মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৯ পি.এম
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কঠোর উদ্যোগ গ্রহণ করেছে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে, যাতে বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ হয়। উপকূলীয় অঞ্চলে অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের ফলে ইতোমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সংসদের বৈঠকটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও জানান, মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অসাধু জেলেরা কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এই পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়, যা দেশের বিভিন্ন প্রজাতির মাছের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি জানান, মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এছাড়া সারাদেশে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশে ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, পরিবেশের অবক্ষয়ের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রাণী ও পাখি সংরক্ষণে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুরের হনুমানতলায় অবস্থিত রংপুর চিড়িয়াখানায় বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিপন্ন বন্যপ্রাণীর সুরক্ষা, প্রজনন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, দেশীয় বিপন্ন প্রাণী ও পাখির সংরক্ষণ এবং গবেষণায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে গয়াল, মায়া হরিণ, মুন্সীগঞ্জের গরু, রেড চিটাগাং গরু, পাবনা ক্যাটল, পাহাড়ি মুরগি, গোলচিলা দেশি মুরগি, তিতির, আচিল মুরগি এবং গাড়ল ভেড়া।
বাংলাদেশের জন্য আইইউসিএনের (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) লাল তালিকার মূল্যায়ন অনুযায়ী, মূল্যায়ন করা ২৫৩টি দেশীয় স্বাদুপানির মাছের প্রজাতির মধ্যে ৩০টি বিপন্ন (এনডেঞ্জার্ড), ৯টি মহাবিপন্ন (ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড) এবং ২৫টি সংকটাপন্ন (ভালনারেবল) হিসেবে শ্রেণিবদ্ধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের প্রতিটি ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ এবং যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনা জারি করা হয়েছে। আপিলের ক্ষেত্রে প্রয়োজন হলে এসব ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি জেলায় আলাদা মিডিয়া সেল গঠন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত অক্টোবরে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা প্রকাশ করেছে। সম্প্রতি একটি পরিপত্রের মাধ্যমে এসব নির্দেশনা জানানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিওগুলো জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জেএম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় মামলার নম্বর ও তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি অনুলিপি জেলা পর্যায়ের মিডিয়া সেলে পাঠানোর নির্দেশও রয়েছে।
জব্দ করা মালামাল নিরাপদে সংরক্ষণের জন্য প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নির্দিষ্ট স্থানে বা কক্ষে রাখার ব্যবস্থা করতে হবে। জব্দকৃত মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হবে। নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার তৈরি করে জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে ওই রেজিস্টারে স্বাক্ষর করবেন।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন মালামাল দীর্ঘদিন গুদামে রাখা যাবে না। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে এসব মালামাল দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি অথবা সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এর মধ্য থেকে নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে, যাতে আপিলের শুনানিতে প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা যায়।
জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের অধীনস্থ কর্মচারীদের মধ্যে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন। এসব কর্মচারীর দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করবে।
প্রতিটি জেলায় গঠন হবে মিডিয়া সেল
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রতিটি জেলায় একটি করে মিডিয়া সেল গঠন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা একজন ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা তথ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে এই সেল তৈরি করা হবে।
মিডিয়া সেল ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করবে। পরে এসব ছবি ও ভিডিও সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নথিভুক্ত করা, জব্দ করা মালামালের সঠিক ব্যবস্থাপনা, আপিলের ক্ষেত্রে আইনি সহায়তা এবং কার্যক্রমের প্রচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় তিনি সরকারি দায়িত্ব পালন করছেন নিজের বাংলোয় বসেই। সেবা প্রত্যাশীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য তাদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসক তাকে ২৮ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার ডান পায়ে ব্যান্ডেজ রয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে ১৯ অক্টোবর থেকে বাংলোয় অবস্থান করেই দাপ্তরিক কাজ করছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে বসেই তিনি ফাইলপত্রে স্বাক্ষর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এমনকি মাঝে মধ্যে পায়ে ব্যান্ডেজ নিয়েই উপজেলা পরিষদের আশপাশে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোয় দেখা যায়, সেবা প্রত্যাশীদের বেশ ভিড়। আগত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন।
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় প্রতিদিনই ইউএনওর কাছে যেতে হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি তার অদম্য মানসিকতার পরিচয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কে এম ইশমাম মতলব পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা প্রয়োজনে তার কাছে আসেন। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন-রাত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি এটি আমার নৈতিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের পূর্বে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও, কারাগারের কঠিন পরিবেশে তিনি বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেছেন এই তরুণী।
ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জানাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের আগে জানার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে থাকার সময় বাকি অংশ মুখস্থ করে তিনি হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করেন তিনি।
কারাগারে নিজের কোরআনচর্চার পাশাপাশি অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন জানা। বন্দিত্বের মধ্যেও সহবন্দিদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছেন তিনি।
জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতি তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি। ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখেন এই তরুণী।
তবে ড্যামন কারাগারে বন্দিজীবন তার জন্য সহজ নয়। বন্দিবিষয়ক সংগঠনটির তথ্য অনুযায়ী, সেখানে ফিলিস্তিনি নারী বন্দিদের খাবারের সংকট, কঠোর পরিবেশ ও নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। গ্রেপ্তার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় জানাও অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া পরিবারের স্বজনদের মৃত্যুর খবরও তাকে বিলম্বে জানতে হয়েছে। বন্দিদের সঙ্গে পরিবারের স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।
প্রতিকূল পরিবেশ ও বন্দিত্বের মধ্যেও কোরআন মুখস্থ সম্পন্ন করার পাশাপাশি অন্য বন্দিদের ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন জানা। তার এই অর্জন ফিলিস্তিনি নারী বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, যিনি কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন খরচ কমানোর জন্য এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এসব বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, "কৃষকদের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ