০৭:২৬ পি.এম
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের অভিযোগে করা আবেদনের জরুরি শুনানি জোরালোভাবে নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বুধবার (২২ জুলাই) এই আবেদন উপস্থাপন করা হয়।
শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যখন পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ আদালতে দেখানোর অনুরোধ জানান, প্রধান বিচারপতি তখন বলেন, "ভিডিও দেখার মতো সময় আদালতের নেই।"
ভারতের গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া ও পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে উপস্থিত ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, ৩ হাজার মিটার কারেন্টজাল জব্দ
আবেদনকারীর আইনজীবী এ সময় আদালতকে জানান, সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে তরুণ ও শিক্ষার্থীদের ওপর পুলিশ চরম নৃশংসতা চালিয়েছে। বিষয়টি প্রমাণিত করার জন্য ভিডিওর উল্লেখ করে তিনি মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান। তবে প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন, "ভিডিও দেখার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, সময়ও নেই। অযথা আদালতের সময় নষ্ট করবেন না।"
সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেন শিক্ষার্থীরা। এ জন্য হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের বাধার কারণে সংঘাতের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং ফলে উভয় পক্ষই আহত হয়।
এই ঘটনায় পরে যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট চালাচ্ছেন শিক্ষার্থীরা, যা ইতিমধ্যে দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। সেখানে রাতভর নতুন নতুন সমর্থক আসছেন এবং ভারী পুলিশি পাহারার মধ্যেও স্বেচ্ছাসেবকেরা খাবার সরবরাহ করছেন। গত ২০ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনড় রয়েছেন।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করা বিশিষ্ট লাদাখি সমাজকর্মী সোনম ওয়াংচুক বর্তমানে অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাসপাতালে শুয়েও অনশন অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
সোনম ওয়াংচুক জানিয়েছেন, "শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না করা হলে কিংবা বিষয়টি পার্লামেন্টে উত্থাপনের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি অনশন ভাঙবো না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন