শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২২ পি.এম
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর-১ রাড্ডা টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তুলি।
এই সময় তুলি উল্লেখ করেন, "রাড্ডা টিকাদান কেন্দ্রে হামলা, দখল ও লুটপাটের ঘটনায় প্রশাসন তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
তিনি আরও বলেন, "তবে কোনোভাবেই চলমান টিকাদান কর্মসূচি ব্যাহত হতে দেওয়া যাবে না। জনস্বার্থে টিকাদান কার্যক্রম যাতে নির্বিঘ্নে অব্যাহত থাকে, সে লক্ষ্যে আমার রাজনৈতিক কার্যালয় (রুহানি টাওয়ারের ৩-য় তালা, মিরপুর-১, ঢাকা) অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য রাড্ডা টিকাদান কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।"
তুলি জানান, টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের জাতীয় দলের সর্বশেষ ইংল্যান্ড সফরের পর দলের তারকা ক্রিকেটাররা ভীষণ চাপের মধ্যে রয়েছেন। মোহাম্মদ রিজওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) ডেকেছে।
৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর রাত ১টার দিকে পিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার রিজওয়ানকে হোটেল থেকে নিচে ডেকে পাঠান। তাকে নিজের মোবাইল ফোন নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
হোটেলের নিচে রিজওয়ানের সঙ্গে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একজন কর্মকর্তার সাক্ষাৎ ঘটে। এরপর বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন তিনি। এক পর্যায়ে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়।
রিজওয়ান অভিযোগ করেছেন যে, ফোনটি নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, কিংবা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। আদালতে করা আবেদনে তিনি উল্লেখ করেন যে, তাকে জানানো হয়েছিল ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনও ফোনটি ফেরত পাননি। বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।
রিজওয়ান আরও জানিয়েছেন যে, তাকে কী অপরাধের সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে কিংবা কোন আইনি ক্ষমতাবলে তার ফোন নেওয়া হয়েছে, এসব বিষয়ে কিছুই জানানো হয়নি। তদন্তের অংশ হিসেবে তার ব্যাংক একাউন্ট ও আর্থিক বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া মানে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই; নোটিশের উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা। তবে পিসিবি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে নীরবতা বজায় রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তরে বিরজেইত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার, শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সময় এই অভিযান সংঘটিত হয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার সূত্রে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। তবে, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।
বিরজেইত বিশ্ববিদ্যালয় অভিযানের নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষায় আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের লঙ্ঘন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিযানের সময় শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। তারা সতর্ক করেছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হলে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া যুদ্ধ বা সংঘাতে জড়ানোর কোনো প্রস্তুতি নিচ্ছে না।
সম্প্রতি ইউরোপের কিছু দেশের পক্ষ থেকে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে বিভিন্ন সতর্কবার্তা প্রকাশিত হওয়ার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জানান, উত্তেজনা বাড়ানোর জন্য রাশিয়ার কাছে কোনো বাস্তব কারণ নেই। ইউরোপের যেসব দেশ মনে করছে যে রাশিয়া তাদের আক্রমণ করতে পারে এবং সেজন্য তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, সেই ধারণার তিনি সমালোচনা করেন। পুতিন জোর দিয়ে বলেন, ইউরোপের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা যুদ্ধ শুরু করার পরিকল্পনা তাদের নেই।
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের অনেক দেশ তাদের মাটিতে গোপন রুশ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। চলতি মাসের শুরুতে জার্মানি ও পোল্যান্ডের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন বা হামলার চেষ্টার অভিযোগও তোলা হয়েছিল।
এদিকে, রাশিয়ার ভেতরে ইউক্রেন হামলা চালানোর পর শান্তি আলোচনা পুনরায় শুরু করা সম্ভব কি না, সে বিষয়ে মস্কো নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। পুতিন জানান, আলোচনার প্রস্তাবগুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে, তবে ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তারা খুব বুঝেশুনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
সূত্র: এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৬ সেপ্টেম্বর ২০২৬ : আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলাকালীন ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৫৫ হাজার টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির দুটি বিশেষ অভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ ও ৭ আরবি থেকে আনুমানিক দুইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় জিরা ও ওষুধ জব্দ করে। জব্দকৃত জিরা ও ওষুধের বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৫৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, কাস্টমসে জব্দকৃত ভারতীয় জিরা ও ওষুধ জমা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ