০৫:৩৩ পি.এম
দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
শুক্রবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) নবনির্বাচিত পরিষদ (২০২৬-২০২৮ মেয়াদ)-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘দেশের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।’
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী
তিনি বলেন, ‘অনেক সময় ঢালাওভাবে সব ব্যবসায়ীর সমালোচনা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। দেশের অনেক ব্যবসায়ী নিয়ম-কানুন মেনে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ।’
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ সৃষ্টি মূলত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে হয়ে থাকে। সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব হলেও দারিদ্র্য ভাগ করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন, আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা তিতুমীরের
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন