ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরব ও কুলিয়ারচর সফর করে উন্নয়ন কাজের উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি


ভৈরব ও কুলিয়ারচর সফর করে উন্নয়ন কাজের উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাঁর নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে সরকারি সফরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান করেছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কার্যক্রমে অংশ নেন। সফরের সময় তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, দুস্থদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও চারাগাছ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সকাল ১০টায় ভৈরব বাজার ফাঁড়ি থানা চত্বরে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পুরো বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত ভৈরব পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে আল আমিন হত্যার বিচার দাবি করলে প্রতিমন্ত্রী স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, "এ হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।"

আরও পড়ুন: সিলেটের জকিগঞ্জে বিয়ের এক মাসের মাথায় সড়কে যুবক ফরহাদ আহমদের প্রাণ ঝরল

বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে হুইলচেয়ার, সেলাই মেশিন, স্কুল ব্যাগ, চারাগাছ ও স্প্রে মেশিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে টিন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

পরবর্তীতে দুপুরে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতে ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল হক জাবেদসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, উপকারভোগী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আরও পড়ুন: সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যায় অভিযুক্ত আরিফ হোসেনের ছবি ভাইরাল

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরনের (জাতীয়করন) দাবী জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান।

বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৫ টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের একান্ত সচিব (PS) উপসচিব মো. শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মুসাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলু হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,

আরও পড়ুন: সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্বাগতিক বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান সিরাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে

মুন্সীগঞ্জ, ২৯ আগস্ট, ২০২৬ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বাসসকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আষাড়ীচর সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল রাত থেকে মেরামত কাজ করা হয়। ফলে ঢাকা অভিমুখী লেনে গাড়ির চাপ বাড়ে। শনিবার সকাল ১০টার মধ্যে মেরামত কাজ শেষ করা হয়। ফলে সকাল থেকে সেতুর উপর দিয়ে দুই লেনে স্বাভাবিক গতিতে যানচলাচল শুরু হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল হোসেন বাসসকে জানান, সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক হতে। বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। যানজট যাতে সৃষ্টি না হয় এর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া দেশ ও গণতন্ত্রের উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে।

শনিবার (২৯ আগস্ট) সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকরা অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। তবে চ্যালেঞ্জ শেষ হয়নি। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তাসহ নানা কারণে দেশের সাংবাদিকতার পরিবেশ এখনো চ্যালেঞ্জের মুখে। সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার অভাবও বড় সমস্যা।

তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে শুধু নিরাপত্তা নয়, সাংবাদিকদের ন্যায্য বেতন, কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদাও নিশ্চিত করতে হবে। অধিকাংশ গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয় না। অনেক গণমাধ্যমে সাংবাদিকদের বেতন মালিকের গাড়িচালকের বেতনের চেয়েও কম। এসব বন্ধ করতে হবে। সরকারকে আমরা বলেছি, ওয়েজবোর্ড না মানলে গণমাধ্যমের অনুমোদন দেওয়া যাবে না। এটি কার্যকর করা গেলে গণমাধ্যমের ভেতরের অনেক নৈরাজ্য দূর করা সম্ভব হবে।


বিএফইউজের মহাসচিব বলেন, সাংবাদিকতা নিছক চাকরি নয়। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, সব ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর অধিকার রক্ষা এবং বৈষম্য দূর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণমাধ্যম স্বাধীন ও শক্তিশালী না হলে গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করা যায় না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতাই সরকারকে একমাত্র সত্য কথা বলতে পারে। অন্যরা হয়তো সত্য আড়াল করে সরকারকে খুশি রাখার চেষ্টা করবে। আমলাতন্ত্র বা দলীয় লোকজন অনেক সময় ভয়ে সত্য কথা বলতে পারবেন না। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যা সরকারকে সত্য কথা বলবে। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করার সুযোগও সরকারের রয়েছে।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে বিবেচনা করা হয়। সেই বিবেকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কলম। কলম থামিয়ে দেওয়া মানে শুধু একজন সাংবাদিকের কণ্ঠ রোধ করা নয়, সত্য প্রকাশের পথও সংকুচিত করা। সাংবাদিকের ওপর আঘাত মানে বিবেকের ওপর আঘাত।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, অব্যবস্থাপনা ও মানুষের ওপর অন্যায়ের ঘটনা তুলে ধরেন। এসব প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে। কিন্তু সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে এর প্রভাব শুধু তার ওপর পড়ে না, অন্য সাংবাদিকদের মধ্যেও ভয় তৈরি হয়। ধীরে ধীরে এমন পরিবেশ সৃষ্টি হতে পারে, যেখানে সত্য জানলেও অনেকে তা প্রকাশ করতে সাহস করবেন না। কলমকে থামানো যায়, সত্যকে নয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


খাগড়াছড়িতে ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পিসিপির প্রতিবাদ

খাগড়াছড়িতে ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের নেতা ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙার ঘটনা ঘটেছে দীঘিনালায়। শনিবার (২৯ আগস্ট) এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এন্টন চাকমা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাবুপাড়া এলাকায় নির্মিত ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে, এই ঘটনার পেছনে কে বা কারা এবং কখন এটি ঘটেছে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

পাহাড়ি ছাত্র পরিষদ জানায়, ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভটি ভাঙা একটি স্থাপনা ধ্বংসের চেয়ে বেশি। এটি পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের ইতিহাসের ওপর একটি আঘাত। এ ধরনের ঘটনার গ্রহণযোগ্যতা নেই।

 

বিবৃতিতে তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং জড়িতদের শনাক্ত করে যথাযথ শাস্তি নিশ্চিত করার আহ্বান করেছেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা জুপিটার চাকমা বলেন, "পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মণি চাকমার স্মৃতিবেদী ভেঙে দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।"

তিনি আরও বলেন, ঐতিহাসিক স্মারক ধ্বংস করে কোনো জাতির বা অঞ্চলের স্বাধিকার প্রতিষ্ঠার লড়াই এবং চেতনাকে স্তব্ধ করা যায় না।

 

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত ২৮ আগস্ট রাতে বাবুপাড়া এলাকায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির ঝুলন্ত সেতু পারাপারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রাঙামাটির ঝুলন্ত সেতু পারাপারে নিষেধাজ্ঞা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে প্রতিনিয়ত পানি বাড়ার ফলে রাঙামাটি শহরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু ডুবে গেছে। এ পরিস্থিতিতে শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে এ সেতু পারাপারের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী, কাচালং নদী এবং ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদীর পানি কাপ্তাই হ্রদে এসে মিশেছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরেই কাপ্তাই হ্রদে পানি বাড়ছে। শুক্রবার বিকালেই হ্রদের পানি পাটাতন স্পর্শ করে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় শনিবার সকাল পর্যন্ত চার ইঞ্চি পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতু। ঝুঁকি এড়াতে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে সেতুতে দর্শনার্থীদের ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে আজ সকালে চার ইঞ্চি পানি উঠেছে। তাই, ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।

কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল (মিনস সি লেভেল)। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে এই কেন্দ্রের পাঁচ ইউনিট চালু রেখে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%