শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১২:৫৪ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিরোধীদলের নেতাদের আচরণ ও বক্তব্যকে দায়ী করে বলেছেন, তাদের আগ্রাসী অবস্থানের সুযোগ নিয়ে পতিত অপশক্তি দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্য একটি উদাহরণ হিসেবে কাজ করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন যে, বিরোধীদলের নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন ও দলটির বিচার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে না। বরং গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপি সরকারের আট মাসের শাসনামলকে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের সঙ্গে তুলনা করে নেতিবাচক বয়ান তৈরির অভিযোগও তোলেন।
রাশেদ খাঁন দাবি করেন, এসব বক্তব্য ও অপপ্রচারের লক্ষ্যবস্তু প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার, মামলার মুখোমুখি হওয়া কিংবা নির্বাসিত জীবন কাটানো নেতারাও এ ধরনের সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না।
পোস্টে তিনি আরও বলেন, ৫ আগস্টের পরও বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ অতীতে আন্দোলন-সংগ্রামে সীমিত ভূমিকা রেখেও নিজেদের দীর্ঘদিনের আন্দোলনের প্রধান অংশীদার হিসেবে তুলে ধরছেন। তবে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের তুলনায় তাঁদের ভূমিকা কম ছিল বলে তিনি দাবি করেন।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বিরোধীদলের অনেক নতুন সংসদ সদস্যের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন বিএনপিকেই তাঁদের কাছ থেকে সেই ইতিহাস জানতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এই অনুদানটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে দেওয়া হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার কিচক সেতুর সামনে গোপীনাথপুর এলাকায় নিহত ফিরোজার পরিবারের সদস্যদের হাতে চেকটি তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চেক হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী বলেন, "দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বিআরটিএর মাধ্যমে এ অনুদান দেওয়া হয়েছে।"
চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল ইসলাম সীমান্তসহ স্থানীয় ব্যক্তিরা।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে করে ঢাকা থেকে তার নির্বাচনি এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তার সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বিবি মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম জানান, "ওই নারীকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানক্ষেতে নেমে যায়।" আহত ফিরোজা বিবিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময়, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে অভিযোগ করেন যে, ওমর ভুয়া নাম ব্যবহার করে কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ‘শপথ নেওয়ার সময় তিনি যেহেতু ভুয়া নাম ব্যবহার করেছেন, তাই আমার ধারণা, তার অবিলম্বে কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত।’ মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্যের প্রকৃত নাম ‘ইলহান নুর সাইদ এলমি’ বলে দাবি করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, নামটির শেষাংশ ওমরের সাবেক স্বামী আহমেদ নুর সাইদ এলমির নামের সঙ্গে মিলে যায়।
এছাড়া, ট্রাম্প আরও দাবি করেন যে, ওমর প্রকাশ্যে জালিয়াতির কথা স্বীকার করেছেন। এ কারণে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে তার আসন শূন্য ঘোষণা করার জন্য আহ্বান জানান। তবে ইলহান ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি। একই সঙ্গে, তিনি জাল পরিচয় ব্যবহার করেছেন—এমন কোনো সিদ্ধান্তও আদালত দেননি।
ট্রাম্পের এই বক্তব্যের আগে, ২১ অক্টোবর মার্কিন বিচার বিভাগ আদালতে একটি নথি জমা দেয়। ওই নথিতে ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসায় তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ছিল, যেখানে তার নাম লেখা হয়েছিল ‘ইলহান নুর সাইদ এলমি, ওরফে ইলহান আবদুল্লাহি ওমর’। তবে বিকল্প নামটি ব্যবহারের কারণ সরকারি কৌঁসুলিরা ব্যাখ্যা করেননি। সেই নথিতে ওমর জালিয়াতি করেছেন—এমন কোনো সিদ্ধান্তের কথাও বলা হয়নি।
ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ওমরের এক মুখপাত্র বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ইলহান ওমরই তার প্রকৃত নাম।’
কী নিয়ে তদন্ত চলছে?
অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত নথিতে সম্ভাব্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ১২ অক্টোবর ওমরের বাসায় তল্লাশি চালান মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা। ২০০০ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে চাপে ফেলতে ও ভয় দেখাতে ট্রাম্প প্রশাসন এই তদন্তকে ব্যবহার করছে।
তথ্যসূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে টহল ডিউটি করার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার শেষরাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি টহলদলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
এ দুর্ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান, এসআই রফিকুল ইসলাম, শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর, কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় পথচারী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পথচারী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল ফজলে রাব্বি ছাড়া বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। অন্যদিকে পিএসআই জাবেদ ওমর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড.জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,আজকের এই সম্মাননা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এ সম্মাননার জন্য আমি ধন্য ও কৃতজ্ঞ।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জিয়াউদ্দিন হায়দার বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। আগের সরকারের সময় বড় প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া হলেও বর্তমান সরকার তুলনামূলক কমসংখ্যক প্রতিনিধি নিয়ে অংশ নিয়েছে। সেই প্রতিনিধিদলের একজন হিসেবে তিনিও অধিবেশনে যোগ দেন।
স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথমবারের মতো স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনতে চাই। আমরা চাই, রোগ হওয়ার আগেই রোগ নির্ণয় করতে। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে চাই।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা এবং সংক্রমণের পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো তুলে ধরেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে জিয়াউদ্দিন হায়দার বলেন, গত ১৭ বছরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেসব ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকের সাফল্য ও অর্জনের সুফল কোমলমতি শিশুদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
ঝালকাঠি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেট্রোলপাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ এবং ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু।
এ ছাড়া বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মাহাবুব আলম কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোসলেম আলী সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান, সিটিক্লাব ও পাঠাগারের সম্পাদক আজাদ হোসেন পান্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় ডা. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানান। তাঁরা ঝালকাঠির উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ