০৩:৩৬ এম
বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি এবং অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর থেকে তাদের সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেছে। তবে সম্প্রতি জ্যাকি একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে জ্যাকি ভগনানি একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন।
‘রায়া’ নামের একটি বিশেষ ডেটিং অ্যাপে, যা সেলিব্রিটিদের জন্য সংরক্ষিত, এই বলিউড তারকার প্রোফাইল দেখা গেছে বলে নেটপাড়ায় এক ধরনের হইচই শুরু হয়েছে। তবে এই প্রোফাইলটি আসলেই জ্যাকির অ্যাকাউন্ট, নাকি কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অথবা কেউ তার নাম নিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রেডিটের একজন ব্যবহারকারী সম্প্রতি একজন ইউটিউবারের ভিডিও থেকে এই স্ক্রিনশটটি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশটে দেখা যায়, ‘জ্যাকি’ নামের ওই প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন শহর।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
উল্লেখ্য, ‘রায়া’ একটি সাধারণ ডেটিং অ্যাপ নয়; এটি একটি ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম, যেখানে শুধু তারকা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নামী পেশাদাররাই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্ত হতে পারেন। তাই এই স্ক্রিনশটটি প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা ধরনের প্রতিক্রিয়া ও ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।
এই বিতর্কের টাইমিং নিয়ে নেটিজেনরা অধিক চর্চা করছেন। কারণ, মাত্র কয়েক মাস আগে, জ্যাকি তার বিয়ে সম্পর্কে একটি মন্তব্য করে আলোচনার তুঙ্গে চলে গিয়েছিলেন। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্ককে তিনি ‘সিচুয়েশনশিপ’ বা একধরনের জটিল প্রেমের সম্পর্ক বলেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপের মতো, যেখানে তারা একে অপরের প্রতি একনিষ্ঠ কিন্তু সবকিছু খোলামেলা আলোচনা করতে পারেন। সেই মন্তব্যের জন্য তুমুল সমালোচনা হলে, রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন যে, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গহীন এবং ভুলভাবে উপস্থাপন করে ক্লিকবেইট বা সস্তা খবরের শিরোনাম তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারির সময় একে অপরের প্রেমে পড়ে ২০২৪ সালে গোয়াতে একটি আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। এখন ডেটিং অ্যাপের এই নতুন গুঞ্জন বলিপাড়ার অন্যতম প্রধান আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন