শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১২:২৫ এম
জনকপুর বোল্টস নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম জয়ের স্বাদ গ্রহণ করেছে। কাঠমান্ডু গোরখাসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা, যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাইফ হাসানের অসাধারণ নৈপুণ্য ছিল প্রধান ভূমিকা।
ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কাঠমান্ডু গোরখাস জনকপুরের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। ভীম শারকি দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া রশিদ খান ১৭, স্মিট প্যাটেল ১৩ এবং সুমিত মহারাজন ১০ রান সংগ্রহ করেন। কাঠমান্ডুর অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
জনকপুরের বোলারদের মধ্যে রাহুল যাদব ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। তবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাইফ হাসানের স্পেল ছিল সবচেয়ে কার্যকর। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইনিংসের শুরুতে একটি ছক্কা হজম করলেও পরবর্তী ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে কাঠমান্ডুর রান সংগ্রহে লাগাম টানেন তিনি।
জনকপুরের জন্য ১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপদে পড়ে। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার রাজ দাস (৫) ও মায়ান যাদব (৯) বিদায় নেন।
তবে প্রাথমিক চাপ সামলে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান সাইফ হাসান এবং অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ৭৯ রানের দায়িত্বশীল জুটি গড়েন। সাইফ ৩৯ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন, অপর প্রান্তে মঈন আলি দুর্দান্ত ব্যাটিং করে ৫৮ রানে অপরাজিত থেকে ফিফটি পূর্ণ করেন।
জনকপুর বোল্টস ১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। সাইফ হাসান ম্যাচজয়ী অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলের প্রথম জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন (উইক) এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঘোষণা প্রদান করা হয়।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এই ফোরামের আয়োজন করেছে। বাংলাদেশ দূতাবাস জাপানে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে।
২০২৬ সালের জুনে উইক ও গ্রামীণ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন।
পর্ষদ গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগটি এখন পূর্ণাঙ্গ সেবা উন্নয়ন এবং স্থানীয় কার্যক্রম প্রতিষ্ঠায় কাজ করছে। ২০২৭ সালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‘গ্রামীণ-উইক’ একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি করপোরেট বিজ্ঞাপন কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে যুক্ত করবে।
বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবা খাতে বড় বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। বিস্তৃত অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে যৌথ উদ্যোগটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের ঢাকা-রিয়াদ রুটে বৃহস্পতিবারও ফ্লাইটের কার্যক্রম শুরু হয়নি। সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেটি বাতিল করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইট বন্ধ রয়েছে।
গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট যাত্রীসংখ্যা ২২,৬৩৬।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে ওই দম্পতির মধ্যে যৌতুকের টাকা নিয়ে তীব্র বাক্বিতণ্ডা ঘটে। পরে পুলিশ স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের কন্যা। প্রায় তিন বছর আগে নামার চর এলাকার আলমগীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী লুজাই নামে একটি সন্তান রয়েছে।
নিহতের বাবা নুর ইসলামের অভিযোগ, বিয়ের সময় জামাইকে ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। চলতি মৌসুমে ধান বিক্রি করে ওই টাকা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এর আগেই আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিলুফাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্বিতণ্ডা হয়। এরপরই নিলুফাকে পিটিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, নিলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যক্ত রকেট লঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি শেল পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে 'East Pakistan Police Tangail' লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জমির মালিক কৃষক আশ্রব আলী জানান, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় তারা মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ