ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করল নোয়াখালী ব্লাড হান্টার


৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করল নোয়াখালী ব্লাড হান্টার
 
স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন Noakhali Blood Hunter (NBH) ৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করেছে।
 
সংগঠনটির স্বেচ্ছাসেবক নুর হোসেন নোমানের ১২তম রক্তদানের মধ্য দিয়ে পূর্ণ হয় Noakhali Blood Hunter-এর ৯০০০তম রক্তদান। এর মাধ্যমে সংগঠনটির স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
 
সংগঠন সংশ্লিষ্টরা জানান, এই ৯০০০ ব্যাগ রক্তদানের পেছনে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টা, রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘ পথচলা। বিভিন্ন সময়ে প্রয়োজনের মুহূর্তে রক্তের ব্যবস্থা করে অসংখ্য রোগী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
 
৯০০০ ব্যাগ রক্তদানের এই অর্জনকে শুধু একটি সংখ্যা হিসেবে দেখছেন না সংগঠনটির সদস্যরা। তাদের মতে, প্রতিটি রক্তদানের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা এবং অসংখ্য মানুষের মানবিক সহযোগিতার গল্প।
 
এ বিষয়ে Noakhali Blood Hunter-এর পরিচালনা প্যানেলের সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, “এই যাত্রা শুধু ৯০০০ ব্যাগ রক্তদানের নয়, আমাদের আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন রয়েছে। নোয়াখালীর রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে রক্তদান কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা আমাদের রয়েছে।”
 
তিনি বলেন, “ইনশাআল্লাহ, খুব দ্রুত আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করব এবং নোয়াখালীর রক্তদান কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করব। এই পথচলায় আমাদের স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও রক্তদাতারাই সবচেয়ে বড় শক্তি। তাদের পাশাপাশি নোয়াখালীর সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
 
Noakhali Blood Hunter-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, রক্তদাতাদের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করা এবং জরুরি সময়ে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
 
৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক পেরিয়ে মানবিক এই কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে Noakhali Blood Hunter। সংগঠনটির এই পথচলায় রক্তদাতা, স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে ধারণ করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি কোতোয়ালি থানা তাঁতি দলের সাবেক সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব সম্পন্ন করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি মোঃ শামসুল হক সুমন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাঁতি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দেশ ও দলের যেকোনো আন্দোলনে রাজপথে থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হওয়ায় কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, যুবদলসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনা ঘটার পর ‘আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার। হামলার পর ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এনসিপির নেতাকর্মীরা।

ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেব। যদি আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইট পর্যন্ত খুলে নেব।’

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘এ ধরনের বক্তব্য কেউ দিয়েছে কিনা আমি তা শুনিনি। তখন আমি ভেতরে ছিলাম। কিন্তু এমন বক্তব্য কেউ দিয়ে থাকলে তা ভালো চর্চা নয়। তারা দায়িত্বশীল পদে অবস্থান করে এভাবে থানার ভেতর বক্তব্য রাখতে পারেন না। এই ধরনের বক্তব্যের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

এদিকে এনসিপি নেতা যুবাইর সরদার জানান, এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার পর নেতাকর্মীরা খুবই উত্তেজিত ছিলেন। তাদের শান্ত করা সম্ভব হচ্ছিল না। তখন পুলিশ নেতাকর্মীদের শান্ত করার জন্য কিছু বলার চেষ্টা করেছিল। পরে তিনি নেতাকর্মীদের শান্ত করার জন্য ওই বক্তব্য দেন। এর ফলে নেতাকর্মীরা শান্ত হন।

গতকাল সোমবার রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম।

এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বক্তব্য রাখার কারণে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান। হামলার পর এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নেন। থানার সামনে মিছিল করেন এবং বিএনপির লোকজনের বিরুদ্ধে স্লোগান দেন। রাতে থানায় যান এনসিপির স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিনও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে সার্ফিংয়ে সোনা জাপানের, ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


এশিয়ান গেমসে সার্ফিংয়ে সোনা জাপানের, ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার রেকর্ড

এশিয়ান গেমসে প্রতিকূল আবহাওয়া এবং লজিস্টিকসের অব্যবস্থাপনার ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা অব্যাহত ছিল। তবে মঙ্গলবার মাঠের ভেতরের হতাশা ও মেঘ কেটে গেছে বেশ কয়েকজন অলিম্পিক চ্যাম্পিয়নের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে। একই সঙ্গে, এই মহাদেশীয় ক্রীড়াযজ্ঞের ইতিহাসে প্রথমবারের মতো সার্ফিং ইভেন্টে সোনা জিতে নিয়েছে স্বাগতিক দেশ।

দক্ষিণ কোরিয়ার আন সে-ইয়ং ইনডোর ব্যাডমিন্টনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন আন সে-ইয়ং এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার একক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে রেকর্ড স্থাপন করেছেন। ফাইনালে তিনি জাপানের ঘরের মাঠের তারকা আকানে ইয়ামাগুচিকে ২১-১৭, ২১-৯ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করেন। খবর রয়টার্স।

প্রতিযোগিতার দশম দিনে জাপানের আইচি-নাগোয়া গেমসের আয়োজকরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। দক্ষিণ জাপানের দিকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন ক্রমশ দুর্বল হয়ে ঝোড়ো বৃষ্টিতে রূপ নিয়ে দূরে সরে যাওয়ায় আয়োজক কমিটিতে স্বস্তি ফিরে এসেছে। তবে টাইফুনের শঙ্কা কাটলেও আউটডোর গেমগুলো অবিরাম বর্ষণের হাত থেকে রক্ষা পায়নি।

এদিকে, ক্রিকেটে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে। অবিরাম বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিজে কাদা হয়ে যাওয়া কোরোগি স্পোর্টস পার্কের মাঠে পুরুষ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ফলে কোনো খেলা ছাড়াই র‍্যাংকিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর ফলে ক্রিকেটপ্রেমীরা মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এর আগের দিনও একই কারণে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্য সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার পাশাপাশি আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অ্যাথলেটদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার ভলিবল দলকে ভুল বাসে করে অন্য ভেন্যুতে নিয়ে যাওয়ার কারণে অনুশীলন ও খেলা শুরু হতে দেরি হয়। এই লজিস্টিকসের ভুলের জন্য এশিয়ান গেমসের আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ হাজার ৫০০ সেনা হারিয়ে ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


৪ হাজার ৫০০ সেনা হারিয়ে ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

মার্কিন সেনা অবশেষে ইরাক থেকে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় ৪ হাজার ৫০০ সেনা হারানোর পর যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটবে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবারের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি দেশটিতে তাদের দীর্ঘ সামরিক উপস্থিতির শেষ হবে। ইরান এবং তাদের মিত্ররা এটিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরাকে প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা।

ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ২০২৪ সালে সম্মত হওয়া এই প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরান এবং তাদের শক্তিশালী মিত্ররা ইরাকে আরো বেশি প্রভাব বিস্তারের সুযোগ পাবে। পাশাপাশি ইসলামিক স্টেটসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শত্রু গোষ্ঠীও আবার সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।

ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করা ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি মন্তব্য করেন, ‘জোটের সেনা প্রত্যাহার থেকে ইরান কৌশলগতভাবে লাভবান হতে পারে। কারণ এতে এমন একটি সামরিক উপস্থিতি সরে যাচ্ছে, যা বহু বছর ধরে ইরাকের ওপর তেহরানের প্রভাবের ভারসাম্য হিসেবে কাজ করেছে।’

তিনি আরো বলেন, ‘ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো শুধু এই প্রত্যাহারকে নিজেদের আন্দোলনের বিজয় হিসেবে তুলে ধরবে না, বরং নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আরো বেশি প্রভাব বিস্তারে এই গতি কাজে লাগানোর চেষ্টা করবে।’

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারকে ইরাকি ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ও ইরাকিদের জন্য ঐতিহাসিক বিজয় এবং ‘যুক্তরাষ্ট্রের জন্য চূড়ান্ত পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর আমরা ইরাকের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সমাপ্তি এবং আমাদের দেশের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার দখলদারির ব্যর্থতা উদ্‌যাপন করব। ইরাক প্রমাণ করেছে, বিদেশি বাহিনী দিয়ে তার সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় না; বরং প্রতিরোধ ও জনগণের ইচ্ছাই তা নিশ্চিত করতে পারে।’

আবার কী সক্রিয় হবে?

ইরাকের কেন্দ্রীয় সরকার এবং আধা-স্বায়ত্তশাসিত উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলের কিছু নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইসলামিক স্টেট আবার সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।

প্রায় এক দশক আগে ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের পতন ঘটলেও তাদের এখনও সক্রিয় গোপন নেটওয়ার্ক বা ‘স্লিপার সেল’ এখনো কার্যকর রয়েছে। এক সময় গোষ্ঠীটি ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছিল এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। এর মধ্যে শত শত মানুষকে হত্যার দৃশ্য তারা নিজেরাই ভিডিও করেছিল।

কুর্দি কমান্ডার সিরওয়ান বারজানি বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা এবং ড্রোনের অনুপস্থিতি ইসলামিক স্টেটকে আবারও ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠতে নতুন সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%