০৫:০৬ পি.এম
কাজের অবহেলার কারণে গালমন্দ করায় ক্ষুব্ধ হয়ে গৃহকর্তার প্রায় শতবর্ষী বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে মো. বাদল ওরফে বাবু (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মোঃ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। নিহত শতবর্ষী বৃদ্ধার নাম আহাতন, যিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের মুদি দোকানদার সেহাব উদ্দিনের মা।
আরও পড়ুন: ২ দিন ধরে নিখোঁজ তরুণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পি পি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারের দোকানদার সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করত। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে পাগলের বাচ্চা বলে গালমন্দ করেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে বাদল কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ওইদিনই সকাল সাড়ে ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে কাউকে না পেয়ে সিঁড়ির গোড়ায় থাকা বটি দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করে বাদল। হত্যাকাণ্ডের পর সে মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে ইব্রাহিমাবাদ (বঙ্গবন্ধু সেতু পূর্ব) রেলস্টেশনে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে ঢাকাগামী 'চিত্রা এক্সপ্রেস' ট্রেনের টিকিটসহ বাদলকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলায় সাক্ষ্য-প্রমাণ, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত বাদলকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন