ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধ্বংসস্তূপে উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, পৌঁছে দেবে ওষুধ


ধ্বংসস্তূপে উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, পৌঁছে দেবে ওষুধ

ভূমিকম্প বা ভবনধসের পর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের কাছে দ্রুত ওষুধ পৌঁছে দেওয়ার জন্য ভবিষ্যতে বিশাল আকৃতির ‘সাইবর্গ’ তেলাপোকা ব্যবহার করা হতে পারে। এই সম্ভাবনার ওপর গবেষণা পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞানীরা।

জানাচ্ছে, উত্তর কুইন্সল্যান্ডের জায়ান্ট বুরোয়িং ককরোচের শরীরে বিশেষ যন্ত্র, যার মধ্যে ক্ষুদ্র ক্যামেরা ও সিরিঞ্জ রয়েছে, সেটি বসানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আকৃতির এই তেলাপোকার দৈর্ঘ্য প্রায় ৮ দশমিক ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। গবেষকরা এই তেলাপোকাদের ‘প্যারাবর্গ’ নাম দিয়েছেন।

 

আরও পড়ুন: ভারতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাতে চায় জাপান

বিশাল আকৃতির এই তেলাপোকার শরীরে স্থাপন করা ইলেকট্রোডের মাধ্যমে স্নায়ুতন্ত্রে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে দূর থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

একটি তেলাপোকা ক্যামেরার মাধ্যমে আটকে পড়া ব্যক্তিকে শনাক্ত করে, অন্যটি প্রয়োজনীয় ওষুধ বহন করে সেখানে পৌঁছে দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গবেষণায় নির্ধারিত স্থানে পৌঁছাতে তেলাপোকাগুলোর সাফল্যের হার ছিল শতভাগ। অন্যদিকে, ওষুধ সরবরাহের সামগ্রিক সাফল্যের হার ছিল ৭২ শতাংশ। তবে লক্ষ্যবস্তুর ১৫ সেন্টিমিটারের মধ্যে থেকে ইনজেকশন প্রয়োগ করা হলে সাফল্যের হার ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়।

আরও পড়ুন: সংস্কৃতিও যখন নিয়ন্ত্রণের হাতিয়ার: শি চিনপিংয়ের সাংস্কৃতিক তত্ত্বের প্রভাব

 

গবেষকদের আশা, ভবিষ্যতে ধ্বংসপ্রাপ্ত ভবন, গুহা বা দুর্গম স্থানে আটকে পড়া মানুষের কাছে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই এই তেলাপোকা দল জরুরি ওষুধ পৌঁছে দিয়ে তাদের জীবন বাঁচাতে সহায়তা করতে পারবে। সাপের কামড় বা তীব্র অ্যালার্জির মতো জরুরি পরিস্থিতিতেও এ প্রযুক্তি কাজে লাগানো সম্ভব হতে পারে।

তবে গবেষণাটি এখনো পরীক্ষাগার পর্যায়ে রয়েছে। সিলিকনের লক্ষ্যবস্তু ও শূকরের চামড়ায় পরীক্ষা চালানো হয়েছে। বাস্তব পরিস্থিতিতে ধ্বংসস্তূপের জটিল পরিবেশ, যোগাযোগ সংকেত বিচ্ছিন্ন হওয়া এবং নিরাপদে ইনজেকশন প্রয়োগের মতো বিষয়গুলো নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।

আরও পড়ুন: নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশে ককরোচ পার্টির সমর্থন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


কাঁঠালিয়ায় নদীগর্ভে বিলীন স্কুল মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয় ভবন ও মাঠ রক্ষার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সাবেক সভাপতি এবং স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় বিদ্যালয়ের মাঠের সম্মুখে পাকা সড়কের ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আক্তার হোসেন নিজাম মীরবর, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নদীভাঙনের ফলে বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। মাঠের অভাবে তারা খেলাধুলা করতে পারছেন না। একই সময়ে বিদ্যালয়ের ভবনও বর্তমানে ঝুঁকির সম্মুখীন রয়েছে। যদি দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

শিক্ষার্থীরা বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের কাছে আমাদের বিনীত আবেদন, অনতিবিলম্বে নদীভাঙন থেকে আমাদের বিদ্যালয়ের মাঠ ও ভবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা মাঠ হারিয়ে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। তাই দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠটি রক্ষা করার ব্যবস্থা করা প্রয়োজন।”

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তার হোসেন নিজাম মীরবর বলেন, “মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল যখন এখানে এসেছিলেন, তখন তিনি বিদ্যালয়ের মাঠের বর্তমান পরিস্থিতি দেখেছেন। তিনি মাঠটি কীভাবে রক্ষা করা যায় এবং প্রয়োজনে কীভাবে মাঠের পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

বক্তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল ঘাটাইলে সরকারি হাসপাতালের ওষুধভর্তি ট্রাক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


টাঙ্গাইল ঘাটাইলে সরকারি হাসপাতালের ওষুধভর্তি ট্রাক আটক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভর্তি একটি ট্রাক ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয় জনতার দ্বারা আটক করা হয়েছে। পরে ওই ট্রাকটি ভূঞাপুর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রাক ও ওষুধগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভূঞাপুরের গোবিন্দাসীর উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোবিন্দাসী টি-রোড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি থামিয়ে এর ভেতরে থাকা ওষুধের বিষয়ে জানতে চান। একপর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হলে ট্রাকটি ভূঞাপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঘাটাইল সরকারি হাসপাতাল থেকে সরকারি ওষুধ অন্যত্র নেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানতে চাচ্ছেন, ওষুধগুলো কোথায় নেওয়া হচ্ছিল, কী উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এবং এর বৈধ অনুমোদন ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন।

ঘটনার পর ওষুধ ভর্তি ট্রাকটি ভূঞাপুর থানায় থাকায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সরকারি হাসপাতালের ওষুধ পরিবহনের ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়েছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

এদিকে ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, ওষুধসহ ট্রাকটি জব্দ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল থেকে ভেসে আসা গ্যাস সিলিন্ডার নিতে হুড়োহুড়ি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


নেপাল থেকে ভেসে আসা গ্যাস সিলিন্ডার নিতে হুড়োহুড়ি, ভিডিও ভাইরাল

প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপাল। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই নদীতে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে মানুষের হুড়োহুড়ির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, নেপালের রসুয়া জেলা ও ভারত-নেপাল সীমান্তসংলগ্ন নদী এলাকায় ফুঁসে ওঠা স্রোতের সঙ্গে কাদা-আবর্জনার পাশাপাশি ভেসে আসছে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির বিভিন্ন সামগ্রী। এর মধ্যে বিপুলসংখ্যক রান্নার গ্যাসের সিলিন্ডারও দেখা যায়।

খবর ছড়িয়ে পড়ার পর নদীর তীরে ভিড় করেন অনেকে। কেউ দড়ি, কেউ বাঁশ, আবার কেউ জাল নিয়ে প্রবল স্রোতের মধ্যে ভেসে আসা সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা করেন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমেও এসব জিনিস তীরে তুলে আনেন।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের নেটিজেন এ ঘটনাকে ‘চরম অমানবিকতা’ ও ‘হরিলুট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের ভাষ্য, ভয়াবহ দুর্যোগে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার স্বজন হারানোর শোকে কাতর, তখন দুর্গত মানুষের ভেসে যাওয়া সম্পদ সংগ্রহে মেতে ওঠা লজ্জাজনক।

🇳🇵 Nepal got hit by a flash flood that wiped out villages... Then this video starts circulating.

People are in waist-deep mud, dragging cooking gas cylinders out of the water to use for later.

Families are missing, houses are gone, and this is what some people chose to do with…

তবে অন্য একটি পক্ষের দাবি, ভয়াবহ বন্যায় বহু পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। খাদ্য ও বেঁচে থাকার সংকটে পড়া মানুষ জরুরি প্রয়োজন মেটাতেই নদীতে ভেসে আসা রান্নার সামগ্রী সংগ্রহের ঝুঁকি নিচ্ছেন।

প্রসঙ্গত, বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভোটেকোশী ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। বন্যার স্রোতে বহু স্থাপনা, সেতু ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগের এই পরিস্থিতিতে নদীতে ভেসে আসা গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সামগ্রী সংগ্রহের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনামে মেয়ের ছবি শেয়ার করলেন ‘গাজনি’র অসিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


অনামে মেয়ের ছবি শেয়ার করলেন ‘গাজনি’র অসিন

বলিউড অভিনেত্রী অসিন থোট্টুমকল, যিনি দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের ছবি শেয়ার করেছেন। ব্যক্তিগত জীবন তিনি বেশিরভাগ সময় আড়ালে রাখেন।

অসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন, তবে বিশেষ উপলক্ষে মাঝে মাঝে তার মেয়ে আরিনের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার অনাম উপলক্ষে অসিন তার মেয়ের কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, আরিন বাবা রাহুল শর্মার সঙ্গে অনাম উদযাপনে অংশ নিয়েছে।

 

মেয়ের এমন ছবি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। অসিনের শেয়ার করা ছবিতে আরিনকে হলুদ ও কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। পোশাকটিতে পাফড স্লিভ এবং সোনালি নকশার কাজ ছিল। চারপাশে নানা রঙের ফুলের সাজে সজ্জিত ছিল পরিবেশ।

 

একটি ছবিতে দেখা যায়, আরিন টেবিলের ওপর গাঁদা, গোলাপসহ বিভিন্ন ফুল দিয়ে পুক্কালাম সাজাচ্ছে। অনাম উৎসবের এই ফুলের সাজ তৈরির সময় তার পাশে ছিলেন বাবা রাহুল শর্মা। আরেকটি ছবিতে রাহুলকে মেয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবা-মেয়ের এই ঘরোয়া মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।

অসিন অভিনয় থেকে সরে যাওয়ার পর তার পারিবারিক জীবনকে ব্যক্তিগত রেখেছেন।

 

তিনি খুব কমই প্রকাশ্যে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি বা ব্যক্তিগত আপডেট দেন না। তার সাম্প্রতিক পোস্টগুলোর বেশিরভাগই মেয়ে আরিনকে কেন্দ্র করে। বিশেষ করে মেয়ের জন্মদিনের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ২০২২ সালের অক্টোবরে আরিনের পঞ্চম জন্মদিনের ছবি প্রকাশ করেছিলেন অসিন। পরের বছর মেয়ের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে প্যারিস থেকে ছবি শেয়ার করেন। সেসব ছবিতে বাবা রাহুল শর্মার সঙ্গেও দেখা যায় আরিনকে। ২০২৪ সালে আরিনের সপ্তম জন্মদিনের ছবিও প্রকাশ করেন অসিন। সেবারের আয়োজনের থিম ছিল ‘বিজি বি’। অনুষ্ঠানে মৌমাছির আদলে সাজসজ্জা, বেলুন এবং বিশেষভাবে তৈরি কেক ছিল। কেকে বাদ্যযন্ত্র, বই ও বিভিন্ন ভাষার উল্লেখ ছিল। এরপর দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসিনের কাছ থেকে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। অনাম উপলক্ষে প্রকাশিত এবারের ছবিগুলো তাই বিশেষভাবে নজর কেড়েছে।

অসিন অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন। তার প্রথম সিনেমা ছিল মালয়ালম ভাষার ‘নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকা’। এরপর তামিল ও তেলুগু সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল হওয়ার পর বলিউডেও নিজের জায়গা করে নেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গাজনি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অসিনের। সিনেমাটিতে তিনি কল্পনা চরিত্রে অভিনয় করেন।

কল্পনা ছিলেন প্রাণবন্ত এক মডেল। তিনি সঞ্জয় সিংহানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের ভান করলেও জানতেন না, সঞ্জয় আসলে একজন ধনী ব্যবসায়ী। সিনেমায় কল্পনার করুণ পরিণতি দর্শকদের আবেগতাড়িত করে। সত্য জানার আগেই তার মৃত্যু ঘটে। চরিত্রটি এখনো ‘গাজনি’র অন্যতম স্মরণীয় চরিত্র।

‘গাজনি’র পর অসিন একাধিক ব্যবসাসফল হিন্দি সিনেমায় অভিনয় করেন। সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’-এ অভিনয় করেন তিনি। পরে আবার সালমানের সঙ্গে জুটি বাঁধেন ‘রেডি’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়। এ ছাড়া তার উল্লেখযোগ্য হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অল ইজ ওয়েল’ ছিল তার সর্বশেষ হিন্দি সিনেমা। তামিল ও তেলুগু সিনেমাতেও তিনি সফল ক্যারিয়ার গড়েছেন।

২০১৬ সালের ১৯ জানুয়ারি ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। দিল্লিতে তাদের বিয়েতে খ্রিস্টান ও হিন্দু—দুই রীতিই অনুসরণ করা হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে তাদের মেয়ে আরিনের জন্ম হয়। বিয়ে ও সন্তান জন্মের পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অসিন। এরপর থেকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি জনজীবন থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি।

বর্তমানে পর্দায় দেখা না গেলেও মাঝে মাঝে মেয়ের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অসিন। অনাম উপলক্ষে আরিনের এবারের ছবিগুলোও সেই বিরল মুহূর্তগুলোর একটি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%