০৫:০৪ পি.এম
দীর্ঘ অভিনয়জীবনে ঢাকার মঞ্চে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখার পাশাপাশি, টেলিভিশন নাটকে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছেন বন্যা মির্জা। এবার তিনি দেশের সীমানা অতিক্রম করে নতুন করে সেই মঞ্চের অভিজ্ঞতা নিতে চলেছেন।
নিউইয়র্কের মঞ্চে তার অভিনয়ের অভিজ্ঞতা হচ্ছে এটি প্রথম। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বন্যা মির্জা নিউইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। তার অভিনীত নতুন নাটক ‘নেমেসিস’ নিউইয়র্কের জ্যামাইকায় মঞ্চস্থ হবে।
নাটকটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি, যিনি দীর্ঘ সময় ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। নাটকটির প্রযোজনা করছে থিয়েটার ৭১।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
‘নেমেসিস’-এর প্রথম প্রদর্শনী আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে নাটকটির দুটি শো অনুষ্ঠিত হবে। প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় করা নিয়ে বন্যা মির্জা উচ্ছ্বসিত। তার কাছে এটি নতুন একটি মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা নয়, বরং বাংলা ভাষার নাটককে প্রবাসের মাটিতে দর্শকদের সামনে তুলে ধরার একটি সুযোগ।
বন্যা মির্জা বলেন, "প্রথমত ভালো লাগছে এজন্য যে, আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।"
নিউইয়র্কের মতো বহুজাতিক শহরে বাংলাদেশের বাংলা ভাষার নাটক মঞ্চস্থ হওয়াকেও বিশেষভাবে দেখছেন এই অভিনেত্রী। তিনি বলেন, "নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা ভাষার নাটক নেমেসিস মঞ্চস্থ হচ্ছে। এই জন্যও অনেক ভালো লাগা কাজ করছে।"
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
‘নেমেসিস’ নিয়ে বেশ কিছুদিন ধরে মহড়া চলছে। নতুন মঞ্চ, নতুন দর্শক। সব মিলিয়ে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না দলের সদস্যরা। নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে বন্যা বলেন, "নাটকটির মহড়া চলছে বেশ কিছুদিন ধরে। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন। আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি।"
অভিনয়ের পাশাপাশি নিউইয়র্কে বাংলা নাটকের চর্চা অব্যাহত রাখার বিষয়টিও বন্যা মির্জাকে আনন্দিত করছে। প্রবাসে বাংলা ভাষার নাটক নিয়মিত মঞ্চায়নের মাধ্যমে সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ আরও দৃঢ় হবে বলেই তিনি মনে করেন।
অভিনয়ের দীর্ঘ পথচলায় মঞ্চকে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়েছেন বন্যা মির্জা। কারণ, মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে অভিনয়শিল্পীকে দর্শকের সরাসরি প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। সেই অভিজ্ঞতার আনন্দও আলাদা। এবার সেই আনন্দই নতুন করে ছড়িয়ে দিতে যাচ্ছেন নিউইয়র্কের দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন