ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেনের দাবি, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ করেছে উত্তর কোরিয়া


ইউক্রেনের দাবি, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ করেছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া সম্পর্কে রাশিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া মস্কোকে সামরিক সহায়তা প্রদান বন্ধ করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ গত বুধবার এই দাবি করেছে। তবে, মস্কো বা পিয়ংইয়ং—কোনো পক্ষই এ বিষয়ে নিশ্চিতকরণ বা অস্বীকার করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর একটি মন্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

গত অক্টোবরে রুদেনকো বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে ক্রেমলিন সহায়তা করবে। তার এই বক্তব্যের কারণে উত্তর কোরিয়া অসন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানালেন

এইচইউআরের দাবি, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার ওই বক্তব্যকে ‘দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ বলে উল্লেখ করেছেন। এর পরেই সাময়িকভাবে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, এ স্থগিতাদেশের আওতায় রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও স্থগিত করা হয়েছে।

এইচইউআর আরও জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাসংখ্যা ৮ হাজার ৫০০ থেকে ৫০ হাজার করার অনুরোধ আপাতত পিয়ংইয়ং পূরণ করছে না।

তবে রুদেনকো প্রকাশ্যে এ ধরনের কোনো বক্তব্য দেননি। ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মস্কো প্রস্তুত।

আরও পড়ুন: মার্কিন চাপের মুখে তেহরানে ইরাক-ইরান উচ্চপর্যায়ের বৈঠক, স্থলসীমান্ত বন্ধে আলোচনা

তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে, তার সঙ্গে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে যুক্ত করি না। তাই আমাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা যদি বাস্তব কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাব।’

গত ১৬ নভেম্বর কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী ও পলিটব্যুরো প্রেসিডিয়ামের সদস্য চো ইয়ং ওন মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগের দিন এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনের গোয়েন্দা বিভাগের এ দাবির বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

২০২৪ সালের জুনে পুতিন ও কিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে ওঠে উত্তর কোরিয়া। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে মস্কো।

আরও পড়ুন: আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা

রাশিয়া এখনও অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য উত্তর কোরিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পেয়ে থাকে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছ থেকে সামরিক অভিযানের অভিজ্ঞতা অর্জন করছে বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। জনবলের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী। সূত্র: ইউরোনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের মশাল মিছিল, আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের মশাল মিছিল, আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাব এলাকায় এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা বিএনপির ১নং সহ-সভাপতি মুজাহিদ মল্লিক। উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু মুসা, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রফিক মিয়া, সোহেল মিয়া, ইকবাল এইচ প্রধান, আমিনুল ইসলাম, জামপুর ইউনিয়নের যুবদল নেতা রমজান, মাসুম, সুমনসহ বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তারা জানান যে এলাকায় কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

বক্তারা এ সময় বলেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।" তারা সতর্ক করে দেন যে, নিষিদ্ধ সংগঠনের নামে যদি কেউ সোনারগাঁয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবে।

মশাল মিছিলটি শিংলাব এলাকার এশিয়ান হাইওয়ে সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. শফিকুর রহমান: দেশের সামগ্রিক অবস্থা কঠিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


ডা. শফিকুর রহমান: দেশের সামগ্রিক অবস্থা কঠিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, দেশের সামগ্রিক অবস্থা কঠিন হয়ে পড়েছে। তিনি এও বলেছেন, "তবে আমরা ভীত নই।"

তিনি আরও বলেন, "আমাদের দুর্ভাগ্য হলো বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছে না, জনগণ তাদের উপর আস্থা রাখছে না।"

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজলিশে শূরার অধিবেশন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য (পুরুষ ও মহিলা) এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা।

বিরোধীদলীয় নেতা বলেন, "জাতীয় ঐক্যের প্রশ্ন দেখা দিলে আমরা নীতিগতভাবে জাতীয় ঐক্যের পক্ষে। তবে তা হবে জাতির স্বার্থে। জামায়াত দলীয় অবস্থান থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সর্বোচ্চটা করবে, ইনশাআল্লাহ।"

শফিকুর রহমান উল্লেখ করেন, "দেশকে নিয়ে বিশেষ করে আমাদের আদর্শ ও ঈমান নিয়ে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে। সে বিষয়ে আমাদের দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি এবং ভূমিকা রাখতে হবে। জনগণ আমাদের ভালোবাসে, আমাদের আদর্শ ও কর্মের কারণে- এটি খেয়াল রাখতে হবে।"

তিনি বলেন, "জামায়াত দলীয় সামর্থ্যের আলোকে এবং নিজস্ব অবস্থান থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে চব্বিশের জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি ও ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষের সঙ্গে দায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে। সমাজের অতি সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে। এজন্য আমাদের চ্যালেঞ্জ বাড়লেও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।"

জামায়াত আমির বলেন, "বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা গোটা বাংলাদেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করে, যেখানে জনগণের প্রত্যাশা পূরণ করা আরও বেশি কঠিন। তারপরও সংগঠন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে। এজন্য দায়িত্বশীল ও জনশক্তির জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানের গভীরতা বাড়াতে হবে। কারণ ইলমের বিষয়টি সর্বপ্রথম আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিব রাসূল (সা.)-এর কাছে পৌঁছে দিয়েছেন। এটি মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, "দায়িত্বশীল ও জনশক্তিকে আল্লাহ ও রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আমাদের সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছুর জন্য নয়। এজন্য রিয়া কিংবা প্রদর্শনেচ্ছা থেকে সংগঠন ও দায়িত্বশীলদের মুক্ত রাখতে হবে, কারণ এটি খুবই বিপজ্জনক। বর্তমান সমাজ অশিক্ষা, কুশিক্ষা ও মাদকে সয়লাব হয়ে গেছে। নিজেদের সন্তান ও আওলাদদের এর ভয়ানক থাবা থেকে বাঁচাতে তাদের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহর সাহায্য ও রহমত কামনা করতে হবে। তাদের হক আদায় করতে হবে।"

তিনি আরও বলেন, "দায়িত্বশীল হিসেবে প্রত্যেককেই বিনয়ী হতে হবে এবং সকল ক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে- এমনকি শত্রু হলেও। লেনদেনের বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের অর্ধেক। এজন্য এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


বাগেরহাটে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের ফলে ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত রুমান মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর থেকেই মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একটি দল মিছিল নিয়ে মধুমতি ব্রিজে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে ব্রিজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। সংঘর্ষ থামাতে পুলিশ যখন কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তখন গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি ব্রিজ ও আশপাশের এলাকায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানালেন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মক্কা প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি নতুন একটি বিশ্বব্যবস্থার ধারণাও তুলে ধরেন। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলোকে বিচ্ছিন্নভাবে নয় বরং নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনীতিতে সমন্বিত শক্তি হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান তিনি।

শনিবার ইস্তানবুলে আল-শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান জানান, মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে এর পরিসর বৃদ্ধি পাবে এবং জোটটি আরো বিস্তৃত ও কার্যকর কাঠামো লাভ করবে।

ফিদান বলেন, মক্কা জোট এবং আঞ্চলিক চার দেশের সহযোগিতামূলক কাঠামোর মতো উদ্যোগগুলো আন্তর্জাতিক ব্যবস্থাকে আরো স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি উল্লেখ করেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাব বিস্তারের পাশাপাশি ন্যায়বিচার ও বৈধতার ভিত্তিতে আরো অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বশীল বিশ্বব্যবস্থা গড়ে তুলতে হবে। মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংহতি জোরদার করা জরুরি বলে তিনি জানান।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বকে এমন বিষয়গুলোতে এক কণ্ঠে কথা বলতে হবে, যেগুলো সমগ্র মানবতার বিবেককে নাড়া দেয়। ফিলিস্তিনকে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন।

ফিদানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তুরস্ক মুসলিম দেশগুলোর সহযোগিতাকে রাজনৈতিক সংহতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। বরং প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সংযুক্তি, বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ অবকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে সম্মিলিত সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।

ফিদানের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সংকট, যুদ্ধ, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন বাড়ছে।

গাজায় ইসরাইলি অভিযান ও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রসঙ্গ তুলে হাকান ফিদান বলেন, তুরস্ক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে পিছিয়ে আসবে না।

তিনি বলেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক শেষ পর্যন্ত কাজ করে যাবে। গাজায় ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও মুসলিম দেশগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

ফিদান ফিলিস্তিনকে একটি আঞ্চলিক রাজনৈতিক সমস্যা হিসেবে নয় বরং আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরীক্ষাক্ষেত্র হিসেবে তুলে ধরেন।

তিনি মুসলিম দেশগুলোর মধ্যে কিছু বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে বলে উল্লেখ করেন, তবে তাদের সমাজগুলোর মধ্যে বহু অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ রয়েছে। এসব অভিন্ন জায়গাকে কাজে লাগিয়ে পারস্পরিক আস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

ফিদান বিশেষভাবে পাঁচটি ক্ষেত্রে সম্মিলিত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেনÑআঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা; অর্থনৈতিক একীভূতকরণ ও বাণিজ্য সম্প্রসারণ; যোগাযোগ ও পরিবহন অবকাঠামোর উন্নয়ন; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথ বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতিতে সমন্বিত অবস্থান।

তিনি বলেন, শুধু বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থায় মুসলিম দেশগুলোর প্রভাব বাড়ানোই যথেষ্ট নয়; বরং এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, যেখানে বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রগুলোর স্বার্থ, অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

ফিদানের বক্তব্যের ভূরাজনৈতিক তাৎপর্য হলো, তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতাকে একটি কার্যকর আঞ্চলিক শক্তি কাঠামোয় রূপ দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক তৎপরতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে বিতর্কের মধ্যে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে আনছে আঙ্কারা।

এর আগে ৭ নভেম্বর ইস্তানবুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে ফিদান তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত আঞ্চলিক চার দেশের সহযোগিতামূলক কাঠামো এবং ইউরোপের চার দেশের সঙ্গে বৃহত্তর সংলাপের উদ্যোগের কথা তুলে ধরেছিলেন।

তিনি তখন বলেছিলেন, নতুন বিশ্বব্যবস্থায় আঞ্চলিক দেশগুলোর নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অধিক দায়িত্ব নেওয়া প্রয়োজন।

অন্যদিকে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক প্রসঙ্গে ফিদান বলেছিলেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি আলোচনা আন্তর্জাতিক সংকট আরো গভীর হওয়া ঠেকাতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

ফিদানের বক্তব্যে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়Ñমুসলিম বিশ্বের রাজনৈতিক সংহতি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার। তবে মক্কা জোট সম্প্রসারণের ঘোষণা গুরুত্বপূর্ণ হলেও নতুন কোন দেশ যুক্ত হচ্ছে, সদস্যদের মধ্যে সামরিক সহযোগিতার ধরন কী হবে এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামো কেমন হবেÑএসব বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ফলে এটিকে এখনই পূর্ণাঙ্গ সামরিক জোট হিসেবে বিবেচনা না করে উদীয়মান আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ হিসেবে দেখা অধিক যুক্তিসংগত।

আল-শার্ক ফোরাম ২০২৬-এর আলোচনায় তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। এবারের আয়োজনের বিভিন্ন অধিবেশনে নিরাপত্তা, গোয়েন্দা কৌশল, ফিলিস্তিন ইস্যু, আঞ্চলিক সংঘাত, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হচ্ছে।

ফোরামের উল্লেখযোগ্য বক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ওয়াদাহ খানফার (প্রেসিডেন্ট, আল-শার্ক ফোরাম ও আলজাজিরা নেটওয়ার্কের সাবেক মহাপরিচালক), ড. কমফোর্ট ইরো (প্রেসিডেন্ট ও সিইও, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ), জেনারেল (অব.) জুবায়ের মাহমুদ হায়াত (সাবেক চেয়ারম্যান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি, পাকিস্তান), তারিক ইউসুফ (সিনিয়র ফেলো, ব্রুকিংস ইনস্টিটিউশন), গালিপ দালাই (সিনিয়র কনসাল্টিং ফেলো, চ্যাথাম হাউস), অধ্যাপক ইমাদ শাহিন এবং অধ্যাপক মুহাম্মদ মুখতার আল-শানকিতি।

ইস্তানবুলে শনিবার ও রোববার দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আল-শার্ক ফোরাম ২০২৬। এবারের আয়োজনের মূল আলোচ্য বিষয় বৈশ্বিক ব্যবস্থার পুনর্বিন্যাস, আঞ্চলিক সংহতি এবং ভবিষ্যৎ নেতৃত্বে তরুণ প্রজন্মের ভূমিকা।

নীতিনির্ধারক, গবেষক, চিন্তাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব এতে অংশ নিচ্ছেন। ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা এবং অভিন্ন সমৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত আল-শার্ক ফোরাম গবেষণা, সংলাপ ও শিক্ষার মাধ্যমে বহুত্ববাদ, ন্যায়বিচার, আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%