রিয়ার ঘটনা বেশি ঘটে। এসব সময়ে ইরানিরা কর্মব্যস্ততা ও পড়াশোনার চাপ থেকে কিছুটা অবসর পান।

মরিয়ম বলেন, ‘মিথানল পান করার প্রথম ২৪ ঘণ্টায় এর উপসর্গ সাধারণ হ্যাংওভারের মতো মনে হতে পারে। ফলে বিপদের বিষয়টি বুঝতে অনেকের অসুবিধা হয়। প্রায় ৭২ ঘণ্টা পর উপসর্গ গুরুতর হয়ে উঠলে তাঁরা বুঝতে পারেন, বড় কোনো সমস্যা হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপজেলা কমিটির অবহিতকরণ সভা।

‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত মেয়াদের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচন বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়।

রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিজাম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

সভায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন, কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। দরিদ্র ও অসহায় নারীদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জ ও দোহারে ডিবির অভিযানে দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


কেরানীগঞ্জ ও দোহারে ডিবির অভিযানে দুই নেতা গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ ও দোহারে পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা ও দোহার থানা এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের দুটি দল ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, যিনি জাহিদ মিয়া নামেও পরিচিত (৪০) এবং দোহার উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি জিল্লুর রহমান (৪৯)।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া মডেল টাউনের রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোহার থানার কার্তিকপুর বাজার এলাকায় চর বৈতা ব্রিজের কাছ থেকে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি চর বৈতা এলাকার বাসিন্দা।

ডিবি দক্ষিণের ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ২০২৬ সালের ১০ জুন ওই মামলাটি দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

গাজায় ফুটবল আবার ফিরেছে, তিন বছর বন্ধ থাকার পর ২০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। যুদ্ধের ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘরবাড়ি এবং ইসরাইলি সেনাদের অবস্থানের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার শহরটিতে প্রায় ২ হাজার ফিলিস্তিনি খেলা দেখতে জড়ো হন।

ধ্বংসস্তূপের মধ্যে একটি পুরোনো যানবাহন রাখার স্থানে বালুময় মাঠ তৈরি করে আয়োজকরা টুর্নামেন্টের আয়োজন করেন। দর্শকরা কেউ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকেন, আবার কেউ মাঠের চারপাশে সারিবদ্ধভাবে অবস্থান করেন। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ ও গোলের মুহূর্তে দর্শকদের উল্লাসে মেতে ওঠা দেখা যায়।

ইসরাইলের হামলার কারণে খান ইউনিসে ফুটবল খেলা প্রায় তিন বছর বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর এই আয়োজন শহরের শিশু-কিশোর ও তরুণদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। যুদ্ধের আগে ফুটবলের মাধ্যমে তাদের যে আনন্দ ছিল, ধ্বংসস্তূপের মধ্যেও সেই পরিচিত পরিবেশ কিছুটা ফিরে এসেছে।

ইসরাইলি সেনাদের অবস্থানের কাছেই খেলা

খেলার মাঠের জন্য উপযুক্ত স্থান না থাকায় এবং ক্রীড়াসামগ্রীর তীব্র সংকটের কারণে আয়োজকেরা ইসরাইলি সেনাবাহিনীর নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি একটি খোলা জায়গা বেছে নিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পর ইসরাইলি সেনাবাহিনী এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করে। এটি শুরুতে ইসরাইলি সেনাদের অবস্থান ও গাজার বাকি অংশের মধ্যকার সীমারেখা হিসেবে নির্ধারিত হয়েছিল। তবে ওই রেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের অভিযানের ফলে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা তাদের সামরিক নিয়ন্ত্রণে চলে গেছে।

একটি দলের কোচ নাহিদ আবদিন জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের আরো কাছাকাছি আনতে চান। একই সঙ্গে তিনি ওই এলাকায় এখনো বসবাস করা ফিলিস্তিনিদের পরিস্থিতির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান।

তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলার মধ্য দিয়েও যুদ্ধ করছি, খেলার চেতনার মধ্য দিয়েও লড়াই চালিয়ে যাচ্ছি।’ আবদিনের মতে, খেলোয়াড়েরা মাঠে এসেছেন মানুষকে আনন্দ দিতে এবং তাদের এই অনুভূতি দিতে যে এখনো কিছু একটা টিকে আছে, এই ভূখণ্ডে ফিলিস্তিনিরা এখনো রয়েছেন।

তবে ইসরাইলি সামরিক অবস্থানের এত কাছে খেলা আয়োজনের ঝুঁকি কম নয় বলে তিনি জানান। আবদিন বলেন, সেখানে প্রতিনিয়ত গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা যায়। ঝুঁকি অনেক বেশি, তবে নিরাপদ থাকার জন্য তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।

স্বাভাবিক জীবনে ফিরতে চান বাসিন্দারা

খান ইউনিসের মেয়র আলা আল-দিন আল-বাত্তা বলেন, টুর্নামেন্টে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ওই এলাকায় থাকার ব্যাপারে বাসিন্দাদের দৃঢ় সংকল্পের প্রতিফলন। বিশেষ করে ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

মেয়র জানান, ইসরাইলি সেনাবাহিনী এলাকাটিকে ‘অরেঞ্জ জোন’ হিসেবে চিহ্নিত করার পর সেখানকার অধিকাংশ বাসিন্দাকে চলে যেতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্য মানুষের মতো জীবনযাপন করতে চাই। এমন একটি স্বাভাবিক জীবন চাই, যেখানে খেলাধুলা করতে পারব এবং প্রতিদিনের কাজগুলো নির্বিঘ্নে করতে পারব।’

এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকে তাদের প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এতে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন মেয়র।

যুদ্ধে প্রাণ গেছে ক্রীড়াঙ্গনের ১ হাজার ১৪ জনের।

গাজার ক্রীড়াঙ্গনে ইসরাইলের যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়াম এর আগে জানিয়েছিলেন, যুদ্ধে খেলাধুলা, যুব কার্যক্রম ও স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৫৬০ জনের বেশি খেলোয়াড়, রেফারি, কোচ ও প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, যারা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ২৬৫টির বেশি ক্রীড়া স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে স্টেডিয়াম, ইনডোর স্পোর্টস হল, ক্লাব ভবন ও ক্রীড়া একাডেমি।

বর্তমানে গাজার অধিকাংশ ক্রীড়া স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে আছে। পাশাপাশি ক্রীড়াসামগ্রী প্রবেশে বিধিনিষেধ এবং প্রয়োজনীয় অর্থ ও উপকরণের অভাবে সেগুলো পুনর্নির্মাণের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও খান ইউনিসের এই ফুটবল টুর্নামেন্ট তাই কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; বরং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, সামাজিক বন্ধন টিকিয়ে রাখা এবং নিজেদের ভূখণ্ডে টিকে থাকার প্রত্যয়েরও প্রকাশ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


জামায়াতের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় নেতাকর্মীদেরকে জরুরি নির্দেশনা প্রদান করেছে, যাতে দেশের সকল উপজেলা ও থানায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিবৃতিতে সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় জামায়াতের পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%