১১:২২ এম
বরিশাল জজকোর্ট আদালত প্রাঙ্গণের গেটের ভেতরে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকস্মিক এ বিস্ফোরণে আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীসহ উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দে আদালত প্রাঙ্গণে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন মামলার শুনানি ও অন্যান্য কাজে আদালতে আসা বিচারপ্রার্থীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নিরাপত্তার কারণে অনেকে ঘটনাস্থল থেকে সরে যান।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আদালত প্রাঙ্গণের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ করছেন বলে ঘটনাস্থলে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তবে কীভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিস্ফোরণের আলামত পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন—
মাছুদুর রহমান আসলাম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন