ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ভুটানের বিরুদ্ধে জয়ে দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি


ভুটানের বিরুদ্ধে জয়ে দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি

ভুটানের বিরুদ্ধে খেলা বাংলাদেশ দলের জয়ের পর কোচ থমাস ডুলি দলের পারফরম্যান্সে অত্যন্ত সন্তুষ্ট। এই জার্মান বংশোদ্ভূত কোচ বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। পুরো ৯০ মিনিট তো আর গতি ধরে রাখা যায় না। এটা বাস্তবসম্মতও নয়। কেননা প্রতিপক্ষ দল লড়াই করে। তারাও সুযোগ তৈরি করে। আমাদের মনোযোগে কিছু ঘাটতি ও অতিরিক্ত দৌড়ানোর কারণে কিছুটা ক্লান্তিভাবও চলে এসেছিল।’

ডুলির মতে, ভুটান যদি ফাঁকা জায়গা পায়, তাহলে তারা খেলা তৈরি করতে সক্ষম। তাদের খেলা গতি ভালো ছিল এবং বল টাচও ছিল নিখুঁত। তবে বাংলাদেশের চাপ রাখার ফলে তাদের পক্ষে কোনো সমস্যা তৈরি হয়নি। বাংলাদেশ দলের এই পারফরম্যান্সে কোচ ডুলি সন্তুষ্ট।

প্রথমার্ধে বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তাই বিরতির পর কৌশল পরিবর্তন করেন কোচ ডুলি। তিনি বিশ্বনাথ ঘোষকে তুলে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। যাকে নিয়ে কোনো ভাবনা ছিল না, সেই ইব্রাহিমই গোল এনে দিলেন। বদলি হিসেবে নেমে তিনি কয়েক মিনিটের ব্যবধানে গোল করেন। ডুলি বলেন, বিশ্বনাথ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মাঝ মাঠে ইব্রাহিমকে বেছে নেওয়া হয়। তবে গোল না পেলেও বিশ্বনাথের পারফরম্যান্সে কোচ ডুলি খুশি।

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ছবি তোলা, ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সার্কুলার নম্বর ৬০/২০২৬-এর মাধ্যমে এই নির্দেশনা প্রকাশিত হয়।

নতুন নির্দেশনার আওতায়, বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না। নিরাপত্তা তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরার অবস্থান, অভ্যন্তরীণ নথিপত্র এবং বিমানের চলাচল-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ধারণ বা প্রকাশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই নির্দেশনা মূলত বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য। সাধারণ যাত্রীদের ছবি তোলা নিষিদ্ধ করার বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১

বাহির থেকে সাধারণ ওয়েল্ডিং মেশিনের মতো মনে হলেও, যন্ত্রটির আড়ালে বিভিন্ন প্রজাতির বিদেশি বন্যপ্রাণী লুকানো ছিল। সাপ ও কচ্ছপসহ মোট ১১৪টি প্রাণী চীন থেকে বাংলাদেশে কার্টনে করে আনা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) অভিযান পরিচালনা করে এসব প্রাণী জব্দ করে। অভিযানে একজনকে আটক করা হয়েছে, যিনি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধারকৃত এসব বন্যপ্রাণী পাওয়া যায়। জব্দকৃত প্রাণীদের মধ্যে রয়েছে পাঁচটি অ্যালবিনো টেক্সাস র‍্যাট স্নেক, কিং স্নেক, চাইনিজ ফায়ার-বেলিড নিউট, রেড-ইয়ারড স্লাইডার কচ্ছপসহ অন্যান্য প্রজাতির প্রাণী। উদ্ধারকৃত প্রাণীগুলো বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কার্যালয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযানে সহযোগিতা প্রদান করেন কাস্টমস, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিসেকের প্রতিনিধিরা।

বন অধিদপ্তর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্র দেশের বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে অবৈধভাবে বন্যপ্রাণী আনার চেষ্টা করছে। এসব পথে নজরদারি ও অভিযান জোরদার করা গেলে বন্যপ্রাণী পাচার এবং অবৈধ বাণিজ্য বন্ধে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক কালের কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশি বন্যপ্রাণীর অবৈধ চালানটি জব্দ করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে

আন্তর্জাতিক ডেস্ক

মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে

 নওগাঁর সাপাহার উপজেলার নিউমার্কেট এলাকার মোল্লা টেলিকমের কাদের মোল্লা নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ রাত ১০টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজখবর নেওয়াসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। প্রিয়জনের অপেক্ষায় উদ্বিগ্ন সময় পার করছেন পরিবারের সদস্যরা।

এ অবস্থায় কাদের মোল্লার সন্ধান পেতে সাপাহারসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। কোনো ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৭৩২-০৯৭১২৭ — কাদেরের বড় ভাই
০১৭৭৫০৫০৯৫৫ — কাদেরের ভাগ্নে

পরিবারের পক্ষ থেকে সবার প্রতি বিনীত অনুরোধ, একটি মানবিক সহযোগিতা হয়তো একজন নিখোঁজ মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই কাদের মোল্লার সন্ধানে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আপনার একটি তথ্যই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে হাসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইউক্রেনকে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। এই প্রেক্ষাপটে, দেশটির জন্য সামরিক ও আর্থিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে নতুনভাবে কার্যকর যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন। কিয়েভের প্রধান অগ্রাধিকার এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ নিশ্চিত করা।

বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ইউক্রেনের কৌশল নির্ধারণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

স্পেনে অনুষ্ঠিত আইবেরো-আমেরিকান সম্মেলনের ফাঁকে ইউক্রেনের টেলিভিশন চ্যানেল টিএসএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোয় পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। ওয়াশিংটনের সঙ্গে সংলাপের ধরনও নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে ১৬ বিলিয়ন ডলারের সহায়তা দাবি করেছেন। তিনি বলেন, ইউক্রেনের জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তা প্রয়োজন। নতুন সহায়তা প্যাকেজের পাশাপাশি ওয়াশিংটন যে ১৬ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিও আদায় করতে চায় কিয়েভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের বিষয়টি বুঝে দুই দলের সঙ্গেই সম্পর্ক জোরদার করতে হবে। ইউক্রেনকে দ্রুত নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। তার মতে, যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থন ধরে রাখতে পারলে ইউক্রেনের জন্য আরো সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমাদের দ্রুত এগোতে হবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন বুঝে সঠিক উপায়ে সংলাপ গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস, সমর্থন বাড়ানোর সুযোগ আমাদের রয়েছে।’

রাশিয়ার সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি বলে জানিয়েছেন জেলেনস্কি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জেলেনস্কির ভাষায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকট সমাধান করা না গেলে ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এ সমস্যা সমাধানে ইউরোপ, ইউরোপের বাইরের কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘এ মুহূর্তে এটিই আমাদের এক নম্বর অগ্রাধিকার।’ সম্প্রতি ইউক্রেনের জন্য ২১০ কোটি ডলার মূল্যের ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ পেতে ২০৩০-এর দশকের শুরুর দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

গত ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিক্রির অনুমোদনের কথা জানায়। কানাডা, জার্মানি ও নরওয়ের অর্থায়নে যুক্তরাষ্ট্রের একটি কর্মসূচির আওতায় ক্ষেপণাস্ত্রগুলো কেনার পরিকল্পনা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থ ব্যয় হচ্ছে না।

এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব অস্ত্র সরবরাহে বিলম্ব হচ্ছে। জেলেনস্কি সতর্ক করেছিলেন, রুশ হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।

ফলে বিক্রির অনুমোদন পাওয়া গেলেও দ্রুত ক্ষেপণাস্ত্র হাতে না পাওয়ায় কিয়েভের উদ্বেগ কাটছে না। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আগামী পাঁচ থেকে ছয় মাসের জন্য পর্যাপ্তসংখ্যক সচল এফ-১৬ যুদ্ধবিমান নিশ্চিত করার চেষ্টা করছে ইউক্রেন।

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিমান হামলা মোকাবিলা এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় যুদ্ধবিমান সচল রাখার ব্যবস্থা করতে কাজ করছে তার সরকার।

এদিকে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সামনে আরেকটি শীত মৌসুম আসায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলেনস্কি বলেছেন, রুশ হামলার কারণে রাজধানী কিয়েভের পরিস্থিতি সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে। শীতের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা করছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। চলতি সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কিছু অগ্রগতিও হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব আলোচনাকে ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবার শুরু হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক গত কয়েক বছরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা ও জেলেনস্কির কৃতজ্ঞতা প্রকাশ নিয়ে প্রকাশ্য বিতর্ক তৈরি হয়েছিল।

এরপর থেকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। জেলেনস্কির মতে, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দুই দলের সঙ্গেই যোগাযোগ বাড়াতে হবে।

অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইউক্রেনের জন্য নতুন সহায়তার সুযোগ তৈরির আশা প্রকাশ করেছেন। তবে তার মতে, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানো বাস্তবসম্মত নয়। পাশাপাশি ইউরোপেরও আরও কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন।

সব মিলিয়ে রাশিয়ার অব্যাহত হামলা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি, জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি—সবকিছু বিবেচনায় নিয়ে নতুন কৌশল সাজাতে চাইছে কিয়েভ।

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, স্ট্রীট ইনসাইডার ও দ্য ওয়াশিংটন পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%