০৯:১৩ এম
মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর জন্য পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর স্থলাভিষিক্ত করার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। গত ২০০ দিনে রণতরীটি কোনো বন্দরে থামেনি, ফলে দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকার কারণে রণতরীটিতে থাকা নাবিকদের জীবনযাত্রার মান এবং সার্বিক কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। গত বছরের নভেম্বরে প্রথম আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল এবং পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল।
যুদ্ধকালীন সময়ে অপারেশন এপিক ফিউরি-তে এই বিমানবাহী রণতরী এবং এর যুদ্ধবিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরীটি টানা যুক্ত ছিল। তবে দীর্ঘ সময় ধরে টানা সামরিক অভিযান চলায় রণতরীর নাবিকেরা চরম মানসিক ও শারীরিক চাপে রয়েছেন বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এর ফলে রণতরির নাবিকদের জীবনযাত্রার মান ও সেখানকার প্রকৃত অবস্থা সম্পর্কে পেন্টাগনের কাছে ইতোমধ্যে জরুরি তথ্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরীর ভিতরের করুণ চিত্র সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি জানান, রণতরীতে মৌলিক সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাকব্যবস্থায় চরম বিঘ্ন ঘটার অনেক খবর প্রকাশিত হয়েছে। জাহাজে থাকা সেনাসদস্যদের জন্য পরিবার থেকে পাঠানো অনেক প্রয়োজনীয় পার্সেল ও চিঠি পথেই হারিয়ে গেছে, এবং কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস মিলছে না বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এই সংকট নিয়ে দ্রুত নতুন তথ্য চাইবেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সেবা করা সেনাসদস্যরা অন্তত এটুকু নিশ্চিত থাকেন যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায়, মার্কিন প্রশাসন দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করার চিন্তাভাবনা করছে এবং আব্রাহাম লিংকনকে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন