০৩:৫৭ পি.এম
আগামী সপ্তাহের শেষার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। তার এই সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
ঢাকা ও নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে এ তথ্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ ২২-২৩ অগাস্ট হতে পারে। এটি ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পরে। তবে এ বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি
এনডিটিভি র প্রতিবেদনে জানানো হচ্ছে, প্রধানমন্ত্রীর এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলি গুরুত্ব পেতে পারে।
সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তারেক রহমানের ভারত সফর।
দুই প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ভবিষ্যতের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও এ সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, দুই দিনের এই সফরকে দ্বিপাক্ষিক সফর হিসাবেই পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে, গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এছাড়া সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১
প্রধানমন্ত্রী ব্রিকসের আয়োজনে অংশ নেবেন কি না, তা নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে ব্রিকসের চেয়ে দ্বিপাক্ষিক সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, প্রতিবেশী দেশে প্রধানমন্ত্রীর প্রথম সফরের জন্য নীরবে, তবে নিশ্চিতভাবেই প্রস্তুতি এগিয়ে চলছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকটি এই সংক্ষিপ্ত সফরের বিষয়ে মত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।
আরও পড়ুন: কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন