০৬:৩৫ এম
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বরিশালে প্রথম সফর স্মরণীয় করে রাখতে দলীয় নির্দেশনা অনুসরণ করে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কোনো তোরণ তৈরি করা হয়নি। টানানো হয়নি ব্যানার-ফেস্টুনও। তবে সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ‘মানবপ্রাচীর’ গঠন করা হবে।
সেখানে নেতাকর্মীরা সরকারপ্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন। যাতে জনসাধারণ ও যানবাহন চলাচলে কোনো ধরণের সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে সড়ক পথে বরিশাল যাবেন। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন তিনি।
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশালের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার অভাব নেই। গত দুদিন ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আনন্দ মিছিল করছেন নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, প্রধানমন্ত্রী বরিশালের সমস্যা ও সম্ভাবনার কথা জানেন। তারপরেও এলাকার পক্ষ থেকে কিছু জনসম্পৃক্ত দাবি-দাওয়াও উপস্থাপন করা হবে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। তিনি সকাল ১০টায় গৌরনদী উপজেলায় নতুন করে খননকরা সরিকল-বাটাজোর খাল পাড়ে দুই হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর গৌরনদীতে ‘ফ্যামিলি কার্ডের’ উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
সেখান থেকে বরিশাল নগরীতে গিয়ে ত্রিশ গোডাউন বধ্যভূমি খালের পাড়ে দেশীয় প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে তিনি বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন।
দুপুরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে বিশ্রাম নিবেন। বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালের সমস্যাগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী সবকিছু জানেন। বিভাগের ২১টি আসনের মধ্যে ১৯টি বিএনপি পেয়েছে। মানুষ তাকে ভালোবেসে। আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী এর প্রতিদান দেবেন। সবকিছু একসাথে দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন তিনি।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীর সফর যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য আমাদের সর্বাধিক প্রস্তুতি রয়েছে। প্রশাসন ও সাংগঠনিকভাবে দফায় দফায় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বরিশালের উন্নয়ন নিয়ে কাজ করবেন। তবুও আমাদের কিছু চাওয়া-পাওয়া তার কাছে থাকবে। জনসম্পৃক্ত বিভিন্ন দাবি তার কাছে তুলে ধরা হবে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা স্থাপন হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন