১০:১৭ পি.এম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরবেলা ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না।
আমরা সবাই ১০০ টাকার খাবার খাই দুপুরবেলা।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। পাঁচ বছরে তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, পরিবেশব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান। দেশে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে।’
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
আজ সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘আমি বলব না ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি যদি আরো কিছু সময় পান, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন।’
ইতিবাচক পরিবর্তনের আশা ব্যক্ত করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী দুপুরবেলা ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সবাই ১০০ টাকার খাবার খাই দুপুরবেলা। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। শুনেছেন? শোনেননি। আমরা মন্ত্রীরা প্রত্যেক দিন পৌনে ৯টায় অফিসে যাই। আমার দপ্তরে কোনো দিন সাড়ে ৮টা বা পৌনে ৯টায় গেলেও দেখবেন আমি হাজির। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রাইমারি শিক্ষাব্যবস্থায় স্বাধীনতার পরে যে ধস নেমেছে, সেই ধস থেকে আপনারা এই শিক্ষাব্যবস্থাকে বের করে নিয়ে আসুন। আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা।’
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ আরো অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন