০১:৩১ পি.এম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ২ লাখ টাকা মুক্তিপণের জন্য এক অটোরিকশাচালককে অপহরণের ঘটনার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত চালক মো. সুন্দর আলীকে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জে র্যাব ১০-এর সদরদফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত রোববার (১৯ জুলাই) একটি মেয়ে দেখার কথা বলে বেরিয়ে অপহরণের শিকার হন অটোরিকশাচালক সুন্দর আলী। পরে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অপরাধী চক্র। প্রাণ রক্ষার জন্য তার পরিবার বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা পাঠালেও তার মুক্তি দেয়া হয়নি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আনতে বাংলাদেশের ৮০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ জুলাই) শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০। সেখান থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ভুক্তভোগীকে। গ্রেফতার করা হয় কুদ্দুস, ‘কুত্তা জুয়েল’, রাকিব ও অপু নামের চার অপহরণকারীকে।
অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন