আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা
০৯:০৬ পি.এম
মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি হাজী আব্বাস আলীকে উদ্দেশ্য করে টিলাগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি সুরমানের ফেসবুক আইডিতে একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে।
১৯ জুলাই রাত ৭ ঘটিকায় তিনি হাজী আব্বাস আলীর কাছে সহযোগিতা চাইলেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সুরমানের লেখা এই চিঠিটি হুবহু উল্লেখ করা হলো।
সম্মানিত জনাব আব্বাস আলী চাচা,
সভাপতি, টিলাগাঁও ইউনিয়ন বিএনপি।
আসসালামু আলাইকুম।
আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একজন সচেতন নাগরিক ও মিয়ারপাড়া গ্রামের সন্তান হিসেবে, আপনার কাছে আমাদের একটি বিনীত আবেদন রয়েছে।
মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের মানুষের বহু বছরের স্বপ্ন একটি টেকসই পাকা রাস্তা। বর্ষা এলেই এই রাস্তা কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী, শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
আমরা বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় তাঁর কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তাই আমরা আশা করছি, আপনি যদি আমাদের গ্রামটি সরেজমিনে পরিদর্শন করেন এবং এই রাস্তাটিকে আপনার অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনায় স্থান দেন, তাহলে মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের হাজারো মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করবেন।
আমাদের কোনো ব্যক্তিগত দাবি নেই, কোনো রাজনৈতিক বিরোধও নেই। আমাদের একটাই দাবি—মিয়ারপাড়া শাহজাদাপুর বলাকান্দি সন্দ্রাবাজ গ্রামের মানুষের জন্য একটি নিরাপদ ও টেকসই পাকা রাস্তা।
আশা করি, ইনশাআল্লাহ আপনি জনগণের এই ন্যায্য দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং মানুষের আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেবেন।
বিনীত,
মিয়ারপাড়া গ্রামের সাধারণ মানুষ
সুরমান আহমদ
সভাপতি ৭ নং ওয়ার্ড ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রিয় দল ব্রাজিল বিশ্বের ফুটবল বিশ্বকাপ থেকে অনেক আগেই ছিটকে পড়ে গিয়েছে। তবে এখনো বিশ্বজুড়ে চলা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ঢালিউড পাড়াকেও ছুঁয়ে গেছে। বিশেষ করে মহোৎসবের ফাইনাল ম্যাচটি নিয়ে চিন্তিত থাকার পাশাপাশি উচ্ছ্বসিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি বিশ্বাস করেন, আজ রাতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হতে যাচ্ছেন।
দুই দলই তাদের খেলা নিয়ে খুবই এক্সসাইটেড। বর্তমানে উভয়ই সেরা পর্যায়ে রয়েছে। এই ম্যাচে কী ঘটবে তা বলা অত্যন্ত কঠিন। এই লড়াইটি দেখার জন্য অস্থির হয়ে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি মনে করেন, এমনকি এমন হতে পারে যে, অনেকেই এই ম্যাচ দেখে স্ট্রোক করে ফেলতে পারেন! তবে তার ইচ্ছা, একটি ভালো ম্যাচ হোক এবং সারা বিশ্বে এটি সেরা হয়ে থাকুক।
ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি, আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, এবং কার হাতে উঠবে সোনালী ট্রফি? এই প্রশ্নের উত্তরে রাজ কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। বরং দুই দলের প্রতি সমান শ্রদ্ধা দেখিয়েছেন।
রাজ একজন ব্রাজিলের কট্টর সমর্থক। খেলা শুরুর আগেই সেলেসাওদের জার্সি পরে তিনি ভক্তদের কাছে তা প্রকাশ করেছেন। প্রিয় দল বাদ পড়ার কারণে তার মন কিছুটা খারাপ হয়েছে, তবে তিনি আশা করেন, ভবিষ্যতে ব্রাজিল রাজকীয়ভাবে ফিরে আসবে অনেক বেশি শক্তিশালী হয়ে। তবে আপাতত তিনি মেসি ও ইয়ামালের জাদুর প্রতি মনোনিবেশ করেছেন। ফুটবল বিশ্বের এই দুই সেনসেশনের হাতে তিনি দেখতে চান কাঙ্খিত কাপটি।
হার বা জিত যাই হোক না কেন, কোটি ফুটবল ভক্তের মতো শরীফুল রাজও এখন ফাইনালের রোমাঞ্চে বুঁদ হয়ে রয়েছেন। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ে শেষ বাঁশি বাজার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও, কীভাবে নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে, সে বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারছে না উচ্চপর্যায়ের সচিব কমিটি। মূল বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা কত ধাপে বাস্তবায়ন হবে, সফটওয়্যার ইস্যু এবং নানা জটিলতায় আগস্টে গেজেট হবে কিনা, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে গঠিত সচিব কমিটি, আরও দুই থেকে তিনটি সভা শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলেও জানা গেছে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পেলেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হবে।
গত বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হলো। সভায় নবম জাতীয় বেতন কমিশনের বিভিন্ন সুপারিশ পর্যালোচনার পাশাপাশি অষ্টম বেতন কাঠামোর সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ বা বৈষম্যের অভিযোগ না ওঠে, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ কারণে প্রতিটি সুপারিশের পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র থেকে আরও জানা যায়, ২০১৫ সালের অষ্টম বেতন কাঠামো বাস্তবায়ন করা হওয়ার পর সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণির চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে তখন স্পষ্ট নির্দেশনা ছিল না। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্কতার সঙ্গে কাজ করছে কমিটি।
সচিব কমিটির সদস্যরা নীতিগতভাবে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তটিকে চূড়ান্ত না করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
এদিকে, দুই ধাপে বাস্তবায়নের বাইরে, তিন ধাপেও নতুন স্কেল বাস্তবায়নের আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, দুই ধাপে বাস্তবায়নের আলোচনা ছাড়াও এখন আবার তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে শুধু মূল বেতন কার্যকর করা হবে, এবং পরবর্তী দুই ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে পে-স্কেল বাস্তবায়নে প্রতিবন্ধকতা, সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়নের ধাপ, সফটওয়্যার কাঠামো ও প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে বেতন কমিশনের সুপারিশ করা ২০টি গ্রেড নিয়েও আলোচনা হয়েছে। গ্রেডের সংখ্যা অপরিবর্তিত থাকবে, না কি কমানো বা বাড়ানো হবে সে সম্পর্কেও মতামত প্রকাশ করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের বেতন ৪৮ হাজার ৪০০ টাকা, এবং প্রথম গ্রেডের বেতন এক লাখ ৬০ হাজার টাকা রাখার প্রস্তাব রয়েছে।
পে-স্কেল বিষয়ে আরও খবর হল, নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে সরকার এই বড় বরাদ্দ রাখার পরেও, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না। কারণ, এ বিষয়ে এখনো গেজেট জারি হয়নি। এ নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছে। একটি সূত্র বলছে, আগস্টেই গেজেট জারি হতে পারে। তবে আরেকটি সূত্রের দাবি, অক্টোবরের আগে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অনিশ্চয়তার কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং অতিরিক্ত আর্থিক সুবিধার হিসাব-নিকাশ করতেই সরকার হিমশিম খাচ্ছে। এই কারণে সচিব কমিটি একাধিক বৈঠক করেও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতে পারেনি। আর্থিক বাস্তবতা বিবেচনায়, বেতন কমিশনের সুপারিশে কিছু কাটছাঁটের পরিকল্পনা করা হচ্ছে। মূল বেতন, ভাতা ও অন্যান্য সুবিধায় পরিবর্তন আনার পাশাপাশি তা তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে শুধুমাত্র মূল বেতন কার্যকর হবে। পরবর্তী ধাপগুলোতে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত হবে। তবে ধাপভিত্তিক বাস্তবায়নে প্রযুক্তিগত জটিলতাও বিদ্যমান। বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং আইবাস প্লাস সফটওয়্যারের সাহায্যে বেতন, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধ করা হয়।
ফলে, মূল বেতন কয়েক ধাপে কার্যকর করতে হলে পুরো সফটওয়্যার কাঠামোয় পরিবর্তন আনতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও জটিল। এসব কারণে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ সম্পর্কেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহাকাশে বসে কম্পিউটারের মতো ডেটা বিশ্লেষণ করার নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে চীন। এই প্রকল্পের প্রথম ধাপ হিসেবে কয়েকটি স্যাটেলাইটের একটি দল মহাকাশে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের সাংহাই শিংশু তিয়ানসুয়ান স্পেস টেকনোলজি কম্পানি জানিয়েছে, পুরো প্রকল্পে ১ হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সহজভাবে বললে, মহাকাশ থেকে কোনো তথ্য সংগ্রহের পর সেটি আগে পৃথিবীতে পাঠাতে হবে না। মহাকাশেই স্যাটেলাইটগুলো সেই তথ্য বিশ্লেষণ করতে পারবে।
এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দূর থেকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা যাবে। এতে একসঙ্গে অনেক ডেটা পৃথিবীতে পাঠানোর প্রয়োজন কমবে।
ফলে ডেটা পাঠাতে সময় কম লাগতে পারে। একই সঙ্গে ইন্টারনেট ও ডেটা ব্যবহারের চাপও কমবে।
শিংশু তিয়ানসুয়ান জানায়, এই উৎক্ষেপণের মাধ্যমে চীনের প্রথম মহাকাশভিত্তিক কম্পিউটিং নেটওয়ার্ক তৈরির কাজ আরো এক ধাপ এগিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাংহাইয়ে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময়ই এ ঘোষণা দেওয়া হয়। এদিকে ইলন মাস্কের স্পেসএক্সও মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছে। এআই প্রযুক্তির উন্নয়ন আরও দ্রুত করতেই বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এমন প্রযুক্তির দিকে ঝুঁকছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের ম্যাচ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও।
১৯৯৪ এবং ২০০২ সালে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, লুইস দে লা ফুয়েন্তের স্পেন বেশ সহজেই শিরোপা জিততে যাচ্ছে।
টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স এবং স্পেনকে নিজের ফেভারিট মনে করে আসা রোনালদো বলেন, ‘আমি মনে করছি স্পেনই ম্যাচটা জিতবে এবং তাদের জয় বেশ সহজ হবে। তারা এবং ফ্রান্স, শুরু থেকেই আমার ফেভারিট ছিল। স্পেন অসাধারণ ফুটবল খেলছে এবং এটা তাদের ডিএনএ-তে আছে। সেই ছোটবেলা থেকে তারা এই দর্শনে খেলে বড় হয়েছে।’
স্পেনকে পরিষ্কারভাবে এগিয়ে রাখলেও, আর্জেন্টিনার চরিত্র এবং মাঠের ব্যক্তিত্বকে আলাদাভাবে সম্মান জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। শিরোপার লড়াইয়ে আলবিসেলেস্তেরা যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তা মনে করিয়ে দিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক।
চলতি বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলের পথচলার প্রশংসা করে ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনা দারুণ সময় পার করছে। তারা এমন এক দল, যারা যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠার এক অবিশ্বাস্য মানসিকতা দেখায়। তাদের ভেতরের এই সত্যিকারের লড়াকু মনোভাব সত্যিই ভীষণ সুন্দর।’
আলবিসেলেস্তেদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করলেও তিনি আশা প্রকাশ করেন যে স্পেনের হাই-পজিশন ফুটবলের সামনে তা টিকবে না বলে দাবি করেছেন। রোনালদো বলেন, ‘তবে স্পেন দলটি একদম নিখুঁতভাবে তৈরি। মাঠে প্রতিটি মুহূর্তে, ঠিক কোন সময় কী করতে হবে—সেটা তারা খুব ভালো করেই জানে।’
আজ দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের এই মঞ্চে নামার আগে দুই দলের সামনে রয়েছে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যদি আজ জিততে পারে, তবে ১৯৫৮ এবং ১৯৬২ সালের পেলের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে তারা। অন্যদিকে, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি জিতবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ