০২:১০ পি.এম
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে নতুন সহিংস বিক্ষোভ ও নাশকতার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে ফ্রান্সের সরকার দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) টানা তৃতীয় সপ্তাহের মতো আন্দোলনকারীরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশ আগেভাগেই কাঠের তক্তা দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও লুটপাট ঠেকানো যায়।
আন্দোলনটি শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং আন্দোলনকারীদের আহত হওয়ার ঘটনায় এর পরিধি আরও বেড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং শান্তিপূর্ণ প্রবাদের অধিকার সুরক্ষার দাবি জানাচ্ছেন।
আরও পড়ুন: ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন হচ্ছে ভালো লক্ষণ
গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করে এবং সেখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ২৪ অক্টোবরের কর্মসূচিতে ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন, যেখানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, হ্যালোইনের মুখোশ পরে দুষ্কৃতকারীরা সহজেই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে কোনো বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। তিনি সতর্ক করেছেন যে, হ্যালোইনের সুযোগ নিয়ে মুখ ঢেকে সহিংসতা চালানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী প্যারিসে ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রাম চলাচলে বিঘ্ন ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ড্রোন, হেলিকপ্টার ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, আগামী ছয় মাসের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে জনমত জরিপে কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন এগিয়ে রয়েছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে চলমান অস্থিরতাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
আরও পড়ুন: ইউনেসকো: সাংবাদিক হত্যার ৮৬% ঘটনার বিচার হয়নি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন