০৪:৪৩ এম
যখন নামটি হয় কিলিয়ান এমবাপ্পে, তখন সাধারণ কোনো গোলও মহাকাব্যের রূপ নেয়। সুইডেনের বিরুদ্ধে আজ মাঠে নামার আগে বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যা ছিল ৮। ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওর সঙ্গে যৌথভাবে বসেছিলেন একই সিংহাসনে।
তবে আজ প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে) সুইডিশ ডিফেন্ডার ভিক্টর ইয়োকেরেসকে চোখের পলকে বোকা বানিয়ে যখন বল জালে জড়ালেন, তখন সেই যৌথতার দেওয়াল ভেঙে গেল। কিংবদন্তিদের পিছনে ফেলে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ৯টি গোলের নতুন বিশ্বরেকর্ড এখন ফরাসি অধিনায়কের।
এমবাপ্পের এই ইতিহাস গড়া গোলের মাধ্যমে সুইডেনের বিরুদ্ধে ফ্রান্স ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচটিতে এই এক গোলই ২৭ বছর বয়সি এই ফুটবল মহাতারকাকে নতুন চূড়ায় পৌঁছে দিল। নকআউটে এমবাপ্পের ৯টি গোল এসেছে মাত্র ৮ ম্যাচে। যেখানে ব্রাজিলের রোনালদোর জন্য লাগিয়েছিল ১০ ম্যাচ।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার
রেকর্ড গড়া গোলটি এমবাপ্পের জন্য আরও এক কারণে আবেগপূর্ণ ছিল। কারণ, মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ছিলেন না কোচ দিদিয়ের দেশম। আজ তিনি যখন ডাগআউটে ফিরেছেন, এমবাপ্পে তখন গোল করে সবার আগে কোচের কাছে ছুটে যান এবং পরম মমতায় জড়িয়ে ধরেন প্রিয় গুরুকে।
চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের পঞ্চম গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে নরওয়ের আর্লিং হালান্ডের পাশে বসিয়েছে। তাদের সামনে আছেন মাত্র ১ গোল বেশি নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি। মোট ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৭। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির (২৯ ম্যাচে ১৯ গোল) চেয়ে তিনি মাত্র ২ গোল পিছিয়ে আছেন।
নিউ জার্সির তীব্র গরম, আর্দ্রতা ও অস্বাস্থ্যকর বাতাসের মাঝে প্রথমার্ধে ফ্রান্স সুইডেনকে পুরোপুরি কোণঠাসা করে রেখেছিল। প্রথম ৪৫ মিনিটে সুইডেনের ৩টি শটের বিপরীতে ফরাসিরা নিয়েছিল ১৫টি শট। ম্যাচের প্রথমার্ধের পানি পানের বিরতিতে (হাইড্রেশন ব্রেক) ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিইকে মাঠের স্প্রিংকলারের পানি দিয়ে শরীর ভিজিয়ে নিতে দেখা যায়।
এর আগে নকআউট পর্বের এই ম্যাচে ফ্রান্সের একাদশে এসেছে চারটি পরিবর্তন। নরওয়ের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে ৪-১ গোলের জয়ের একাদশ থেকে লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলাকে আজ শুরু থেকেই খেলিয়েছেন কোচ দেশম। অন্যদিকে, সুইডেনকে আজ খেলতে হচ্ছে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দারুণ রক্ষণভাগের প্রধান তারকা ইসাক হিয়েনকে ছাড়াই।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন