০১:৪৭ এম
একটি পরিবারের সদস্যরা খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিপদ সম্পর্কে অবগত হয় একজন শিশু। শিশুটির দ্রুত এবং চটজলদি সতর্কবার্তায় বিপর্যয়কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সাতজন সদস্য। এটি ঘটেছে সম্প্রতি ভারতের হায়দরাবাদে।
জানা যাচ্ছে, শনিবার (১৮ জুলাই) রাতে বিজয়নগর কলোনির একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লেগেছিল। তখন পরিবারের সদস্যরা নৈশভোজে ব্যস্ত ছিল। ঘরের ভেতরের আগুন দেখতে পেয়ে শিশুটি চিৎকার করে জানিয়ে দেয় সবাইকে। এর ফলে, পরিবারের সমস্ত সদস্য দ্রুতভাবে বহুতল ভবনটি থেকে নামতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শোবার ঘরের সুইচবোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে। এই আগুন মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফার্নিচার এবং গৃহস্থালি নানা মালামালের মধ্যে আগুন ধরে যায়। পরিবারটি কোনো কালবিলম্ব না করে দ্রুতভাবে নিচে নেমে আসে।
আরও পড়ুন: আইটি জালিয়াতি ও সাইবার অপরাধের অভিযোগে উত্তর কোরীয়দের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
হায়দরাবাদের জেলা ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ফ্ল্যাটের তিন শিশু সহ সাত সদস্য নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
যদিও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনের তাপে একটি বেডরুমের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। একই সঙ্গে সেখানে থাকা প্রায় ১৫ তোলা স্বর্ণালঙ্কারও আগুনে নষ্ট হয়েছে।
এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আম্বরপেট, অ্যাসেম্বলি ও গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাতাস থাকা সত্ত্বেও আগুন অন্য কোনো ফ্ল্যাটে ছড়াতে পারেনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের টহল দলকে পিকআপের ধাক্কা, এসআইসহ নিহত দুই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন