১১:৫৫ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সাথে ইতিবাচকভাবে বিবেচনা করছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে।
আজ শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
এতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এবং তাদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সকল অংশীজনের সাথে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে। এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ে প্রকাশিত হবে। এই রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি, এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
এতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সাথে নিয়ে চলছে। একই সঙ্গে তারা বিশ্বাস করেন যে, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব হবে। সেই প্রেক্ষাপটে, আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন