ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন খন্দকার দিদারুল আলম


ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন খন্দকার দিদারুল আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। তিনি পদত্যাগের ঘোষণা দেন কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টা পর।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর এবং সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের কমিটিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান।

তিনি উল্লেখ করেন, কমিটি গঠনের পূর্বে তার সাথে কোন প্রকার যোগাযোগ না করায় তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরও পড়ুন: শুভেন্দুর কটাক্ষ, এই বয়সে বিশ্রাম নেওয়াই ভালো মমতাকে

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

হাত ধোয়ার নায়ক হোন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার কাজী হারুন আর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়ার সঠিক কৌশল ও প্রয়োজনীয় সময় সম্পর্কে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) শিক্ষা দেন। তারা সাবান দিয়ে কিভাবে ধাপে ধাপে হাত পরিষ্কার করতে হয় এবং কতক্ষণ সময় ধরে (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধুতে হয়, তা শিক্ষার্থীদের সরাসরি দেখিয়ে দেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
"শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। কেবল খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পরেই নয়, যেকোনো জীবাণুমুক্ত থাকার জন্য সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি। আজ আমরা শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি হাত ধোয়ার কৌশল শিখিয়ে দিয়েছি, যাতে তারা নিজেরা এটি মেনে চলে এবং ঘরে গিয়ে তাদের পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। প্রতিটি শিশুই যেন স্বাস্থ্য সুরক্ষায় এক একজন 'হাত ধোয়ার নায়ক' হয়ে উঠতে পারে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ

পাহাড়ের গায়ে মেঘের ভেলা, সবুজের সমারোহ আর প্রকৃতির অপার সৌন্দর্য—এসব নিয়েই সাজেক ভ্যালীর পরিচিতি। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে এখন জমছে অনিশ্চয়তার মেঘ। টানা সাত দিন ধরে সড়ক অবরোধ ও যোগাযোগব্যবস্থায় অচলাবস্থার প্রভাবে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এই পর্যটন জনপদে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা, মুদি দোকানদার, পর্যটন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।

সাজেকের সঙ্গে যোগাযোগের বিকল্প পথ না থাকায় সড়ক অবরোধের প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় মানুষের জীবনযাত্রায়। দোকানে মজুত থাকা চাল, ডাল, তেল, শাকসবজিসহ প্রয়োজনীয় পণ্য ফুরিয়ে আসছে। নতুন করে পণ্য সরবরাহের ব্যবস্থা না হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ কঠিন হয়ে উঠছে। দীর্ঘস্থায়ী অচলাবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয় মুদি দোকানদাররা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে অবরোধ চলায় দোকানে আগে থেকে মজুত রাখা চাল, ডাল, তেল, শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য শেষ হয়ে আসছে। নতুন করে সরবরাহ না থাকায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দেওয়া কঠিন হয়ে পড়েছে। এভাবে অচলাবস্থা দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

বিশেষ করে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল মানুষ এবং পর্যটন খাতে কর্মরত ব্যক্তিরা একদিকে আয় কমে যাওয়া, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট—দুই ধরনের চাপের মুখে পড়ছেন।


সাজেকের অর্থনীতির বড় একটি অংশ পর্যটননির্ভর। রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসেবা ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।

সাজেকের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা বলেন, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত অনেক মানুষের জীবিকা বর্তমানে অনিশ্চয়তার মুখে। পর্যটকদের চলাচল ব্যাহত হওয়ায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসেবা ও ক্ষুদ্র ব্যবসার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। আয়-রোজগার কমে যাওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোও কঠিন হয়ে উঠতে পারে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে খাদ্য সরবরাহের সংকটের পাশাপাশি পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।


সৃষ্ট পরিস্থিতি নিরসনে প্রশাসনিক পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় হেডম্যান-কারবারিদের সাথে এবং ২৬ অক্টোবর বাঘাইছড়ি উপজেলা পরিষদে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান,খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাৎ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদিকে আন্দোলনকারী ও সাজেকবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বাবুধন চাকমা, নতুন জয় চাকমা, উষাতন চাকমা, জিকো চাকমা ও সাধনা দেবী চাকমা।

বৈঠকে আন্দোলনকারীদের পাঁচটি দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হলেও একটি দাবি নিয়ে মতানৈক্য থেকে যায়। ফলে অবরোধ প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা হলেও মাঠপর্যায়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি বলে স্থানীয়দের বক্তব্য।

 

স্থানীয়দের ভাষ্য, অবরোধের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁদের মতে, অধিকার আদায়ের দাবি থাকতেই পারে; কিন্তু সেই দাবি ঘিরে এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যেখানে সাধারণ মানুষ খাদ্যসংকটে পড়ে, কর্মজীবী মানুষের আয় বন্ধ হয়ে যায় কিংবা শিশুদের খাবার জোগাড় করা কঠিন হয়ে ওঠে।

এক স্থানীয় বাসিন্দা উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা পাহাড়ে শান্তি চাই, পাহাড়ে বাঁচতে চাই। আমাদের সন্তানরা যেন খাবারের অভাবে কষ্ট না পায়। আমরা চাই, আলোচনার মাধ্যমে সুন্দর একটি সমাধান হোক।”

স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা, জীবন-জীবিকা ও নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে সাজেকের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।


অবরোধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়; বরং দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেই সবচেয়ে বেশি পড়ে। দাবি আদায়ের প্রক্রিয়ায় যখন খাদ্য সরবরাহ ব্যাহত হয়, মানুষের আয় বন্ধ হয়ে যায় এবং একটি জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সেই পরিস্থিতি কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।

সাজেকের বর্তমান পরিস্থিতি তাই শুধু যোগাযোগের সংকট নয়, এটি মানুষের খাদ্যনিরাপত্তা, জীবিকা ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার প্রশ্নও। বিরোধের সমাধান আলোচনার টেবিলে হওয়াই কাম্য—যাতে কোনো পক্ষের দাবি উপেক্ষিত না হয়, আবার সাধারণ মানুষকেও সংকটের বোঝা বইতে না হয়।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা এবং চলমান অচলাবস্থার শান্তিপূর্ণ অবসান ঘটানো হোক। পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি সাজেকের মানুষের জীবনেও ফিরুক স্বস্তি, নিরাপত্তা ও স্বাভাবিক ছন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না থাকা সত্ত্বেও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩৩ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে অভিযোগটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে যে, রহমান জানতেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তবুও, তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট প্রদান করেন। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কংগ্রেসের সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও হেইস এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার বাল্টিমোর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিমি পল মামলাটির তথ্য প্রকাশ করেন। তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার ওয়াশিংটন কার্যালয় সহযোগিতা করেছে।

অভিযোগ প্রমাণিত হলে রহমানের সর্বোচ্চ এক বছর কারাদণ্ড হতে পারে। তবে, অভিযোগ আনা মানেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে। সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনা করবে।

সূত্র: মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


চুয়েটের শিক্ষা কার্যক্রম ৩৬ দিন পর আংশিক শুরু, আন্দোলন অব্যাহত

৩৬ দিন ধরে স্থবির থাকার পর অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফিরে এসেছে। বুধবার সকাল ৯টায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়। ক্লাস কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলেছে। তবে, ১২টি বিভাগের মধ্যে একটি বিভাগের ক্লাস ছাড়া অন্য কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী জানিয়েছেন, ‘আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমাদের। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।’

উক্ত বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, ‘আমাদের সকাল নয়টায় ক্লাস হয়েছে। ২১ ব্যাচ, ২২ ব্যাচ, আর হচ্ছে আমাদের ২৩ ব্যাচ। কিন্তু আমাদের অল্প কিছু স্টুডেন্ট এসেছে। তা সব ব্যাচেরই ক্লাস হচ্ছে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম। আর বেশি অ্যাটেন্ড করেছে ২১ ব্যাচ, ২২ ব্যাচ। ক্লাস সবগুলো ব্যাচেরই মোটামুটি হয়েছে। আর বেশিরভাগ স্টুডেন্ট এখনো আসবে ওই যে হয়তোবা কালকের দিকে আসতে পারে বেশি।’

তবে শ্রেণিকক্ষে ফিরে আসার পরও ভিসিকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধিদল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলটির।

গত ২১ সেপ্টেম্বর নতুন ভিসি নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%